রিওতে রাশিয়াই থাকবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ঘোষণাই নিভিয়ে দিয়েছে রাশিয়ার আশার প্রদীপ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের মহাসচিব ম্যাথু রিব আদালতের বিবৃতিটি পড়ে জানিয়ে দিলেন রুশ অ্যাথলেটদের নিষেধাজ্ঞা বহাল। কাল লুসানে l এএফপি
এই ঘোষণাই নিভিয়ে দিয়েছে রাশিয়ার আশার প্রদীপ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের মহাসচিব ম্যাথু রিব আদালতের বিবৃতিটি পড়ে জানিয়ে দিলেন রুশ অ্যাথলেটদের নিষেধাজ্ঞা বহাল। কাল লুসানে l এএফপি

জয়ের আনন্দে দুই হাত ছুড়ে শূন্যে উড়ছেন ইসিনবায়েভা, পতাকা জড়িয়ে হাসছেন ‘সাইবেরিয়ান সেনসেশন’ শুভেনকভ—রিও অলিম্পিকে এমন দৃশ্য দেখা যাচ্ছে না। শুধু তা-ই না, মার্চ পাস্টের সময় রাশিয়ার তেরঙা লাল-নীল-সাদা পতাকাও হয়তো থাকবে না। অলিম্পিকে নিজেদের অ্যাথলেটিকস দলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আবেদন করেছিল রাশিয়া। কিন্তু লাভ হয়নি। ডোপিংয়ের অভিযোগে রুশ অ্যাথলেটদের অলিম্পিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তই বহাল রেখেছে সিএএস। রাশিয়াকেই অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হবে কি না, সেটা জানা যাবে আগামী পরশু। নির্বাহী কমিটির বৈঠকের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে।

বোমাটা ফেটেছিল গত নভেম্বরে। বিশ্ব মাদকবিরোধী সংস্থা (ডব্লুএডিএর) স্বাধীন তদন্ত কমিশন যখন জানিয়ে দেয়, দীর্ঘদিন ধরে গণহারে পারফরম্যান্স-বর্ধক নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করছেন রুশ অ্যাথলেটরা। সবচেয়ে ভয়ংকর অভিযোগ, অব্যাহতভাবে রাশিয়ান অ্যাথলেটরা পেয়ে আসছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও। আর সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে অ্যাথলেটিকসের বিশ্বসংস্থা আইএএএফ।

ওয়াডার সাবেক সভাপতি ডিক পাউন্ডের নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিশন তখনই সুপারিশ করে, আগামী বছর রিও অলিম্পিকসহ অ্যাথলেটিকসের সব বৈশ্বিক আসর থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হোক। সেটি এখনো হয়নি, তবে এরপরই অ্যাথলেটিকসের সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে অংশগ্রহণের অধিকার হারায় রাশিয়া। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরে রাশিয়ার ৬৭ জন অ্যাথলেট ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন। তাঁদের দাবি ছিল, কয়েকজনের নিষেধাজ্ঞার অভিযোগ পুরো দল নেবে কেন? কিন্তু সেই দাবি ধোপে টেকেনি, সিএএস কাল বিবৃতিতে নিষেধাজ্ঞাটাই বহাল রেখেছে।

এই রায়ের পর রাশিয়ান অ্যাথলেটিকসের আশার প্রদীপ এখন পুরোপুরিই নিভে গেল। দুবারের অলিম্পিকে সোনাজয়ী পোল ভল্টার ইয়েলেনা ইসিনবায়েভা ক্ষোভে ফেটেই পড়েছেন, ‘অ্যাথলেটিকসের শেষকৃত্য করে ফেলার জন্য সবাইকে ধন্যবাদ। এটা খুবই নগ্ন একটা রাজনৈতিক চাল।’ রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভ্লাদিমির মুতকোও একই সুরে কথা বলেছেন। মন্তব্য করেছেন, সিএএসের রায় ‘রাজনৈতিক’ ও ‘বেআইনি’। ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভও হতাশ, ‘সিএএসের এমন সিদ্ধান্তে আমরা খুবই হতাশ। সব অ্যাথলেটকে এভাবে কাঠগড়ায় তোলার কোনো অর্থ নেই।’

আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, ‘আজকের সিদ্ধান্তটা সব অ্যাথলেটকে একই সমতলে প্রতিযোগিতা করার সুযোগ করে দিয়েছে। খেলার জগৎটা নিষ্কলঙ্ক রাখা ও স্বচ্ছ অ্যাথলেটদের সুরক্ষার জন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সিএএসের আছে।’ পরে আইএএএফ সভাপতি সেবাস্টিয়ান কো আত্মপক্ষ সমর্থন করেছেন, ‘এই ঘোষণায় আনন্দের কিছু নেই। আমি এসব অ্যাথলেটের অংশ নেওয়ার অধিকার কেড়ে নিতে পারি না। ফেডারেশন সব সময় অ্যাথলেটদের প্রতিযোগিতা দেখতে চায়। আমরা খেলোয়াড়দের অংশগ্রহণ চাই, বর্জন নয়।’

রাশিয়াবিহীন ট্র্যাক অ্যান্ড ফিল্ড অনেকটাই রং হারাবে। ২০১২ লন্ডন অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটরা ৭ সোনা, ৪ রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতেছিলেন। যুক্তরাষ্ট্রের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাশিয়াই ছিল সফলতম। তবে ওই পদকগুলোর কয়েকটি তাদের হারাতে হবে। রুপাজয়ী ডিসকাস থ্রোয়ার দারিয়া পিশালনিকোভা এর মধ্যেই ১০ বছর নিষিদ্ধ হয়েছেন। ৩ হাজার মিটার চ্যাম্পিয়ন ইউলিয়া জারাপোভাও ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন। পদক হারানোটা তাঁর জন্য এখন সময়ের ব্যাপার। আইওসি লন্ডন অলিম্পিকের ডোপ পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করেনি। সেটা হলে আরও কয়েকজন অ্যাথলেটকে নিয়েও উঠে যেতে পারে প্রশ্ন। এএফপি, রয়টার্স।

ইয়েলেনা ইসিনবায়েভা
রাশিয়ার পোল ভল্ট কিংবদ​িন্ত
অ্যাথলেটিকসের শেষকৃত্য করে ফেলার জন্য সবাইকে ধন্যবাদ। এটা খুবই নগ্ন একটা রাজনৈতিক চাল