লাওসকে স্বপ্ন দেখাচ্ছেন সিরি

২৫ মিটার লম্বা একটা পুল। এক পাশে চলছে বাচ্চাদের জলকেলি, আরেক পাশে কিছু শিশু আবার সাঁতার শিখছে। মধ্যে এক কিশোরী ধ্যানমগ্ন ঋষির মতো অনুশীলন করেই যাচ্ছে। রিও অলিম্পিকে দেশের মান রাখতে হবে—একটু খেয়াল করলে এই প্রতিজ্ঞাই হয়তো দেখা যাবে সিরি বুদাচারের্ন অরুনের চোখেমুখে।
চ্যালেঞ্জটা লাওসের এই কিশোরীর কাছে বড়, গুরুত্বপূর্ণও। পদক জয় দূরে থাক, লড়াই করতে পারার কথা বলতেও দুবার ভাবতে হচ্ছে সিরিকে। ১৪ বছর বয়সী সিরি কখনো প্রাতিষ্ঠানিক কোচ পায়নি। যে পুলে সাঁতরায়, সেটা অলিম্পিকের সুইমিংপুলের ঠিক অর্ধেক। পুলটাও পেশাদার সাঁতারুদের জন্য নয়। বাচ্চাদের সাঁতার শেখা থেকে শুরু করে রাতে পার্টিরও হয় এখানে। পুলের যথাযথ পরিচর্যা হয় না, পানি কখনো কখনো নোংরা-দুর্গন্ধময় হয়ে যায়। সেই পুলেই নিশ্বাস চেপে অনুশীলন করে যান সিরি। ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার শেষ করতে অবশ্য খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। সিরির সময় লাগে ৩৩.৭১ সেকেন্ড। বিশ্ব রেকর্ডের চেয়ে ১০ সেকেন্ড বেশি।
এশিয়ার সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর একটি লাওস। অ্যাথলেটিকসের জন্য খুব বেশি বিনিয়োগ করতে পারে না সমাজতান্ত্রিক এই দেশটি। এবার সেখান থেকে যে পাঁচজন রিওতে যাচ্ছেন, তাঁরা কেউ পদক জিতলেও সেটা হবে অনেক বড় অঘটন। আত্মবিশ্বাসের অভাব নেই তবুও সিরির, ‘আমরা হয়তো বড় কোনো দেশ নই, কিন্তু আমি পৃথিবীর সবাইকে জানাতে চাই আমরাও সাঁতরাতে পারি।’
সেটাও সিরির জন্য কঠিন একটা কাজ। ২৫ মিটারের পুলে সাঁতার শেখা সিরি সেভাবে ভালো কোনো কোচের কাছ থেকে প্রশিক্ষণ পায়নি। ইন্টারনেট থেকেই যা কিছু শিখেছে। বাবা সেনগুরান জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফে চাকরি করেন। মেয়ের সাঁতারের জন্য সব খরচ তিনিই বহন করেছেন। কোনো পৃষ্ঠপোষকই পায়নি সিরি। বলতে গেলে একরকম চোখ বাঁধা অবস্থাতেই যেতে হচ্ছে অলিম্পিকে।
সিরিদের জন্য সেটাই বা কম কী! এএফপি।