শুটিং রেঞ্জে দ্বিতীয় প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা-মায়ের দেখানো পথেই শুটিং রেঞ্জে রওনক। কিশোর ছেলেকে নিয়ে অনুশীলনে ব্যস্ত সাবেক শুটার সাইফুল-সাবরিনা দম্পতি। কাল গুলশান শুটিং কমপ্লেক্সে l প্রথম আলো
বাবা-মায়ের দেখানো পথেই শুটিং রেঞ্জে রওনক। কিশোর ছেলেকে নিয়ে অনুশীলনে ব্যস্ত সাবেক শুটার সাইফুল-সাবরিনা দম্পতি। কাল গুলশান শুটিং কমপ্লেক্সে l প্রথম আলো

গতকাল শুরু হওয়া এবারের ২৮তম জাতীয় শুটিংয়ে গুলশান ক্লাবের হয়ে রেঞ্জে দাঁড়াবে ১২ বছর বয়সী রওনক চৌধুরী। শুটিং রওনকের রক্তে। বাবা সাইফুল আলম চৌধুরী রিংকি ছিলেন দেশের একসময়ের সেরা শুটার। মা সাবরিনা সুলতানাও তাই। সাবরিনা সাফ গেমস ও কমনওয়েলথ শুটিংয়ের সোনাজয়ী। রিংকি সাফ গেমসে দেশের পতাকা উড়িয়েছেন অনেকবার।

তবে রিংকি-সাবরিনার কেউই চাননি রওনক শুটিংয়ে আসুক। কাল গুলশান শুটিং রেঞ্জে দাঁড়িয়ে সাবরিনা বলছিলেন, ‘ওকে প্রথমে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলাম। কিন্তু ওর আগ্রহ শুটিংয়ে। ক্রিকেট কখনোই ওকে টানেনি।’

ওকে টানবে কেন? সাবরিনা অন্তঃসত্ত্বা অবস্থায় তিন মাস শুটিং করেছেন। পরে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে যেতে হয় তাঁকে। রওনকের বয়স যখন তিন মাস, তখন থেকেই আবারও শুটিং রেঞ্জে দৌড়ঝাঁপ শুরু সাবরিনার, ‘ওকে নিয়েই ফেডারেশনের ক্যাম্পে যোগ দিয়েছিলাম। অনুশীলনের ফাঁকে ফাঁকে ছেলেকে কত দিন যে দুধ খাইয়েছি, ঠিক নেই।’ 

সাবরিনা ও রিংকির অন্যতম প্রধান ইভেন্ট ছিল এয়ার রাইফেল। কিন্তু ছেলে বেছে নিয়েছে পিস্তল। তবে সাবরিনা চেয়েছিলেন উল্টোটা, ‘চেয়েছিলাম ও যেন আমার মতো রাইফেলের ইভেন্ট করে। কিন্তু ওর এতে আগ্রহ নেই। নিজের ইচ্ছাতেই পিস্তল করছে।’ 

গত জুলাইয়ে প্রথম পিস্তল হাতে তুলেছে রওনক। ফেডারেশন থেকে অংশ নেয় অনুশীলন ক্যাম্পে। মাত্র এক মাসের প্রস্তুতি নিয়ে লড়বে দেশের সিনিয়র শুটারদের সঙ্গে। অনুশীলনে মোটেও খারাপ করেনি রওনক। ৫১৯ পয়েন্ট স্কোর করতে দেখে অবাক বাবা রিংকি, ‘ওর বাবা বলে বলছি না, একজন নতুন শুটার হিসেবে যথেষ্ট উন্নতি করেছে অল্প সময়ে। সর্বশেষ অনুশীলনে বগুড়া সেনা শুটিং ক্লাব ও কুষ্টিয়া শুটিং ক্লাবের দুই সিনিয়র শুটারকে হারিয়েছে ও। অন্য ক্লাবের এক কর্মকর্তা ওর সঙ্গে বাজি ধরে বার্গার। ও ঠিকই তিন শটে ২৯ পয়েন্ট মেরে বার্গার জিতে নেয়।’

গুলশান শুটিং কমপ্লেক্সটা রওনকের কাছে যেন দ্বিতীয় ঘর। বাবা ও মা শুটিং ছেড়ে এখন ফেডারেশনের কোচ। দুজনেরই দিনের বেশির ভাগ সময় কাটে শুটিং রেঞ্জে। বাবা-মায়ের সঙ্গেই ফেডারেশনে আসা রওনকের জন্য গোলাবারুদ আর অস্ত্রটা হয়ে গেছে মামুলি এক বিষয়। এ জন্যই হয়তো রেঞ্জে দাঁড়িয়ে একেবারেই স্নায়ুচাপে ভোগে না ছোট্ট ছেলে!

রোহান গাভাস্কার বাবা সুনীল গাভাস্কারের নাম রাখতে পারেননি। শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন পারবে কি না তা সময়ই বলে দেবে। ক্রিকেটের মতো বিশ্ব ফুটবলেও চাইলে এমন উদাহরণ ভূরি ভূরি দেওয়া যাবে। ইতালি দলে একসময় খেলেছেন বাবা সিজারে মালদিনি। বাবার পথে হেঁটে ছেলে পাওলো মালদিনি আরও বিখ্যাত হয়েছেন। জাতীয় দলে অংশ নেওয়া এই শুটার দম্পতির ছেলেকে নিয়ে তাই বড় একটা স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।