গ্যালারিভর্তি দর্শক। রঙিন আলোর রোশনাই। খেলার ফাঁকে ফাঁকে উচ্চ ভলিউমে বাজছে গান। ঠিক যেন ভারতের প্রো কাবাডির আদলে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ৩টি লোনাসহ ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে দিয়েছেন তুহিন তরফদাররা।
ছয় বছর আগে ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ কাবাডিতে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। সেবার জয় এসেছিল ৫২-১৮ পয়েন্টে। এবারও অনুমিতভাবেই জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তুহিন তরফদার।
ইংল্যান্ডকে তেমন সুবিধাই করতে দেয়নি বাংলাদেশ। শহীদ নূর হোসেন ভলিবল মাঠে প্রথমার্ধেই ২৭-৪ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ছিল বাংলাদেশের আধিপত্য। ম্যাচ জিতে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার উচ্ছ্বসিত, ‘আমরা প্রথম ম্যাচ জিতে খুশি। কোচের পরিকল্পনামতো খেলতে পেরেছি। এই ম্যাচে সবাই ভালো খেলেছে। আমরা পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রেখে গত আসরের মতোই অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই।’ আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান। প্রলম্বিত উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ম্যাচ শুরু করতে একটু বেশি সময়ই নিয়ে ফেলেছে কর্তৃপক্ষ।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মালয়েশিয়া, কেনিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইংল্যান্ড ও বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।