রঙে রঙে রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমজ থেকে যমজ

২৬ মাইল ৩৮৫ গজ দৌড়ানো কি চাট্টিখানি কথা? সেখানে এক পরিবারের তিনজনই কিনা সেধে নেমে গেলেন এই দুরূহ দৌড়ে! পরশু রিওর ম্যারাথনেই দেখা গেল সেই অভিনব দৃশ্য। লিলা, লিলি ও লিনা লুইক—তিন বোনই নেমে গিয়েছিলেন ম্যারাথনে দৌড়াতে। অলিম্পিক ইতিহাসে কোনো ইভেন্টে তিন বোনের একসঙ্গে নামার ঘটনা এই প্রথম। ত্রিমজ হিসেবে শুরু করলেও এস্তোনিয়ার ৩০ বছর বয়সীরা দৌড় শেষ করেছেন যমজ হিসেবে। প্রচণ্ড গরমে মাঝপথেই থেমে যান লিনা। দৌড়ের নিয়ম ভঙ্গ হবে বলে অন্য দুজন বোনকে সাহায্যও করতে পারেননি, নিজেরা দৌড় শেষ করেছেন। তিনজনেই দৌড় শেষ করতে না পারায় একটু মন খারাপ লিলির, ‘আমি ভেবেছি সে আসছে এবং আমরা একসঙ্গে শেষ করব, কিন্তু দৌড়টা অনেক কঠিন ছিল।’ এএফপি।

ছোট মেয়ের বড় স্বপ্ন

কাল রাতেই হয়তো স্বপ্ন পূরণ হয়ে গেছে ফ্লাভিয়া সারাভিয়ার। তবে এর আগেই ব্রাজিলিয়ানদের মন জিতে নিয়েছেন এই জিমন্যাস্ট। পুতুলের মতো দেখতে সারাভিয়াই রিও অলিম্পিকের সবচেয়ে খর্বাকৃতির প্রতিযোগী। ৪ ফুট ৪ ইঞ্চির সারাভিয়া ও ৬ ফুট ১১ ইঞ্চি উচ্চতার বাস্কেটবল খেলোয়াড় নেনে হিলারিওর যুগল ছবি তো এরই মধ্যে বিখ্যাত হয়ে গেছে। আর রুটিনের ওপর বিশালকায় কোচ আলেজান্দ্রো কারভালহোর কোলে করে তাঁর নেমে আসার দৃশ্যও সবাইকে মুগ্ধ করেছে। তবে আকারে পুঁচকে হলে কী হবে? তাঁর দিকে চেয়ে পুরো ব্রাজিল। মেয়েদের জিমন্যাস্টি​কসে এই সাভারিয়ার কাছেই সোনার আশা করছে ব্রাজিল। এএফপি।

.
.

বিয়ের প্রস্তাব

৩ মিটার স্প্রিং বোর্ডে রুপা জিতেছেন খানিক আগে। বিজয়মঞ্চে রুপার পদক নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই চমকে উঠতে হলো চীনের হে জিকে। সামনে দাঁড়িয়ে প্রেমিক কিন কাই—চীনের ডাইভিং দলের আরেক সদস্য। ছেলেদের ৩ মিটার সিনক্রোনাইজে ব্রোঞ্জ জেতা কাই সবার সামনেই বিয়ের প্রস্তাব দিলেন জিকে। ছয় বছরের প্রণয়কে পরিণতি দিতে চাচ্ছেন তিনি। জি তো প্রথমে বিস্ময়ের ঘোরই কাটিয়ে উঠতে পারেননি, তারপর অবশ্য খুশিমনেই রাজি হয়ে যান ‘মিসেস কাই’ হওয়ার জন্য, ‘ছয় বছরের সম্পর্ক আমাদের। কিন্তু আমি বুঝিনি সে আমাকে আজ বিয়ের প্রস্তাব দেবে।’ অবাক হওয়াটাই স্বাভাবিক, বিজয়মঞ্চে ওঠার সময় ছিলেন প্রেমিকা, নামতে নামতেই বাগদত্তা! সিএনএন।