লরিয়াসের বর্ষসেরা বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থবারের মতো লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন বোল্ট। সেই খুশিতে তির ছোড়ার ভঙ্গিতে উদ্‌যাপন না করলে হয়! পরশু মোনাকোতে‍ l ছবি: লরিয়াস
চতুর্থবারের মতো লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন বোল্ট। সেই খুশিতে তির ছোড়ার ভঙ্গিতে উদ্‌যাপন না করলে হয়! পরশু মোনাকোতে‍ l ছবি: লরিয়াস

মনোনয়ন পেয়েছিলেন আরও পাঁচজন—ক্রিস্টিয়ানো রোনালদো, মো ফারাহ, অ্যান্ডি মারে, স্টিফেন কারি, লেব্রন জেমস। এঁরাও নিজ নিজ খেলায় গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন। তবু উসাইন বোল্টকে পেছনে ফেলতে পারলেন না কেউ। মোনাকোতে পরশু লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের রাতটা তাই রিও অলিম্পিকে তিনটি সোনাজয়ী জ্যামাইকান স্প্রিন্টারের। চতুর্থবারের মতো লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হলেন বোল্ট।
রিওতেই চারটি সোনা জেতা আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলস হয়েছেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদ। কিংবদন্তি আমেরিকান সাঁতারু মাইকেল ফেল্প্স পেয়েছেন ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার। গত মৌসুমে রূপকথা লিখে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা লেস্টার সিটিকে দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড স্পিরিট অব স্পোর্টস’ পুরস্কার।
এর আগে ২০০৯, ২০১০ ও ২০১৩ সালেও লরিয়াসের বর্ষসেরা হয়েছিলেন বোল্ট। তিনি ছাড়া চারবার করে লরিয়াসের পুরস্কার জিতেছেন রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস ও আমেরিকান সার্ফার কেলি স্লেটার।
মাইকেল জনসনের কাছ থেকে পুরস্কারটা নেওয়ার আগে কিছুক্ষণ দর্শকদের নেচেও দেখিয়েছেন বোল্ট। পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরও একবার নিশ্চিত করেছেন, টোকিও অলিম্পিক পর্যন্ত ক্যারিয়ার লম্বা করার কোনো ইচ্ছে নেই তাঁর। এ বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দিয়েই ক্যারিয়ার শেষ করতে চান বোল্ট, ‘এ পর্যন্ত আমি যা করেছি, তাতেই আমি সন্তুষ্ট। যদি সিদ্ধান্তটা শুধু আমার হতো, তাহলে আমি রিও অলিম্পিকের পরেই বিদায় বলে দিতাম। তবে সমর্থকেরা আমাকে আরও কিছুদিন থেকে যেতে অনুরোধ করেছেন।’