রোহিঙ্গাদের খেলাধুলায় আগ্রহী করতে এগিয়ে এসেছে নেইমারের পিএসজি

এভাবে বিশেষ জার্সি বিক্রি করে তহবিল সংগ্রহ করবে পিএসজি।সৌজন্য ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে খেলাধুলা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ ক্লাবটির দাতব্য শাখা প্যারিস সেন্ট জার্মেই এনডাওমেন্ট ফান্ড এবং শরণার্থীদের খেলাধুলা নিয়ে কাজ করা ডাচ সামাজিক সংস্থা ক্লাবু (সোহিলি ভাষায় ক্লাব) যৌথ উদ্যোগে এই ঘোষণা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহযোগিতায় শরণার্থীদের জন্য স্পোর্টস ক্লাব খোলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাবু।

বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে নানাবিধ সংকটে আট কোটির বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদের অর্ধেকই শিশু। শরণার্থী শিশুদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে বিশ্বের মানুষদের এক হওয়ার আহ্বান জানাচ্ছে ক্লাবু এবং পিএসজি । সে উদ্দেশ্যেই প্রথমবারের মতো তৈরি করা হচ্ছে স্পোর্টস ক্লাব। সারা বিশ্বের জন্য জার্সি এবং অন্যান্য খেলাধুলাসামগ্রী তৈরি করে এ সামাজিক কাজের জোগান দেবে তারা। প্রাথমিকভাবে ১০ হাজার শরণার্থীকে এ প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা হবে।

মোবাইল স্পোর্টস লাইব্রেরি।
সৌজন্য ছবি

বিশ্বব্যাপী সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে এর যাত্রা শুরু হবে, যার নাম দেওয়া হয়েছে ‘উদ্দীপনায় পরিচয়’।

এ ব্যাপারে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি বলেছেন, ‘প্যারিস সেন্ট জার্মেই এমন সম্মানজনক কাজে সহযোগিতা করতে পেরে গর্বিত। যেকোনো পরিস্থিতিতে প্রতিটি শিশুরই খেলাধুলার অধিকার আছে। ক্লাবুকে বহু আগে থেকেই বিশ্বজুড়ে মানবিক সহযোগিতা করছি, এই কর্মসূচিতে অংশ নিয়ে সেটা আরও ছড়িয়ে দিতে চাইছি আমরা। ক্লাবু, ইউএনএইচসিআর এবং অন্য অংশীদাররা মিলে প্রায় আট কোটি ভুক্তভোগীর কিছু অংশের মধ্যে আশা জাগাতে পেরেছি বলে বিশ্বাস করি। দুই বছর ধরে এ প্রকল্প নিয়ে কাজ চলছে, বেশ দীর্ঘ এক পথ, কিন্তু আশা করি সময়মতোই এই প্রকল্প শরণার্থী শিশুদের মাঝে স্বস্তি বয়ে আনবে।’

এমন ক্লাব সেন্টার নির্মানের ঘোষণা দেওয়া হয়েছে।
সৌজন্য ছবি

ক্লাবু হচ্ছে শরণার্থী স্পোর্টস ক্লাব, যাদের মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে মানবিক চেতনা পুনরুজ্জীবিত করা। এর অধীনে ২০১৯ সালে কেনিয়ার কালোবেয়িতে প্রথম ক্লাব হাউস গঠন করা হয়, যেখানে এরই মাঝে ১০ হাজার তরুণকে খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী দশকের মধ্যে বিশ্বের পাঁচ লাখ শরণার্থী শিশু-কিশোরকে খেলার মাঠে ফেরাতে চায় তারা।

১০ লাখের বেশি মুসলমান রোহিঙ্গা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে এখন বাংলাদেশে শরণার্থীর জীবন কাটাচ্ছে। রোহিঙ্গা শিশুদের মানসিকভাবে শক্তিশালী করার জন্য ও স্বাভাবিক জীবনে স্বাদ দেওয়ার উদ্দেশ্যে ক্লাবু, পিএসজি এনডাওমেন্ট ফান্ড নতুন উদ্ভাবিত ভ্রাম্যমাণ স্পোর্টস লাইব্রেরি সরবরাহ করবে। ক্লাবু আশা করছে, এই লাইব্রেরি শরণার্থী ক্যাম্পগুলোতে খেলাধুলার আগ্রহ ছড়িয়ে দেবে। ক্লাব, পিএসজি এনডাওমেন্ট ফান্ডের সহযোগিতায় রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটি বাস্তবায়ন করছে ক্লাবু ও মানবাধিকার সংস্থা ফ্রেন্ডশিপ।

এ প্রকল্পে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ক্লাবুর বিশেষ ক্রীড়াসামগ্রী ও জার্সি কিনে বা ক্লাবুর নিজস্ব ওয়েবসাইটে তহবিল দান করে শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বা‌ন করা হচ্ছে। এ ছাড়া ক্লাব সেন্টারের জন্য পিএসজি ও ক্লাবু কিছু ক্যাপসুল কালেকশনও নিয়মিত সরবরাহ করবে।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘আমরা প্যারিস সেন্ট জার্মেই, ক্লাবু ও ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানাচ্ছি এমন উদ্যোগ নেওয়ার জন্য। এ ধরনের উদ্যোগ রোহিঙ্গা শিশুদের শুধু মানসিকভাবে শক্তিশালী করবে না, পাশাপাশি শৈশবেই যে বিভীষিকার মুখোমুখি হয়েছে, সেই ভয়-বিষাদগ্রস্ততা কাটিয়ে উঠতেও সাহায্য করবে।’