রিলেতেও বোল্টের জ্যামাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের আনন্দে সেলফি। ছেলেদের ৪X১০০ মিটার রিলেতে জ্যামাইকাকে সোনা জেতানোর পর উসাইন বোল্টদের উদ্‌যাপন। কাল বেইজিংয়ের বার্ডস নেস্টে  l রয়টার্স
জয়ের আনন্দে সেলফি। ছেলেদের ৪X১০০ মিটার রিলেতে জ্যামাইকাকে সোনা জেতানোর পর উসাইন বোল্টদের উদ্‌যাপন। কাল বেইজিংয়ের বার্ডস নেস্টে l রয়টার্স

নেস্টর কার্টার থেকে আসাফা পাওয়েল—জ্যামাইকার শুরুর ব্যাটন পরিবর্তনই ভালো হয়নি খুব একটা। আর সেটাই সুযোগ করে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। জাস্টিন গ্যাটলিন আর টাইসন গে-ও যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখলেন। পেছনে পাওয়েলের হাত থেকে ব্যাটন পাওয়া আসমিয়াদে। মনে হচ্ছিল, ৪X১০০ মিটার রিলেতে জ্যামাইকাকে জেতাতে নিজেকে নিংড়ে দিতে হবে উসাইন বোল্টকে।
কিন্তু নাটকের যে তখনো অনেক বাকি! জ্যামাইকার খারাপ হয়েছিল শুরুটা, কিন্তু শেষে এসে যুক্তরাষ্ট্র এর চেয়েও বড় গড়বড় করে বসল। টাইসন গে ও মাইক রজার্স ব্যাটন দেওয়া-নেওয়া শেষ করার পর দেখেন, উসাইন বোল্ট প্রায় ধরাছোঁয়ার বাইরে! বাড়তি কিছুই করতে হলো না বিশ্বের দ্রুততম মানবকে। ৩৭.৩৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতল জ্যামাইকাই। পরে জানা গেছে, নির্ধারিত জোনের মধ্যেই ব্যাটন হাতবদল করতে পারেনি যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে থেকে দৌড় শেষ করলেও শেষ পর্যন্ত তাই ‘ডিসকোয়ালিফাইড’। তৃতীয় থেকে চীন তাই দ্বিতীয় হয়ে গেল, চতুর্থ থেকে তৃতীয় কানাডা।
দুই বছর আগে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এবারের মতোই ৩৭.৩৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিল জ্যামাইকা। মস্কোর ওই দলের তিনজন দৌড়েছেন কাল বেইজিংয়ের বার্ডস নেস্টেও। শুধু কেমার বেইলি-কোলের জায়গায় এবার আসাফা পাওয়েল। সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে সর্বশেষ ছয়বারই ৪X১০০ মিটার রিলেতে চ্যাম্পিয়ন জ্যামাইকা। উসাইন বোল্ট দলে ছিলেন প্রতিবারই। এ ইভেন্টে ৩৬.৮৪ সেকেন্ডের বিশ্ব রেকর্ডও বোল্টের কীর্তিধন্য, যেটি ২০১২ লন্ডন অলিম্পিকে।
১০০ মিটার ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন আগেই। কাল ৪X১০০ মিটার রিলেতে সোনাসহ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ১১টি সোনা হলো বোল্টের। সঙ্গে বেইজিং ও লন্ডন অলিম্পিকে আরও ৬টি সোনা। ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে এবার বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত নিজের ইভেন্টগুলোয় মাত্র একবারই পদক পাননি বোল্ট, ২০১১ সালে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ‘ফলস স্টার্ট’ করে!
মেয়েদের ১০০ মিটার রিলেতে অবশ্য এসব নাটকের কিছুই ছিল না। একেবারে হেসেখেলেই সোনা জিতেছে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের জ্যামাইকা। ৪১.০৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ডও গড়েছে জ্যামাইকা। এ ইভেন্টে বিশ্ব রেকর্ড (৪০.৮২ সেকেন্ড, লন্ডন ২০১২) যুক্তরাষ্ট্রের, কাল ৪১.৬৮ সেকেন্ড সময় নিয়ে যারা দ্বিতীয়। ত্রিনিদাদ ও টোবাগো তৃতীয় হয়েছে ৪২.০৩ সেকেন্ড সময় নিয়ে। বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার দ্বিতীয় সোনা পেলেন ফ্রেজার-প্রাইস। সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাতটি সোনা জিতলেন জ্যামাইকার ‘পকেট-রকেট’। এএফপি, রয়টার্স।