বিজয়মঞ্চে ক্রীড়াবিদেরা দাঁড়িয়ে আছেন। গলায় তাঁদের পদক। সোনার পদক বিজয়ী দেশের জাতীয় পতাকা ধীরে ধীরে ওপরে উঠছে, বাজছে সে দেশের জাতীয় সংগীত। সেই সুরের মূর্ছনায় আপ্লুত ক্রীড়াবিদ। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। জাতীয় সংগীতের সুর শেষ, তিনি চোখের পানি মুছছেন—পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর একটি। একটি পদকের জন্যই তো দিনের পর দিন কষ্ট করেছেন তিনি। এই একটি পদকের জন্যই তো তাঁর বা তাঁদের এত ত্যাগ। এই একটি পদকের জন্যই হয়তো অপেক্ষায় ছিল তাঁর দেশ, দেশের মানুষ কিংবা সরকার।
এমন দৃশ্য দেখতে দেখতে অলক্ষ্যে একটা দীর্ঘনিশ্বাস বেরিয়ে আসে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। অলিম্পিকে এমন কোনো দৃশ্য কি কোনো দিন চিত্রায়িত হবে? পতাকা স্ট্যান্ডে লাল-সবুজ ঝান্ডা উড়ছে। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’র সুরে গলা মেলাচ্ছেন বাংলাদেশের একজন ক্রীড়াবিদ। হয়তো তিনি কেঁদেই ফেলেছেন। তাঁর সঙ্গে কাঁদছে গোটা বাংলাদেশ!
এমন দৃশ্যপট কল্পনা করলে দীর্ঘনিশ্বাস বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বেশ হাসিও পেয়ে যায়। এ যে রীতিমতো ‘অলীক’ কল্পনা। যে দেশের দক্ষিণ এশীয় ক্রীড়া আসর এসএ গেমসেও একটা সোনার পদক জিততে ঘাম ছুটে যায়, যে দেশের এশিয়ান গেমসেও পাওয়া পদক হাতে গোনা, সে দেশকে নিয়ে কীভাবে আমরা অলিম্পিকের স্বপ্ন দেখি! এ তো রীতিমতো কষ্টকল্পনা!
অলিম্পিক আসলেই বাংলাদেশের জন্য অনেক দূরের কল্পনা। আসলে অলিম্পিক নিয়ে কল্পনা করার সাহসও আমাদের নেই। অলিম্পিকের মতো ক্রীড়াযজ্ঞে যেখানে বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদেরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেন, সেখানে আমরা তো যোজন যোজন ব্যবধানে পিছিয়ে। ১৯৮৪ থেকে শুরু। এরপর পেরিয়ে গেছে আটটি অলিম্পিকের আসর—অভিজ্ঞতা অর্জন আর উদ্বোধনী মার্চপাস্টে নিজের দেশের পতাকাটা প্রদর্শন করা ছাড়া আর কিছুই করা হয়নি বাংলাদেশের। ইদানীং বাংলাদেশকে অলিম্পিকের আসরে দেখলেই ফিসফিসানি উঠে যায়। যে দেশের জনসংখ্যা ১৮ কোটি, সে দেশ অলিম্পিকে ‘বেড়াতে’ যায়! ৬২ হাজার জনসংখ্যার দেশ বারমুডা যখন অলিম্পিকে সোনা জিতে যায়, প্রায় সমান সামর্থ্যের অর্থনীতির দেশ ফিলিপাইনও যখন অলিম্পিক পদক নিয়ে ভাবে, পাশের দেশ ভারত যেখানে অলিম্পিকে ভালো কিছু করে দেখানো স্বপ্ন দেখে, সেখানে আমরা, মানে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে থাকে!
