লন্ডনেও বিতর্ক সঙ্গী সেমেনিয়ার!

তিনি চ্যাম্পিয়ন হলেও বিতর্ক, হতে না পারলেও বিতর্ক। কাস্টার সেমেনিয়ার ক্যারিয়ারটাই এমন। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পরশু মেয়েদের ১৫০০ মিটারে ব্রোঞ্জ জেতার পর আরও একবার তাঁকে নিয়ে উত্তপ্ত সংবাদমাধ্যম। সেমেনিয়া অবশ্য এসব পাত্তা দিচ্ছেন না। ছোটবেলা থেকেই তো ঝড়-ঝাপটার বিরুদ্ধে লড়তে শিখেছেন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। যে শিক্ষা তাঁকে মানসিকভাবেও অনেক শক্ত করে তুলেছে। তাই বিতর্কে কান না দিয়েই নিজের কাজটা করে যাওয়াতেই মন দিচ্ছেন সেমেনিয়া।
জন্মগতভাবে হাইপারএন্ড্রোজেনিসম নামে একধরনের উপসর্গের কারণে তাঁর শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি। টেস্টোস্টেরন একধরনের পুরুষদের লৈঙ্গিক হরমোন, যার উপস্থিতি কোনো নারী অ্যাথলেটকে বাড়তি সুবিধা দিতে পারে পারফরম্যান্সের ক্ষেত্রে। ফলে এই সেমেনিয়াই যখন ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৮০০ মিটারে সোনা জেতেন, চমকে যায় অ্যাথলেটিকস বিশ্ব। জিতেছেন বলে নয়, জয়ের ধরনের কারণে। সেমেনিয়ার সময় লেগেছিল ১ মিনিট ৫৫.৪৫ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২.৪৫ সেকেন্ড কম!
শুরু হয় শোরগোল—সেমেনিয়া কি আসলেই নারী, না পুরুষ? জন্ম থেকে লালন করে আসা তাঁর ‘নারী’ পরিচয়টা নিয়ে তৈরি হয় সংশয়ের ধূম্রজাল। সেটা এমন জায়গায় পৌঁছায় যে, আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) সেমেনিয়াকে লিঙ্গপরিচয় নির্ধারণী পরীক্ষা দিতেও বাধ্য করে। নিষেধাজ্ঞাও জারি করা হয়, যত দিন না পরীক্ষার ফল জানা যাচ্ছে, কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সেমেনিয়া। শেষ পর্যন্ত ওই পরীক্ষার ফল না জানিয়েই ১০ মাস পরে নিষেধাজ্ঞাটা তুলে নেয় আইএএএফ। আবার ট্র্যাকে ফেরেন সেমেনিয়া।
২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১২ লন্ডন অলিম্পিক—দুটিতেই ৮০০ মিটারে রুপা জেতেন। কিন্তু তারপরও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। বিশেষ করে, লন্ডন অলিম্পিকে প্রথম ৬০০ মিটারে ভালো ব্যবধানে এগিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত রাশিয়ার মারিয়া সাভিনোভার কাছে তাঁর সোনা হারানোটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কেউ কেউ বলে দেন, আবারও সোনা জিতে পুরোনো বিতর্কে জড়াতে চাননি বলেই সেমেনিয়া ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন!
কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। আইএএএফ নিয়ম করে, টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকা নারী অ্যাথলেটদের হরমোন চিকিৎসা নিতে হবে, যাতে সেই মাত্রাটা নেমে আসে। যদিও ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) এক রায়ে সেই নিয়ম বাতিল করে দেন। সিএএসের রায়ে বলা হয়, টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় যে পারফরম্যান্স বাড়ে, সেটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি আইএএএফ। নতুন করে প্রমাণ নিয়ে আসতে বলা হয় রায়ে।
গত বছর রিও অলিম্পিকেও ক্যারিয়ার-সেরা টাইমিং করে মেয়েদের ৮০০ মিটারে সোনা জেতেন সেমেনিয়া। তখনো নতুন করে আবার শুরু হয় ওই বিতর্ক। লন্ডনে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশ্য এখনো ৮০০ মিটার বাকি রয়ে গেছে। তবে পরশু মেয়েদের ১৫০০ মিটারে ৪ মিনিট ২.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেমেনিয়া। ৪ মিনিট ২.৫৯ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সোনা জিতেছেন কেনিয়ার ফেইথ চেনগেটিচ কিপিয়েগন। যুক্তরাষ্ট্রের জেনিফার সিম্পসন জিতেছেন রুপা (৪ মিনিট ২.৭৬ সেকেন্ড)।
কিন্তু সোনা জিততে না পারলেও সেমেনিয়া ঠিকই আবার বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি আইএএএফ ও আন্তর্জাতিক ডোপবিরোধী সংস্থার অর্থায়নে এক গবেষণায় দেখানো হয়েছে, টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকলে একজন নারী অ্যাথলেট তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে সর্বোচ্চ ৪.৫ শতাংশ বাড়তি সুবিধা পেতে পারেন। এটাকেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নতুন প্রমাণ হিসেবে দেখাতে চাইছে আইএএএফ। তাদের আশা, এতে করে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকা নারী অ্যাথলেটদের হরমোন চিকিৎসা নিতে বাধ্য করা যাবে।
সেমেনিয়া কি এই নিয়ম মেনে নেবেন? পরশু তাঁর ইভেন্টের পর এই প্রশ্নটাই করা হয়েছিল ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটকে। সোজা বলে দিয়েছেন, ‘আমার এসব ফালতু ব্যাপার নিয়ে ভাবার সময় নেই। চিকিৎসা নিতে হোক বা না হোক—এতে আমার কিছু যায় আসে না।’
এসব নিয়ে ভাবা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগী হতে চান সেমেনিয়া, ‘নেতিবাচক কিছু নিয়ে বেশি ভাবার মতো মানুষ আমি নই। আমি একজন ইতিবাচক মানুষ এবং সবকিছু ইতিবাচকভাবেই দেখি। ওরা (আইএএএফ) ওদের কাজ করে যাবে, আমি আমার কাজ করে যাব।’ এএফপি।