রুশ অ্যাথলেটদের বিকল্প সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। পরশু এ ঘোষণার পর রিও অলিম্পিকে রাশিয়ার অনুপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো। এর আগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রুশ অ্যাথলেটরা ডোপ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, এ অভিযোগ ওঠার পর গত নভেম্বরে সাময়িকভাবে রাশিয়াকে অ্যাথলেটিকসে নিষিদ্ধ করে আইএএএফ।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) স্বাগত জানিয়েছে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে। এক বিবৃতিতে আইওসি জানিয়েছে, ‘ডোপিংয়ের বিরুদ্ধে আইএএএফের কঠোর অবস্থান সমর্থন করে আইওসি, এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা।’ রাশিয়ান ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকোও সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ‘আইওসির বিবৃতি অনুযায়ী আমাদের খেলোয়াড়দের আর অলিম্পিকে যাওয়ার সুযোগ নেই।’

আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কো অবশ্য জানিয়েছেন, যেসব রুশ অ্যাথলেট দেশের বাইরে অনুশীলন করছেন, ডোপিং পর্যালোচনা বোর্ডের অনুমতি নিয়ে নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে তাঁরা অলিম্পিকে অংশ নিতে পারবেন। যেসব অ্যাথলেট ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ কিছু করে দেখিয়েছেন তাঁরাও পাবেন এ সুযোগ।

তবে হার্ডলসের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কলিন জ্যাকসন নিরপেক্ষ খেলোয়াড়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘আমার কাছে এটা খুব আজগুবি মনে হচ্ছে। অলিম্পিক গেমসের মূল কথাই তো দেশের প্রতিনিধিত্ব করা!’ এএফপি।