প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮২ বছর বয়সে শুরু। সাঁতারের প্রেমে পড়েন তার পরই। এখন তিনি ফিনা মহিলা মাস্টার্স সাঁতারের তারকা! গল্পের মতো শোনালেও শতবর্ষী মিকো নাগাওকার জন্য এটাই সত্য। ১৯১৪ সালে জন্ম নেওয়া নাগাওকা ছিলেন জাপানের ঐতিহ্যবাহী নৃত্যনাট্য শিল্পী। একবার হাঁটুর চোটে পড়লে চিকিৎসকের পরামর্শে ৮২ বছর বয়সে শুরু করেন সাঁতার। আগে কখনোই সাঁতরানোর অভ্যাস না থাকায় সাঁতারের ‘অ’, ‘আ’ও শিখতে হয় তাঁকে। পরে অনুরক্ত হয়ে পড়েন সাঁতারে। দুই বছর পর জাপানের মাস্টার্স সাঁতারে নাম লেখান, এরপর আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের (ফিনা) বর্ষীয়ানদের প্রতিযোগিতায়। হঠাৎ করে নাগাওকার খবরে আসার কারণ, গতকাল ফিনার মাস্টার্স ১৫০০ মিটারে সাঁতরেছেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৫ মিনিট ৫৪.৩৯ সেকেন্ড। টাইমিং যেমনই হোক, ১৫০০ মিটার সাঁতারে অংশ নেওয়া প্রথম শতবর্ষী প্রতিযোগী যে তিনিই। শিনহুয়া।