এবারের টোকিও অলিম্পিক বাংলাদেশের জন্য কিছুটা হলেও অন্য রকম। অতীতের ধারাবাহিকতায় এবারও আমরা খালি হাতেই ফিরব, কিন্তু এবার অন্তত একটা বিষয় আমাদের দুজন ক্রীড়াবিদ প্রমাণ করে দিয়েছেন—অলিম্পিকে পদকহীন ইতিহাসের কারণটা আমাদের রাষ্ট্রীয় সামর্থ্যের কারণে নয়, এই ব্যর্থতা ঘানি আমরা দিনের পর দিন টেনে চলেছি রাষ্ট্রীয় উদ্যোগের ব্যর্থতার কারণেই। কিছুদিন আগে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান, ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী অ্যাথলেট, সাইদুর রহমান বলেছিলেন যে দেশের জনসংখ্যা ১৮ কোটি, তারা একজনও ভালো অ্যাথলেট তৈরি করতে পারে না! তিনি সরাসরি কাউকে দোষ দেননি, কিন্তু বলে দিয়েছেন সবকিছু। বিপুল জনসংখ্যার এ দেশে একজন দৌড়বিদ, একজন সাঁতারু, একজন বক্সার, শুটার, আর্চার, সর্বোপরি একজন ভালো ক্রীড়াবিদ তৈরি হবে না, এটা মেনে নেওয়া খুব কষ্টের।
আগের কথায় ফিরি, এবারের টোকিও অলিম্পিকে বাংলাদেশের তিরন্দাজ রোমান সানা আর দিয়া সিদ্দিকী চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন, তাঁরাও পারেন। অলিম্পিক থেকে গৌরব জিতে আনার সামর্থ্য তাঁদের পুরোপুরিই আছে। এখন কেবল দরকার রাষ্ট্রীয় পর্যায়ে বিনিয়োগ, পৃষ্ঠপোষকতা। আর চমৎকার একটা পরিকল্পনা। রাতারাতি হয়তো হবে না, কিন্তু খুব শিগগির অলিম্পিকের মতো বড় বড় ক্রীড়া আসর থেকে বাংলাদেশ পদক জিতে আনতে পারবে।
রোমান আর্চারিতে এবার যে ফল করেছেন, সেটি যেকোনো বিচারেই অলিম্পিকে বাংলাদেশের ইতিহাসসেরা সাফল্য। ছেলেদের রিকার্ভ-একক ইভেন্টে তিনি ইংল্যান্ডের প্রতিযোগীকে হারিয়ে উঠে যান শেষ ষোলোতে। সেখানেও কানাডার এক প্রতিযোগীর সঙ্গে লড়েছেন হাড্ডাহাড্ডি। ৬-৪ সেট পয়েন্টে হারটা অল্পের জন্যই। সে ম্যাচ জিতলে তিনি হয়তো উঠে যেতেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু সেটি হয়নি। আজ মেয়েদের রিকার্ভ-এককে বাংলাদেশের ১৭ বছর বয়সী কিশোরী দিয়া সিদ্দিকী বেলারুশের প্রতিযোগীর কাছে হেরেছেন টাইব্রেকারে। এর আগে দুজন সম্মিলিত লড়াইয়ে হার মেনেছেন আর্চারির শীর্ষ শক্তি দক্ষিণ কোরিয়ার কাছে। সে ম্যাচও আক্ষেপ ছড়িয়েছে সবার মধ্যে। এ দুজন টোকিওতে গিয়ে দেশের জন্য এবারই পদক জিতবেন—এমনটা হয়তো কেউ ভাবেননি। কিন্তু তাঁরা যে স্বপ্নটা ছড়িয়ে দিয়েছেন, সেটিই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় শক্তি হতে পারে। এখন কেবল দরকার একটু সততা, তাঁদের প্রতি আমাদের সবার অনুপ্রেরণা। আর বিভিন্নমেয়াদি পরিকল্পনা। সেই উদ্যোগ কি ভবিষ্যতে থাকবে আমাদের?
প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অলিম্পিক পদক একটা মেগা প্রজেক্ট। বিশাল বড় পরিকল্পনার ফসল। দেশের চলমান উন্নয়ন প্রকল্প পদ্মা বহুমুখী সেতু, ঢাকা মেট্রোরেল কিংবা চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল—এসবের নির্মাণযজ্ঞ তো রাতারাতি শুরু করা যায়নি। দীর্ঘদিনের স্বপ্ন দেখা, আর সেই স্বপ্ন বাস্তবায়নের বাস্তব উদ্যোগ গ্রহণের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে বিশাল কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞের কারণেই ধীরে ধীরে সেই প্রকল্পগুলো বাস্তব হওয়ার পথে। যে জিনিসগুলো কিছুদিন আগেও বাংলাদেশের মানুষের কাছে ছিল দূর স্বপ্ন, সেগুলো এখন সত্যি হওয়ার পথে। অলিম্পিক কিংবা খেলাধুলার বড় আসরের সাফল্যও ঠিক এমনই একটা ব্যাপার। যে দেশের মানুষ নিজেদের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে পদে পদে বিশ্বকে চমকে দিচ্ছে, যারা অর্থনৈতিক উন্নয়নে অসাধ্যসাধন করেছে, সে দেশের ছেলেমেয়েরা অলিম্পিকের মতো আসরে দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসতে পারবে না, এটা কেমন কথা!
রোমান শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন। তিনি স্বপ্ন দেখছেন ২০২৮ অলিম্পিকে সোনা জেতার। তিনি তাঁর লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন, এবার আমাদের উদ্যোগের পালা। আমরা একটা পরিকল্পনা নিই। ২০২৮ সালেই আমরা একটা পদক অন্তত জিতব, সেটি সোনা, রুপা, ব্রোঞ্জ—যেটিই হোক না কেন! সারা দেশ থেকে ব্যক্তিগত খেলায় প্রতিভা খুঁজে বের করব, তাঁদের প্রশিক্ষণ দেব। আর্থিক সমস্যা, পড়াশোনা—সবকিছুর দায়িত্ব নেব। আমরা সেই ক্রীড়াবিদদের মনোযোগ পুরোপুরি কেন্দ্রীভূত করব নিজেদের লক্ষ্যের দিকে। সেই সঙ্গে বিনিয়োগ করব, পরিপূর্ণ পরিকল্পনার বিপরীতে—সাফল্য আমাদের ধরা দেবেই। অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের বিজয়মঞ্চে আমাদের ক্রীড়াবিদেরা দাঁড়াবেনই। সেখানে আমাদের জাতীয় সংগীত বাজবেই।