রাগবিতে ফিজির ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনকে হারিয়ে রাগবি সেভেনসের সোনা জিতেছে ফিজি। গলায় পদক পরার পরও ফিজির খেলোয়াড়দের উদ্‌যাপন শেষ হলো না। ফিজির ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা বলে কথা! l রয়টার্স
ব্রিটেনকে হারিয়ে রাগবি সেভেনসের সোনা জিতেছে ফিজি। গলায় পদক পরার পরও ফিজির খেলোয়াড়দের উদ্‌যাপন শেষ হলো না। ফিজির ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা বলে কথা! l রয়টার্স

হঠাৎ রাস্তায় বেরোলে মনে হতে পারত, সুভার সব মানুষের মাথা খারাপ হয়ে গেছে! ফিজির রাজধানীতে পিলপিল করে বেরিয়ে আসছে মানুষ, হেঁড়ে গলায় গান গাইছে, একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে, রাস্তায় অনর্গল বাজছে গাড়ির ভেঁপু। কিন্তু সবাই এমন আনন্দে আত্মহারা কেন? প্রশান্ত মহাসাগরের কোলে খুদে এই দ্বীপদেশটির প্রথম অলিম্পিক পদক, তাও আবার সোনা—সবাই একটু বেসামাল হতেই পারে।

একক কোনো খেলায় নয়, ফিজির ইতিহাসটা হয়েছে রাগবি সেভেন্সে। ৯২ বছর পর রাগবি ফিরেছে অলিম্পিকে। ১৫ জনের সংস্করণটা বদলে খেলাটা হয়ে গেছে সাতজনের। ফাইনালে উঠেই ফিজি নিশ্চিত করে ফেলেছিল, অলিম্পিকে প্রথম পদকটা আসছে। সেটি যে সোনা হতে যাচ্ছে, সেটাও নিশ্চিত হয়ে গেছে বিরতির আগেই, ব্রিটেনের সঙ্গে তখনই ২৯-০ পয়েন্টে এগিয়ে ফিজি। শেষ পর্যন্ত জয়টা এসেছে ৪৩-৭ ব্যবধানে।

মাত্র ১৮ হাজার বর্গকিলোমিটারের একটা দেশ। জনসংখ্যা টেনেটুনে ৯ লাখ। অলিম্পিকে এত দিন দীনহীনের মতো অংশ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সোনাটি তাই ফিজির জন্য বড় একটা উদ্‌যাপনের উপলক্ষ হয়ে এসেছে। আলোকচিত্রী ফিরোজ খলিলের কথায় পুরো দেশের চিত্রটা কিছুটা পাওয়া যায়, ‘ফিজির ইতিহাসে এ রকম দিন আর আসেনি। সবার এখন উদ্‌যাপনের সময়। মানুষজন কাঁদছে, চিৎকার করছে, অবিশ্বাস্য!’

দেশটির প্রধানমন্ত্রী ভোরেক বাইনিরামা রিওর গ্যালারি থেকেই ইতিহাসের সাক্ষী হয়েছেন। মুহূর্তটি তাঁকে এতটাই ছুঁয়ে গেছে, ঘোষণা দিয়েছেন জাতীয় দল দেশে ফেরার পরদিন (২২ আগস্ট) সরকারি ছুটি থাকবে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে এ নিয়ে দ্বিতীয় কোনো দেশ অলিম্পিকে পদক পেল। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে টোঙ্গার বক্সার পায়া উল্‌ফগ্রাম রুপা জিতেছিলেন, সুপার হেভিওয়েটের ফাইনালে হেরে গিয়েছিলেন ইউক্রেনের ভ্লাদিমির ক্লিচকোর কাছে। ফিজির হাত ধরে ২০ বছরের খরাটা ঘুচল। এএফপি।