রিওতেও বিতর্ক সঙ্গী সেমেনিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরিচয়-সংকটে ফেলে দেওয়া হয়েছিল তাঁকে। টান দেওয়া হয়েছিল তাঁর অস্তিত্বের শিকড় ধরে। সেই সময়টায় কী ঝড়ই না গেছে কাস্টার সেমেনিয়ার ওপর দিয়ে। কিন্তু ছোটবেলাতেই তো ঝড়-ঝাপ্টার বিরুদ্ধে লড়তে শিখেছেন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। সব বাধা জয় করে তাই আবার ফিরেছেন ট্র্যাকে। আর এই মুহূর্তে তো আছেন দুর্দান্ত ফর্মে। আসছে রিও অলিম্পিকে তাই মেয়েদের ৮০০ মিটারে সোনার সবচেয়ে বড় দাবিদার ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান।
তবে সেমেনিয়া শঙ্কার মধ্যেও আছেন। এর আগেও বড় আসরে সেমেনিয়ার উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছে কয়েকবার। অলিম্পিকেও কি তাঁকে ঘিরে তৈরি হবে নতুন বিতর্ক?
২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটারে সোনা জিতে চমকে দিয়েছিলেন অ্যাথলেটিকস বিশ্বকে। না, জিতছেন বলে নয়, জয়ের ধরনের কারণে। সেমেনিয়ার সময় লেগেছিল ১ মিনিট ৫৫.৪৫ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২.৪৫ সেকেন্ড কম! এটাই চোখ কপালে তুলে দেয় অনেকের। শুরু হয় শোরগোল—সেমেনিয়া কি আসলেই নারী, না পুরুষ? জন্ম থেকে লালন করে আসা তাঁর ‘নারী’ পরিচয়টা নিয়ে তৈরি হয় সংশয়ের ধূম্রজাল। প্রশ্নটা এতই জোরালো হয়ে দাঁড়ায় যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) সেমেনিয়াকে লিঙ্গ-পরিচয় নির্ধারণী পরীক্ষা দিতেও বাধ্য করে। সেই সময় নিষেধাজ্ঞাও জারি করা হয়, যত দিন পরীক্ষার ফল জানা না যাচ্ছে, কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সেমেনিয়া। শেষ পর্যন্ত ওই পরীক্ষার ফল ঘোষণা না করলেও দশ মাস বাদে ওই নিষেধাজ্ঞা তুলে নেয় আইএএএফ। আবার ট্র্যাকে ফেরেন সেমেনিয়া।

২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১২ লন্ডন অলিম্পিক—দুটিতেই ৮০০ মিটারে রুপা জেতেন। কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। বিশেষ করে লন্ডন অলিম্পিকে প্রথম ৬০০ মিটারে ভালো ব্যবধানে এগিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত রাশিয়ার মরিয়া সাভিনোভার কাছে তাঁর সোনা হারানোটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কেউ কেউ বলে দেন, আবারও সোনা জিতে পুরোনো বিতর্কে জড়াতে চাননি বলেই সেমেনিয়া ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন!

সেই সেমেনিয়া এবার রিও অলিম্পিকের আগেও দুর্দান্ত ফর্মে। এ বছর মেয়েদের ৮০০ মিটারে সেরা টাইমিং (১ মিনিট ৫৬.৬৪ সেকেন্ড) তাঁর। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে একই দিনে ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন সব কটি ইভেন্টেই। অ্যাথলেটিকস দক্ষিণ আফ্রিকার ম্যানেজার হেজেকিয়েল সেপাং তো বলেই দিয়েছেন, ‘অলিম্পিক সোনার লড়াইয়ে সে পরিষ্কার ফেবারিট।’

কিন্তু ওই যে লিঙ্গ-পরিচয় সংক্রান্ত বিতর্ক, সেই চাপটা সামলাতে পারবেন তো সেমেনিয়া? প্রশ্নটা তাঁকে করা হয়েছিল দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সময়ই। দক্ষিণ আফ্রিকার ট্র্যাকের ‘ফার্স্ট লেডি’ প্রশ্নটা উড়িয়েই দেন, ‘আমার ওসব নিয়ে ভাবার সময় নেই। আমি একজন অ্যাথলেট। আমার কাজ অনুশীলন, পারফরম্যান্স, খাওয়া, ঘুম এসবের দিকে মনোযোগ দেওয়া। আর কিছু নিয়ে ভাবা আমার কাজ নয়।’

আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কো অবশ্য সেমেনিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। গত মাসেই বলেছেন, ‘আমি চাই না কোনো ইভেন্টের কোনো অ্যাথলেটকেই খারাপ হিসেবে উপস্থাপন করা হোক। আমরা মানুষ, এটা মনে রাখতে হবে।’

রিওর ট্র্যাকে নামার আগে কোর কথা নিশ্চিতই আত্মবিশ্বাস জোগাবে সেমেনিয়াকে। এএফপি।

 সেমেনিয়া কি আসলেই নারী, না পুরুষ? প্রশ্নটা এতই জোরালো হয়ে দাঁড়ায় যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) সেমেনিয়াকে লিঙ্গ-পরিচয় নির্ধারণী পরীক্ষা দিতেও বাধ্য করে