
আগামী মাসে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই অবসর নেবেন, উসাইন বোল্ট এটি জানিয়ে রেখেছেন অনেক আগেই। অ্যাথলেটিকস-বিশ্বেও তাই কিছুদিন ধরে বাজছে বিদায়রাগিণী। এ গ্রহের দ্রুততম মানবকে শেষবারের মতো ট্র্যাকে দেখার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। তবে বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমেরিকান স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন মনে করেন, এখানেই শেষ না-ও হতে পারে বোল্টের। ট্র্যাকের গভীর সম্পর্ক হয়ে গেলে চাইলেই সেটা সহজে ছেড়ে দেওয়া যায় না। এ কারণেই বোল্ট অবসরের সিদ্ধান্ত বদলাতে পারেন বলে মনে করেন গ্যাটলিন।
সেই ১২ বছর বয়স থেকে ট্র্যাকের সঙ্গে সম্পর্ক বোল্টের। এখন ৩০ চলছে। মাঝের এই সময়টায় অলিম্পিকে জিতেছেন ৮টি সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনাজয়ী জ্যামাইকা দলে তাঁর সতীর্থ নেস্টা কার্টারের ডোপ অপরাধ প্রমাণিত হওয়ায় একটি সোনা ফিরিয়ে দিতে হয়েছে। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। এর বাইরে ২০০৯ থেকে সব কটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে সোনা জিতেছেন। ট্র্যাকে আর নতুন করে কিছু প্রমাণের নেই বলেই হয়তো লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষেই বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বোল্ট।
কিন্তু চাইলেই কি ট্র্যাক ছেড়ে থাকা সম্ভব? কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্প্স তো ২০১২ লন্ডন অলিম্পিকের পর সুইমিংপুলকে বিদায় বলে দিয়েছিলেন। কিন্তু দূরে থাকতে পারেননি বেশি দিন। দুই বছর পরেই ফিরেছেন অবসর ভেঙে এবং যথারীতি পুলে ঝড় তুলেছেন ২০১৬ রিও অলিম্পিকে। রিওতেও পাঁচটি সোনা জিতে আবার দিয়েছেন অবসরের ঘোষণা।
বোল্টের ক্ষেত্রেও কি সে রকম কিছু হবে? সেই সম্ভাবনা খুব ভালোই আছে বলে মনে করেন সর্বশেষ দুটি অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও রিও অলিম্পিকের ১০০ মিটারে বোল্টের কাছে হারা গ্যাটলিন। বোল্ট ভবিষ্যতে সিদ্ধান্ত বদলাতে পারেন কি না এমন প্রশ্নে গ্যাটলিনের উত্তর, ‘কেন নয়? মহাতারকাদের মানসিকতা যেমন থাকে, ও তো সে রকমই। সে সারা বিশ্ব ঘুরতে, মজা করতে এবং পার্টি করতে পছন্দ করে। সুতরাং একটা পর্যায়ে গিয়ে তার মনে হতেই পারে—আরেকবার ট্র্যাকে নেমে দেখিই না কী হয়!’
৩৫ বছর বয়সী গ্যাটলিন ডোপ নিয়ে দুবার নিষিদ্ধ থাকার পরও ফিরেছেন ট্র্যাকে। তুলনায় বোল্টের বয়সটাও পক্ষে আছে বলে মনে করেন গ্যাটলিন, ‘ওর ফেরার সব সুযোগই আছে। অবসরের পর সে চাইলে এক বছর বিশ্রাম নিতে পারে। তারপর হয়তো মনে হবে, আমি ট্র্যাক এত ভালোবাসি যে এত জলদি সেটা ছাড়তে ইচ্ছা করছে না।’
আসলেই বোল্টের সে রকম কিছু মনে হয় কি না, তা জানতে অবশ্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এএফপি, রয়টার্স।