শিলার অন্যরকম 'অলিম্পিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিনদেশি বান্ধবীদের সঙ্গে শিলা(ডান থেকে দ্বিতীয়)- সৌজন্য ছবি
ভিনদেশি বান্ধবীদের সঙ্গে শিলা(ডান থেকে দ্বিতীয়)- সৌজন্য ছবি

কখনো অলিম্পিকে যাওয়া হয়নি। মনের মধ্যে মধ্যে একটা আক্ষেপই আছে মাহফুজা খাতুন শিলার। ভারতে হওয়া সর্বশেষ এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারুর সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচল। সম্প্রতি ঘুরে এলেন গ্রিস থেকে। গিয়েছিলেন এথেন্সের আন্তর্জাতিক অলিম্পিক একাডেমিতে। অলিম্পিকের তীর্থভূমি, প্রথম অলিম্পিক ভেন্যু গ্রিসের অলিম্পিয়া স্টেডিয়াম তো ঘুরে আসা গেল!
গত ২৬ জুন দেশে ফিরেছেন, কিন্তু বিশ্বের পুরনো স্টেডিয়াম, প্রথম অলিম্পিক ভেন্যু-দর্শনের ঘোর যেন কিছুতেই কাটছে না নৌবাহিনীর সাঁতারুর, ‘অলিম্পিয়া স্টেডিয়ামের কথা সারা জীবন বইয়ে পড়েছি, টেলিভিশনে দেখে এসেছি, মানুষের মুখে শুনেছি। সেখানে যেতে পারব তা কল্পনাও করতে পারিনি। প্রথম অলিম্পিক যেখানে হয়েছে সেই ভেন্যু নিজের চোখে দেখে আসার পর কী যে ভালো লেগেছে তা বলে বোঝাতে পারব না।’
আমন্ত্রণটা ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ৫৬তম আন্তর্জাতিক সেমিনারের জন্য এবার গ্রিসে পাঠিয়েছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও শ্যুটার রিসালাতুল ইসলামকে। গত ১১-২৫ জুন এথেন্সে হয়েছে এই আন্তর্জাতিক সেমিনার।

সেমিনার তো নয়, যেন বিশ্বের অ্যাথলেটদের মিলন মেলা। যেখানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠকেরাও। আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কুবার্তিন যে বার্তাটা ছড়িয়ে গেছেন সবার মধ্যে সেটাই যেন নতুন করে শেখানো হলো এই কর্মসূচিতে। নানা দেশের, ভাষার, বর্ণের সব অ্যাথলেট এক ছাতার নিচে জড়ো হয়েছিলেন ‘অলিম্পিয়াজম’-এ উদ্বুদ্ধ হতে।
দেশের হয়ে খেলতে এর আগেও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, স্কটল্যান্ডে গেছেন শিলা। কিন্তু এবারের গ্রিস সফরটা যেন অন্যরকম। এমন একটা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে পেরে গর্বিত শিলা, ‘সকালে ঘুম থেকে উঠেই অ্যাসেম্বলিতে যেতে হতো। এরপর বাস্কেটবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিকস শেষ করে নাস্তার টেবিলে যেতাম। দুপুরের সেমিনারে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খেলাধুলা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতেন। আমাদের মতো অ্যাথলেটদের শেখার অনেক কিছু ছিল ওই সেমিনারে।’
কীভাবে একটা অলিম্পিক গেমস আয়োজন করা হয়, কীভাবে তৈরি হয় অলিম্পিক ভিলেজ, একটি আধুনিক গেমস ভিলেজ তৈরিতে কী পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কোথায়, কেমন করে সংগঠক, খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে হবে সব শেখানো হয়েছে এই সেমিনারে। অনেক অলিম্পয়ানের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন শিলা। তাঁরা নিজেদের অলিম্পিকে অংশ নেওয়ার গল্পগুলো শুনিয়েছেন অ্যাথলেটদের।
সাঁতারু হলেও শিলা অংশ নিয়েছেন অন্য খেলাতে। সাঁতারু শিলা, কিন্তু বিশ্বের সবাই তাঁকে চিনেছে ক্রিকেটের দেশের মানুষ বলে। সেই মজার অভিজ্ঞতা বললেন শিলা, ‘সেখানে নাচ ও ছবি আঁকা শিখিয়েছে। আমি সাঁতার শিখিয়েছি। যে যা পারে সবাইকে শিখিয়েছে। টেনিস বল ছুঁড়ে মারার একটি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলাম। সেখানে সবাই বলছিলেন ও নিশ্চয় ক্রিকেটের দেশের অ্যাথলেট। মুস্তাফিজ, সাকিবদের কথা জানতে চাইতেন ওরা।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী শিলার এই পরিচয়েও অনেকেই বিস্মিত, ‘অনেকে যখন শুনলেন আমি সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছি, তখন আমার দিকে অবাক চোখে চেয়ে থাকতো।’
মাত্র ১৫ দিন এথেন্সের একাডেমিতে ছিলেন শিলা। কিন্তু গ্রিস ছেড়ে আসার সময় সবাই ছিলেন আবেগপ্রবণ, ‘বন্ধুরা একে অপরকে জড়িয়ে কেঁদেছি। মনে হচ্ছিল যেন ১৫ দিন নয়, ১৫ বছর এক সঙ্গে ছিলাম।’
এই অভিজ্ঞতা ভবিষ্যতে কোনো অলিম্পিকে কাজে লাগাতে চান শিলা, ‘এখান থেকে অনেকেই অলিম্পিকের স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হন। ভবিষ্যতে আদৌ কোনো অলিম্পিকে যেতে পারব কিনা জানি না, তবে অলিম্পিকে কাজের সুযোগ পেলে হাতছাড়া করব না।’