শুটিংয়ের কমিটি ভাঙার পরামর্শ
অনেক দিন ধরেই কোন্দলে দিশেহারা বাংলাদেশ শুটিং ফেডারেশনে শিগগিরই একটি অ্যাডহক কমিটি দেখা যেতে পারে। ফেডারেশনের সভাপতি ও মহাসচিবের দ্বন্দ্ব খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। সব পক্ষের সঙ্গে কথা বলে ১২ আগস্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় কমিটি।
সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী ও মহাসচিব ইন্তেখাবুল হামিদের দ্বন্দ্বের ব্যাপারে তদন্ত কমিটি তথ্য–প্রমাণ পেয়েছে। কমিটির এখতিয়ার ছিল শুধু দুজনের দ্বন্দ্বের সত্যতা যাচাই করা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে ফেডারেশন চলতে পারে না। আপাতত এনএসসির ক্ষমতাবলে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা যেতে পারে। উল্লেখ্য, নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এ বিষয়ে জানতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের সঙ্গে গত দুই দিন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
শুটিং অঙ্গনের সবাই এখন মন্ত্রীর দিকে তাকিয়ে। ফেডারেশন গতিশীল না হওয়ায় খেলাটা আরও তলানির দিকে চলে যাচ্ছে। আগামী বছর টোকিও অলিম্পিকের জন্য আর্চার রোমান সানা অনুশীলন শুরু করলেও শুটার আবদুল্লাহ হেল বাকি রয়েছেন ঘোর অনিশ্চয়তায়। তাঁর দিন কাটছে নিজের রাইফেলের ভবিষ্যৎ চিন্তা করে। আগামী অলিম্পিকে বাকিরও অংশ নেওয়ার সম্ভাবনা আছে।
‘সবার তো দুটি অস্ত্র নেই। আমার নিজেরই একটি অস্ত্র। আর চাইলেও অনভ্যস্ত অস্ত্র দিয়ে খেলা কঠিন।’
২০১৭ সালে বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে রাইফেল এনেছেন, এমন অভিযোগে বাকিসহ ১৪ শুটার গত ৫ ও ৯ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) হাজিরা দিয়েছেন। সেই থেকে এনবিআরের দিকে তাকিয়ে আছেন শুটাররা। গত দুটি কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপাজয়ী বাকির অপেক্ষা একটু বেশিই, ‘অলিম্পিকে খেলতে হলে দ্রুতই অনুশীলনে নামা উচিত। কিন্তু শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর থেকে আমাদের বলে দিয়েছে, অস্ত্রের ব্যাপারটা সমাধান না হওয়া পর্যন্ত রাইফেল নিয়ে যেন বের না হই বা অনুশীলন না করি। চরম অনিশ্চয়তার মধ্যে দিন যাচ্ছে।’
শুটিং ফেডারেশন এখন অনুশীলন ক্যাম্প ডাকলেও এই ১৪ খেলোয়াড় বৈধ কাগজহীন অস্ত্র নিয়ে অনুশীলন করতে পারবেন না। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছে শুটিং ফেডারেশন। কাজেই এনবিআর যদি শুটারদের ছাড় দেয়ও, তবু তাঁরা আটকে যাবেন ফেডারেশনের গেরোয়। এ বিষয়ে শুটিং ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী নিয়েছেন কঠোর অবস্থান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘তারা (শুটাররা) অন্য অস্ত্র নিয়ে অনুশীলন করবে বা খেলবে, সমস্যা কী!’
কিন্তু শুটাররা বলছেন, সমস্যা আছে। সবার মনের কথাটাই যেন বললেন অর্ণব শাহরার, ‘সবার তো দুটি অস্ত্র নেই। আমার নিজেরই একটি অস্ত্র। আর চাইলেও অনভ্যস্ত অস্ত্র দিয়ে খেলা কঠিন।’
এ ছাড়া ৯ আগস্ট শুটিং ফেডারেশনের দৈনন্দিন কাজ ছাড়া নীতিনির্ধারণী কাজে নিষেধাজ্ঞা দিয়েছে এনএসসি। এর মধ্যেই ১৮ আগস্ট জুমে ফেডারেশনের কোচিং কমিটির সভা করেন সভাপতি। পরশু করেন প্রশাসনিক সভা। এ নিয়ে ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ ক্ষুব্ধ, ‘সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সভাপতি আমাকে কিছু না জানিয়ে নিজের মনমতো সব করে যাচ্ছেন।’ তবে সভাপতির ভাষ্য, ‘দৈনন্দিন কাজ কোনটা আর নীতিনির্ধারণী কোনটা, পরিষ্কার নয়। এনএসসিতে জানতে চাইলেও তারা নির্দিষ্ট করে কিছু বলেনি।’
তবে এনএসসির সচিব মাসুদ করিমের কথা, ‘রুটিন’ আর নীতিনির্ধারণী কাজ কী, সেটি শুটিং ফেডারেশন জানে। তিনি বলেন, ‘অনুশীলন করা রুটিন কাজের মধ্যে পড়লে, তারা সেটা করতে পারবে। বিষয়টা তারাই ঠিক করুক।’ অনুশীলন করার ব্যাপারে সভাপতি প্রথমে বললেন, ‘সরকার অনুমতি দিলে অনুশীলন শুরু করব।’ সরকার অনুমতি দিয়েছে ১০ আগস্ট। নতুন করে অনুমতির প্রশ্ন কেন? নাজিম উদ্দীন বলেন, ‘আমাদের কাছে সেই চিঠি এখনো আসেনি।’ যদিও এখানে চিঠি আসার কোনো প্রশ্ন নেই। সরকার কোনো ফেডারেশনকেই এ–সংক্রান্ত কোনো চিঠি পাঠায়নি।
ক্যাম্প চালু করলে যদি কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে সবাই তাঁকে দোষারোপ করবেন—এমন যুক্তিও দিচ্ছেন সভাপতি। তা ছাড়া গুলশান শুটিং রেঞ্জে কোয়ারেন্টিন সেন্টার করতে চেয়েছিল সরকার। সেটি শেষ পর্যন্ত না হলেও আনুষ্ঠানিকভাবে রেঞ্জ আবার ফেডারেশনের হাতে আসতে হবে। আর প্রশিক্ষণ শুরু করলে টাকারও প্রয়োজন। টাকার অনুমোদন দেবে নির্বাহী কমিটি। কিন্তু নির্বাহী কমিটির সভা তো ‘নীতিনির্ধারণী’ কাজ হয়ে যাবে! সভাপতি দিচ্ছেন এমন সব যুক্তিও। সব মিলিয়ে সমস্যায় ভারাক্রান্ত শুটিং এখন অপেক্ষায় সরকারের সিদ্ধান্তের।র