>১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিেক আজ জুডো ও সাইক্লিং
জুডো
জুডোতে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন কামরুন নাহার হিরু। ১৯৮১ সালে ইন্দোনেশিয়ায় উন্মুক্ত ক্যাটাগরিতে পদক পাওয়া সাবেক অ্যাথলেট এবারের এসএ গেমসে জুডোর টেকনিক্যাল কর্মকর্তা। ৩৫ বছর আগে যে জুডোতে এশিয়ান পর্যায়ে পদক এসেছিল, সেই খেলায় এখন দক্ষিণ এশিয়াতেও পদক জয়ের আশা করতেই সাহসে কুলায় না। সাংগঠনিক দুর্বলতা, ভালো মানের খেলোয়াড় ও পর্যাপ্ত অনুশীলনের অভাবেই জুডোকারা স্বপ্ন দেখতে ভয় পান। প্রায় বছর তিনেক হলো অ্যাডহক কমিটি জোড়াতালি দিয়ে চালাচ্ছে ফেডারেশন। চার বছর কোনো জাতীয় প্রতিযোগিতা হয় না। আন্তর্জাতিক টুর্নামেন্টেও খেলার সুযোগ কম। কোচ মাহবুব আলম শুধু এটুকু বললেন, ‘আমরা ভালো কিছু করার জন্যই যাব।’ সেই ভালোর মানদণ্ডটা অবশ্য ভদ্রলোকের জানা নেই।
একেবারে শেষ মুহূর্তে গেমসে নতুন পাঁচটি খেলা ঢুকেছে। সেই তালিকার অন্যতম জুডো অনুশীলন শুরু করেছে সবার পরে—৯ নভেম্বর থেকে। বনানী আর্মি স্টেডিয়ামে অনুশীলন চলছে। গত আসরে রুপাজয়ী মামুন রশীদকে ঘিরেই যত স্বপ্ন ফেডারেশনের। কিন্তু মামুনের আক্ষেপ প্রস্তুতি-ঘাটতি নিয়ে, ‘একেবারে শেষ মুহূর্তে অনুশীলন শুরু করেছি। আরও একটু প্রস্তুতি নিলে ভালো হতো আমাদের।’ অন্যদের মধ্যে অনুশীলনে আছেন গতবারের ব্রোঞ্জজয়ী হাবিবুর রহমান। বাকি ৮ জনই নতুন। খেলাধুলাহীন ফেডারেশনে নতুন জুডোকারা কতটা ভরসা হতে পারবেন, সেই উত্তর তোলা থাক সময়ের হাতেই।
সাইক্লিং
মাঘের প্রচণ্ড শীতও দমিয়ে রাখতে পারে না তাদের। কাকডাকা ভোরে উঠে দিনাজপুরের ফুলবাড়ী-মিঠাপুকুরের ফাঁকা রাস্তায় ছুটে চলে এক দল সাইক্লিস্ট। এসএ গেমসের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না রিপন কুমার, আনোয়ার হোসেনরা। সাইক্লিস্টদের সারা জীবনের আক্ষেপ একটা ভেলোড্রামের। কালো পিচের রাস্তায় অনুশীলন করে হুট করে আন্তর্জাতিক গেমসে গিয়ে অভ্যস্ত হতে পারেন না তাঁরা। তারপরও আঞ্চলিক এই গেমসে অংশ তো নিতেই হয়। এ পর্যন্ত এসএ গেমসে একটা মাত্র পদক বাংলাদেশের। ঢাকায় হওয়া সর্বশেষ গেমসে পুরুষদের ৮০ কিলোমিটার রোড টিম টাইম ট্রায়ালে ব্রোঞ্জ জিতেছিলেন রিপন কুমার, মুসলিম উদ্দিন, এখতার উদ্দিন, আনোয়ার হোসেন।
এবারের গেমসে ওই দলের শুধু রিপন ও আনোয়ার আছেন। তিন বছর আগে বাংলাদেশ গেমসে খেলেছিলেন সাইক্লিস্টরা। এরপর আর কোনো জাতীয় প্রতিযোগিতাই হয়নি! মাত্র ছয় মাসের অনুশীলনে কতটুকু ভালো করা সম্ভব? কোচ সাহিদুর রহমানের কণ্ঠে জোর কম, ‘ছেলেদের ১০০ কিলোমিটার ব্যক্তিগত রোডরেসে ও মেয়েদের ৮০ কিলোমিটার ব্যক্তিগত রোডরেসে ভালো করার আশা করছি।’ একই প্রতিধ্বনি অভিজ্ঞ রিপনের কণ্ঠে, ‘দুটি নতুন ইভেন্টে একটু আশা আছে আমাদের।’ অনুশীলনে শতভাগ উজাড় করেই প্যাডেল ঘোরান সাইক্লিস্টরা। কিন্তু দুই চাকার যানের গতিময় চক্করের সঙ্গে আশার বৃত্তটা মোটেও তাল মেলাতে পারে না।
জুডো ও সাইক্লিংয়ে বাংলাদেশের পদক
জুডো
সোনা : ০
রুপা : ১০
ব্রোঞ্জ : ১৫
সাইক্লিং
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ১