রচি-কেয়ার উজ্জ্বল দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৭ বিভাগের দ্রুততম মানব আশরাফুজ্জামান রচি l প্রথম আলো
অনূর্ধ্ব-১৭ বিভাগের দ্রুততম মানব আশরাফুজ্জামান রচি l প্রথম আলো

বাবা আবদুর দাইয়ান অ্যাথলেট ছিলেন। আন্তস্কুলে ১০০ মিটার স্প্রিন্টে একবার সোনা জিতেছিলেন। সেই প্রথম এবং শেষ। আর্থিক অনটনের কারণে পড়াশোনাটা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে বাগেরহাটের খানজাহান আলীর মাজারের পাশে মুদি দোকানি।
দারিদ্র্য বাবার স্বপ্ন কেড়ে নিলেও ছেলে আশরাফুজ্জামান রচির ভেতরই যেন ফিরে পেয়েছেন নিজের দুরন্ত শৈশব। ছেলেও বাবার মান রেখে চলেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শুরু হওয়া জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের অনূর্ধ্ব-১৭ বিভাগে হয়েছেন দ্রুততম মানব। তাঁর টাইমিং ১০.৯০ সেকেন্ড।
গত বছরই জুনিয়রে প্রথম খেলেন রচি, ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে সোনা জেতেন। সোনা জিতেছিলেন ২০০ মিটারেও। এবার এরই মধ্যে ১০০ মিটারে সোনা জেতা হয়ে গেছে। ১০০ মিটার রিলেতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। আজ ২০০ মিটারেও সোনা জেতার আশা তাঁর।
গত ১৪ মে কাতারে প্রথম যুব এশিয়ান গেমসে গিয়েছিলেন। সেখানে হাঁটুর ব্যথা নিয়েই দৌড়ে করেছিলেন নিজের ক্যারিয়ার-সেরা টাইমিং (১১.২৬ সেকেন্ড)। এখনো পুরো শক্তি দিয়ে দৌড়াতে পারছেন না। তারপরও এই টাইমিংয়ে দারুণ খুশি রচি, ‘ডাক্তার আমাকে দৌড়াতে নিষেধ করেছিলেন। তবু দৌড়েছি। মিট শেষে এমআরআই করাব।’ নিজে স্প্রিন্টার হলেও দূরপাল্লার দৌড়বিদ ব্রিটিশ মো ফারাহ তাঁর প্রিয়। বিকেএসপির কোচ আবদুল্লাহ হেল কাফির অনুপ্রেরণা আর কঠোর অনুশীলনে এত দূর এসেছেন। পারফরম্যান্সে মুগ্ধ করে বিকেএসপিতে নিজের বেতন মওকুফ করিয়ে নিয়েছেন।
কাল আলো ছড়িয়েছেন বিকেএসপির আরেক অ্যাথলেট আয়শা সিদ্দিকা কেয়া। মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। একই সঙ্গে ১০০ মিটার রিলেতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন লালমনিরহাটের মেয়ে। দুই বছর আগে ১০০, ২০০ ও ১০০ মিটারে সোনা জিতেছিলেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গতবার ট্র্যাকেই নামতে পারেননি। এবার ফিরেই দুটি সোনা জয়ের পর উচ্ছ্বসিত বিকেএসপির তরুণী, ‘মাত্র ২০ দিনের অনুশীলনে এই ফল। খুবই ভালো লাগছে।’
রচি-কেয়ার পাশে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্রাকে উজ্জ্বল ছিলেন কাল কিশোরগঞ্জের কিশোর উজ্জ্বল সূত্রধর। এবার ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের অনুরোধে খেলেছেন নারায়ণগঞ্জের হয়ে। লংজাম্পে ৭.০৯ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েছেন। ২০১৩ সালে সোনা জিতলেও গতবার সেটা হাত ফসকে যায়। রুপা জেতার পর এবার তাই কঠোর অনুশীলন করে ফিরে পেয়েছেন সোনা। কিশোরগঞ্জের কাঠমিস্ত্রি কৃষ্ণচন্দ্র সূত্রধরের ছেলে স্বপ্ন দেখেন এসএ গেমসে লংজাম্পে সোনা জিতবেন।
প্রচণ্ড গরমে কাল ৩৩ ইভেন্টের মধ্যে হয়েছে ১৬টি। আজ শেষ হবে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস।