রাজা ডাকের যোগ্য নন জাপানি ‘রাজা’

কোহেই উচিমুরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে আদর করে সবাই তাঁকে ডাকে ‘কোহেই রাজা’। দুবারের অলিম্পিক অল অ্যারাউন্ডে সোনাজয়ী জিমন্যাস্ট কোহেই উচিমুরাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন জাপানিরা—নিজ ঘরের অলিম্পিকেও সোনা জিতে উচিমুরা আবারও গর্বে ভরিয়ে দেবেন সবাইকে। ৩২ বছর বয়সী জিমন্যাস্ট নিজেও ভেবে রেখেছিলেন, এবারের অলিম্পিকের পরই অবসর নেবেন। কিন্তু কে জানত দুঃস্বপ্নের মতো কাটবে উচিমুরার টোকিও অলিম্পিক?

টোকিওতে আজ অলিম্পিকের জিমন্যাস্টিকসের হরাইজন্টাল বারে পারফরম্যান্সের সময় হাত ফসকে নিচে পড়ে যান উচিমুরা। শেষ পর্যন্ত প্যারালাল বারের প্রতিযোগিতা শেষ করতে পারেননি। এ কারণে নিজের ডাকনামটা অর্থহীন ঠেকছে উচিমুরার।

কোহেই উচিমুরা
ছবি: রয়টার্স

উচিমুরাকে সর্বকালের অন্যতম সেরা জিমন্যাস্ট বলা হয়। ৪৪ বছরের মধ্যে প্রথম জাপানি জিমন্যাস্ট হিসেবে টানা দুবার অলিম্পিক সোনা জেতেন ২০১২ ও ২০১৬ সালে। কিন্তু টানা তিন অলিম্পিকে সোনা জেতা হলো না উচিমুরার। বয়স যেন পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভুগিয়েছে কাঁধের চোটও।

ভাগ্যে তিনি কখনোই বিশ্বাস করতেন না। সাফল্যের জন্য অনুশীলনকে মূল মন্ত্র মেনেছেন। নিখুঁত অনুশীলন তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। সেই যে তিন বছর বয়সে অনুশীলন শুরু করেছিলেন জিমন্যাস্টিকসের, সেটা এখনো চলছে। জিমন্যাস্টিকসও তাঁকে দুহাত ভরে দিয়েছে।

কোহেই উচিমুরা
ছবি: রয়টার্স

২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিকে অল অ্যারাউন্ডে তো সোনা জিতেছেনই, রিও অলিম্পিকে টিমেও জেতেন সোনা। ১০ বার সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। শেষটা হয়তো সোনায় রাঙিয়েই অবসরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর হলো না।

এবারের অলিম্পিক দলে ঢুকতেও অবশ্য বেশ লড়াই করতে হয়েছে উচিমুরাকে। সতীর্থ দশ বছরের ছোট জিমন্যাস্টের সঙ্গে জেতেন টাইব্রেকারে। ফর্মটা তেমন নেই। আবার চোটও ভোগাচ্ছে। গত বুধবার অনুশীলনেও একবার ফ্লোরে পড়ে গিয়েছিলেন উচিমুরা। যদিও জাপানি সংবাদমাধ্যম দাবি করেছে, ‘উচিমুরা ফিট আছেন।’

ফ্লোরে পড়ে গিয়েছেন উচিমুরা
ছবি: রয়টার্স

তাঁকে ঘিরে সংশয়ের কারণেই কিনা, অলিম্পিকের দলে সুযোগ পেয়ে একটু অবিশ্বাসই হচ্ছিল উচিমুরার। কিন্তু এরপর নিজের এমন পারফরম্যান্স! মানতে পারছেন না উচিমুরা নিজেই, ‘আসলে যেমনটা আশা করেছিলাম, আমার পারফর‍ম্যান্স তেমনটা হয়নি। সত্যি এটা মানতে পারছি না। যখন আমি অনুশীলন শেষ করলাম, মনে হয়েছিল হয়তো অলিম্পিকেই যেতে পারব না। যখন দেখলাম দলে ঢুকতে পেরেছি, অনেক আনন্দিত হয়েছিলাম। মনে হচ্ছিল, সত্যি কি আমরা পেরেছি?’

এমন পারফরম্যান্সের পর সমর্থকদের কাছ থেকে পাওয়া আদুরে ডাকটাই এখন উচিমুরার কাছে অর্থহীন, ‘আমার আজকের পারফরম্যান্সের পর মনে হয় না রাজা ডাকের যোগ্য আমি। অলিম্পিকের আগে সত্যি আমার অনুশীলনের দরকার ছিল।’