দল ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সাঁতারু মাহফুজা খাতুন শিলাকে পতাকাবাহক হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু গত রাতে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে শুটার শাকিলের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
মূলত সাঁতার কোচ পার্ক তে গুনের অনাগ্রহেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে বিওএ। আজ সকালে সাঁতারের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে পুলে নামার কথা শিলার। কিন্তু আগের রাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পতাকা বহন করলে অসুস্থ হয়ে পড়তে পারেন এই সাঁতারু। এ জন্য শিলার বদলে অন্য কাউকে পতাকা দেওয়ার অনুরোধ করেন তে গুন। বিওএ কর্মকর্তারা বেছে নেন শাকিলকে। এই শুটার যে শুটিং রেঞ্জে নামবেন ১৫ মে।
সাঁতার ছাড়াও আজ প্রথম দিনে পদকের লড়াইয়ে নামবে শুটিং, জিমন্যাস্টিকস, কারাতে ও ভারোত্তোলন দল। শুটিংয়ে আজ মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা আতকিয়া হাসান, মাহফুজা জান্নাত জুঁই এবং ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকি ও রাব্বি হাসান রেঞ্জে নামবেন। সাঁতারে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুন শিলা, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নাঈমা আক্তার, ৮০০ মিটার ফ্রিস্টাইলে নাজমা খাতুন, ৫০ মিটার ব্রেস্ট্রস্ট্রোকে আরিফুল ইসলাম নামবেন। ভারোত্তোলনে ফুলপতি চাকমা ৫৩ কেজিতে ওজন তুলবেন। কারাতেতে মাউনজেরা বর্ণা ৫০ কেজি ওজন শ্রেণিতে ও আল আমিন ইসলাম ৬০ কেজিতে অংশ নেবেন। জিমন্যাস্টিকসে সাদ্দাম হোসেন ফ্লোর এক্সারসাইজ, প্যারালাল বার ও রিংসে অংশ নেবেন।
২২ মে পর্যন্ত অনুষ্ঠেয় ১১ দিনের এই গেমসে অংশ নিচ্ছে ৫৪টি মুসলিম দেশের ৩০০০ অ্যাথলেট। একেবারে শেষ মুহূর্তে গেমস থেকে নাম প্রত্যাহার করেছে সুদান, লিবিয়া ও কুয়েত।