
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে ঢুকলেই চোখে পড়বে ৪৪ সেকেন্ডের একটা ভিডিও। রাব্বি হাসানকে নিয়ে বানানো ওই ভিডিও ক্লিপিংসের নিচে ইংরেজিতে নিজেই লিখে রেখেছেন কথাগুলো, ‘জানি ভালো করব, কারণ সব সময়ই আমার লক্ষ্যে আমি স্থির। এবং ওই লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করে চলেছি।’
বিকেএসপির সাবেক শুটার রাব্বি হাসান পরিশ্রমের ফল কিছুটা হলেও পেয়েছেন গতকাল। আজারবাইজানে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে কাল ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন টাঙ্গাইলের এই তরুণ। কোনো আন্তর্জাতিক গেমসে ব্যক্তিগত ইভেন্টে এটাই তাঁর সেরা সাফল্য।
কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকিকে ঘিরেই সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বাকুতে। কিন্তু বাকি হয়েছেন পঞ্চম, আর অপ্রত্যাশিতভাবে রুপা জিতে সবাইকে চমকে দিয়েছেন নৌবাহিনীর শুটার রাব্বি। শুট অফে তাঁর স্কোর ২৪৫.৫ পয়েন্ট, সোনাজয়ী তুরস্কের ওমর আকগুনের ২৪৯.৮। ২২৪.১ স্কোরে ব্রোঞ্জ জিতেছেন উজবেকিস্তানের সাইফুদ্দিনভ।
বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের দুই শুটার। রাব্বি ৬২৪ পয়েন্ট স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হয়ে শুট অফে (ফাইনালে) পৌঁছান। বাকি ৬২০.৩ স্কোরে ষষ্ঠ হয়ে শুট অফে যান। কিন্তু শুট অফে বাকিকে টপকে রাব্বি জিতে নেন রুপা।
এর আগে ২০১৩ বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে বাকিকে হারিয়ে সোনা জিতেছিলেন রাব্বি। গত বছর তেহরানে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের দলগত ইভেন্টের রুপা জয়েও বড় অবদান ছিল তাঁর। রুপাজয়ী ওই দলে রাব্বির সঙ্গী ছিলেন রবিউল ইসলাম ও রিসালাতুল ইসলাম।
বাকুতে কাল রাব্বির মতো মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে আশা জাগিয়েও পদক জিততে পারেননি সৈয়দা আতকিয়া হাসান। বাছাইপর্বে ৪১০.৪ স্কোর করে ষষ্ঠ হয়ে শুট অফে ওঠেন নারায়ণগঞ্জের তরুণী, কিন্তু ফাইনালেও হয়েছেন ষষ্ঠ। শুট অফে আতকিয়ার স্কোর ছিল, ১৫৯.৯। এই ইভেন্টে সোনা ও রুপা জিতেছেন ইরানের ইমামঘোলি নেজাদ (২৪৯.৬) ও আহমাদি এলাহি (২২৬.১)। ব্রোঞ্জজয়ী উজবেকিস্তানের মামেদোভা সকিনার স্কোর ২২৩.৯।