রাফায়েলার পুনর্জন্ম
রিও এখন অলিম্পিকের শহর। রঙিন নিশুতির শহর, চোখ-ধাঁধানো শহর। আর প্রদীপের নিচে অন্ধকারের মতো এই রিওতেই আছে ‘এক টুকরো নরক’ ফাভেলা। সিটি অব গড চলচ্চিত্রে দেখা গেছে এই ফাভেলার বীভৎস রূপ। যেখানে গলিতে চলে প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি, দিনের আলোয় মাদকের বিকিকিনি, খুন সেখানে নৈমিত্তিক। এই ফাভেলা থেকেই উঠে এসেছেন রাফায়েলা সিলভা। জীবনের অন্য রূপটা এত কাছ থেকে দেখে এসেছেন বলেই কি এভাবে আনন্দে ভেসে গেলেন? নইলে পরশু মেয়েদের জুডোতে সোনা জয়ের পর রাফায়েলা অমনভাবে কান্নায় ভেঙে পড়বেন কেন?
নিজেদের উঠোনে হচ্ছে অলিম্পিক, আর তাতে এটিই ব্রাজিলের প্রথম সোনা। উদ্যাপন তো বাঁধভাঙা হবেই। তার চেয়েও বড় কথা, রাফায়েলার কাছ থেকে এতটা আশা করা হয়নি। কয়েক বছর আগেও যিনি জুডোকে প্রায় বিদায় বলেই দিয়েছিলেন, তাঁর জন্য এই সোনার মাহাত্ম্য অনেক বেশি কিছু হওয়ারই কথা।
চার বছর আগে লন্ডনে সেই বিভীষিকা আরও অনেক দিনই তাড়িয়ে বেড়াবে রাফায়েলাকে। মেয়েদের ৫৭ কেজিতে প্রতিপক্ষকে নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে ফেলে দিয়ে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। ব্যস, দর্শকসারি থেকে তুমুল বর্ণবাদী কোরাস। রাফায়েলার মনে পড়ে যাচ্ছে সেই দিন, ‘মানুষ আমাকে বানর বলে ডাকছিল। আমার জায়গা নাকি খাঁচায়।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়ে গিয়েছিল বিদ্রূপ। হতাশ রাফায়েলা ঠিক করে ফেলেন, আর জুডো নয়, ‘আমি ভেবেছিলাম জুডো ছেড়ে দেব, একজন মনোবিদের পরামর্শও নেওয়া শুরু করেছিলাম। তাঁর জন্যই আমি জুডো ছাড়তে পারিনি। আমার কোচও আমাকে প্রতিদিনই প্রেরণা দিয়ে গেছেন।’
জুডোতে ফিরলেও ঠিক সুবিধা করতে পারছিলেন না। গত দুই বছর অনেকটাই নিষ্প্রভ, রিওতে এসেছিলেন বিশ্বের ১১ নম্বর খেলোয়াড় হিসেবে। শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর খেলোয়াড় মঙ্গোলিয়ার সুমিয়া দরসজুরেনকে হারিয়েই গলায় তুলেছেন সোনার পদক। ঘরের দর্শকদের কথা আলাদা করেই বললেন, ‘মানুষ বলেছিল, আমি ফুরিয়ে গেছি। কিন্তু আমি ফিরেছি, অনুশীলনে নিজের সবটুকু দিয়েছি। সেটারই পুরস্কার পেলাম। দর্শকেরা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তো তাঁদের নিরাশ করতে পারি না!’
কী অদ্ভুত, ফাভেলার পূতিগন্ধময় খুপরিতেই জীবনটা কেটে যাওয়ার কথা ছিল। কিন্তু রাফায়েলা সেই কাঁটাভরা পথ পেরিয়েই এসেছেন সুরভিত রাজপথে। ২৪ বছর বয়সী অ্যাথলেটের এই কথা অনেকের জন্যই প্রেরণা হতে পারে, ‘যেসব শিশু জুডো দেখছে, তাদের জন্য ব্যাপারটা দারুণ। বিশেষ করে আমার মতো একজনের জন্য, যে পাঁচ বছর বয়সে কিছু না বুঝেই সিটি অব গড ছেড়েছিল। এই শিশুদের বিশ্বাস করতে হবে যে তারা নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবে।’ এএফপি।