রোমানিয়া মানে ‘ড্রাকুলা’ নয়, মাফ চাইল কোরিয়ান টিভি চ্যানেল
আইডিয়াগুলো কার মাথা থেকে এসেছিল কে জানে! যারই হোক, দক্ষিণ কোরিয়ান এই টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্তারা নিশ্চয়ই অনুমোদন দিয়েছিলেন সেগুলো। কিন্তু তাঁরা একবারও ভাবলেন না, পুরো ব্যাপারটাই ভয়ংকর আপত্তিকর, বিদ্বেষমূলকও। পরে অবশ্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে চ্যানেলটি।
কোরিয়ান টেলিভিশন চ্যানেলটি টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার সময়ই সেই আপত্তিকর ব্যাপারগুলো ঘটিয়েছে। মার্চপাস্টের সময় প্রতিটি দেশের ‘পরিচিতিমূলক’ ক্যাপশন আর ছবিও যাচ্ছিল সম্প্রচারের সময়। এতে রোমানিয়াকে তারা পরিচয় করিয়েছে ‘ড্রাকুলা’র ছবি দিয়ে। ব্রাম স্টোকারের বিখ্যাত সেই গল্পের কাহিনি যে রোমানিয়ার ট্রানসিলভানিয়া অঞ্চল ঘিরেই।
এখানে থেমে গেলেও হতো। ইউক্রেন আসার পর স্ক্রিনে ভেসে উঠেছিল চেরনোবিল দুর্ঘটনার ছবি। আর হাইতিকে তারা দেখিয়েছে দাঙ্গাবিক্ষুব্ধ দেশ হিসেবে।
এমবিএস নামের টেলিভিশন চ্যানেলটির প্রধান পুরো বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বলেছেন, তাঁদের ভুলগুলো পুরোপুরি অবিবেচনাপ্রসূত। এটি অলিম্পিক চেতনারও পরিপন্থী ছিল।
চ্যানেলটি আরও একটি ব্যাপারে সমালোচিত হয়েছে। অলিম্পিকেই দক্ষিণ কোরিয়া-রোমানিয়া ম্যাচে রোমানিয়ার রাজভান মারিন আত্মঘাতী গোল করার পর চ্যানেলের স্ক্রিনে লেখা হয় ‘ধন্যবাদ মারিন’।
এমবিএসের প্রধান পার্ক সুং জাই এক সংবাদ সম্মেলনে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমাদের সম্প্রচার অলিম্পিক চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। এ জন্য আমরা ক্ষমা চাই। অলিম্পিকে বন্ধুত্ব, ঐক্য আর সংহতির যে নীতি, সেটি আমরা ভুলে গিয়েছিলাম। আমরা এরই মধ্যে রোমানিয়া আর ইউক্রেন দূতাবাসে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছি। হাইতির দূতাবাস কোরিয়ায় না থাকায় আমরা আমাদের অন্যভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।’