রাশিয়ায় রোমাঞ্চিত মাহফিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের লেনে অনুশীলন করছেন মিসি ফ্রাঙ্কলিন। চারবারের অলিম্পিক সোনাজয়ী যুক্তরাষ্ট্রের সাঁতার-সুন্দরী। ২০০ মিটার ব্যাকস্ট্রোকের বর্তমান বিশ্ব রেকর্ডধারীকে কাছ থেকে দেখে মাহফিজুর রহমান সাগরের বিস্ময় আর কাটে না। শুধু ফ্রাঙ্কলিনই নন, লন্ডন অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনাজয়ী এবং দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার শাদ লে ক্লস, চীনের অলিম্পিকজয়ী সান ইয়াংদের সঙ্গেও নিয়মিতই দেখা হচ্ছে অনুশীলনপুলে।
রাশিয়ার কাজানে চলছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানেই বিশ্ব সাঁতারুদের সঙ্গে কথা বলার, অনুশীলন দেখার সুযোগ মিলছে বাংলাদেশের মাহফিজুর, জুয়েল আহমেদ ও সোনিয়া আক্তার টুম্পার।
২৪ জুলাই বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আগামীকাল শুরু বাংলাদেশের সাঁতারুদের পরীক্ষা। সবার আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সাঁতরাবেন জুয়েল আহমেদ। ৫ আগস্ট ১০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন মাহফিজুর, ৭ আগস্ট ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনিয়া আক্তার, ৮ আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর ও সোনিয়া এবং ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল।
মাহফিজুরের জন্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপটা বড় চ্যালেঞ্জের। গত মে মাসে থাইল্যান্ডে গিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসেছেন বাংলাদেশের সময়ের সেরা সাঁতারু। সেখান থেকেই রাশিয়ায় গেছেন। গতবার বার্সেলোনায় প্রিয় ইভেন্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা টাইমিং করেছিলেন (২৪.৩৯ সেকেন্ড)। এবার সেটিকেও ছাড়িয়ে যাওয়ার আশা। কাল টেলিফোনে রাশিয়া থেকে জানালেন, ‘জানুয়ারিতে এসএ গেমস। এর আগে নিজেকে যতটা পারি প্রস্তুত করে নিতে চাই।’
ফিনার বৃত্তি নিয়ে আগামী এক বছর থাইল্যান্ডেই অনুশীলন করবেন মাহফিজুর। বিশ্ব সাঁতারে আসা অন্যান্য দেশের বৃত্তি পাওয়া সাঁতারুদের অনেকের সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে। ভারত ও নেপালের সাঁতারুদের সঙ্গে একই কক্ষে থাকছেন। কিন্তু মাহফিজুর জানেন ভারতের সাঁতারুরা অনেক এগিয়ে গেছেন, ‘ভারত ও শ্রীলঙ্কা অনেক এগিয়েছে। ভারতের সাঁতারুরা তো সারা বছর বিদেশে অনুশীলন করে। আমাদের কজন এমন সুযোগ পায়? ওদের লক্ষ্য এখন অলিম্পিক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর কমনওয়েলথ।’