রিও অলিম্পিকে জিকা কোনো বাধা নয়
অলিম্পিকের সামনে বাধা হতে পারল না জিকা ভাইরাস। রিও অলিম্পিক নিয়ে একের পর এক বিতর্কের মাঝে ব্রাজিলকে স্বস্তি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও)। সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট সময়েই অলিম্পিক আয়োজন করতে পারবে ব্রাজিল। জিকা ভাইরাস সংক্রমণের ভয় এতে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
অক্সফোর্ড, ইয়েল ও হার্ভার্ডের ১৫০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ সম্প্রতি এক খোলা চিঠিতে জিকা ভাইরাস যাতে মহামারি আকারে ছড়াতে না পারে সে জন্য দুটি প্রস্তাব দিয়েছেন। তাতে রয়েছে অলিম্পিকের ভেন্যু বদলে ব্রাজিল থেকে সরিয়ে নেওয়ার আবেদন। সেটি সম্ভব না হলে অন্তত কিছুদিনের জন্য পেছাতে বলা হয়েছিল অলিম্পিক। কারণ ২০৭টি দেশের অ্যাথলেটদের সমাগম হবে গেমসে, তাতে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে জিকা ভাইরাস। কিন্তু ডব্লুএইচও সে শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, অলিম্পিক আয়োজিত হলেও সেটি জিকা ভাইরাস সংক্রমণে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৫ আগস্টেই শুরু হতে পারবে রিও অলিম্পিক। বিবিসি।