শেষ অতৃপ্তিটাও ঘোচালেন 'কিং কোহেই'

রাশিয়া জিতলে বড় সুন্দর একটা গল্প হতো। শুরুর কয়েক দিন আগেও এই অলিম্পিকে থাকা নিয়েই ছিল ঘোর অনিশ্চয়তা। সেখানে প্রথমবারের মতো পুরুষ জিমন্যাস্টিকসে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ফেলাটা কি একটু রূপকথার মতোই শোনাত না!
সেটি হতে দিলেন না জাপানি রূপকথার নায়ক কোহেই উচিমুরা। জাপানিরা অবশ্য তাঁকে ‘রাজা’ বলে ডাকে ‘কিং কোহেই’। আরেকটি নিকনেম ‘সুপারম্যান।’ পুরুষ জিমন্যাস্টিকসে সর্বকালের অন্যতম সেরা, এই স্বীকৃতি পেয়ে গেছেন আগেই। কোহেই উচিমুরা এই অলিম্পিকে এসেছেন ‘অন্যতম’ শব্দটাও মুছে দিতে।
২০০৯ সাল থেকে অল-অ্যারাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন। সোনা জিতেছেন লন্ডন অলিম্পিকেও। এক অলিম্পিক থেকে আরেক অলিম্পিক পর্যন্ত সব বড় প্রতিযোগিতাকে একসঙ্গে বলে ‘অলিম্পিক সাইকেল’। সব কটিই জিতেছেন উচিমুরা। রিওতেও না জেতার কোনো কারণ নেই। ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটলেও না। এমনই দোর্দণ্ডপ্রতাপে ৬টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন যে, বিশেষজ্ঞরা হিসাব করে দেখেছেন, কোনোটি থেকে পড়ে গেলেও ঠিকই জিততেন। রিওতে অল-অ্যারাউন্ডে ব্যক্তিগত সোনা ধরে রাখতে পারলে সেই কীর্তি হবে ৪৪ বছরের মধ্যে প্রথম। ৪৪ বছর আগে এই কীর্তি যাঁর, তিনি উচিমুরার স্বদেশি। সাওয়াও কাতো ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকে সোনা জেতার চার বছর পর মিউনিখেও তা হাতছাড়া করেননি।
কাতো জাপানি জিমন্যাস্টিকসের স্বর্ণযুগের উজ্জ্বলতম নায়ক। যে স্বর্ণযুগে ১৯৬০ থেকে ১৯৭৬ পর্যন্ত টানা পাঁচটি অলিম্পিকে দলগত অল-অ্যারাউন্ডে সোনা জেতার অবিশ্বাস্য কীর্তি জাপানের। উচিমুরার সব পাওয়ার ক্যারিয়ারে একমাত্র না-পাওয়া হয়েছিল এটি। অলিম্পিকে নিজে সেরা হয়েছেন, কিন্তু দেশকে সেরা বানাতে পারেননি। গত পরশু রাতে ঘুচে গেল সেই অতৃপ্তিও। পুরুষ দলগত অল-অ্যারাউন্ডে সোনা জিতল উচিমুরার জাপান।
আগের দুটি অলিম্পিকে যাদের কাছে হেরে রুপা জিততে হয়েছে, সেই চীন কোয়ালিফাইং রাউন্ডেও সেরা হয়ে ফাইনালে উঠেছিল। ফাইনালে অবশ্য জাপানের মূল লড়াইটা হলো রাশিয়ার সঙ্গে। পঞ্চম রোটেশন শেষ হওয়ার আগ পর্যন্ত রাশিয়াই ছিল এক নম্বরে। জিমন্যাস্টিকসের একনিষ্ঠ অনুরাগী যাঁরা এই লেখা পড়ছেন, তাঁদের কাছে বাহুল্য মনে হতে পারে। তবে বাকিদের জন্য ‘রোটেশন’টা একটু ব্যাখ্যা দাবি করে। ভল্ট, রিং, পমেলহর্স, ফ্লোর এক্সারসাইজ, হরাইজন্টাল ও প্যারালাল বার—পুরুষদের অল-অ্যারাউন্ডে পারফর্ম করতে হয় এই ছয়টিতে। ব্যক্তিগত তো একার ব্যাপার, নিজের ভাগ্য নিজেরই হাতে। দলগত অল-অ্যারাউন্ডে ৬টি রোটেশনের পর সবার স্কোর যোগ করে চূড়ান্ত ফলাফল। যেটি ২০০৪ এথেন্স অলিম্পিকের পর প্রথম সোনা জেতাল জাপানকে। রাশিয়া রুপা। মাত্র দশমিক ৩৩১ পয়েন্ট পেছনে থেকে ব্রোঞ্জ চীনের।
‘কেউ কখনো রুপা জেতে না, সোনা হারে’—কে যেন কথাটা বলেছিলেন, ঠিক মনে নেই। রুশ জিমন্যাস্টদের প্রতিক্রিয়ায় অবশ্য এটি মিথ্যা প্রমাণিত। পদকের রঙে যেন তাঁদের কিছুই আসে যায় না। ইভান স্ত্রোতেভিচ যেমন বললেন, ‘ব্রোঞ্জ জিতলেও সমস্যা ছিল না। কোনো একটা পদক জিততে পেরেছি, এতেই আমরা খুশি।’ দলের আরেক সদস্য দেনিস আবলিয়াজিন তো আরও আপ্লুত, ‘ষোলো বছর পর আমরা পদক জিতলাম! আবেগটা ধরে রাখতে পারছি না, এখনো বিশ্বাস হচ্ছে না আমরা পদক জিতেছি।’
টানা দুটি অলিম্পিকে রুপার পর এখানে সোনা জিততে না পারলে উচিমুরা অবশ্য সেটিকে ‘ব্যর্থতা’ই ধরে নিতেন। সংবাদ সম্মেলনে অবশ্য কোনো উচ্ছ্বাস নেই। বরং জানালেন, যতটা না আনন্দ, তার চেয়ে বেশি ক্লান্তির অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছেন তিনি। মাঝখানে এক দিন, তারপরই ব্যক্তিগত অল-অ্যারাউন্ড সোনা ধরে রাখার লড়াই (রিওতে বুধবার বিকেলে, বাংলাদেশের মধ্যরাতে)। ক্লান্তিটাকে বড় করে দেখার কারণ হয়তো এটাই।
দলগত সাফল্যের একটা মহিমার কথা ভেবে অবশ্য যথেষ্টই আনন্দিত মনে হলো উচিমুরাকে। নিজে সুপারস্টারের মর্যাদা পান, কিন্তু জাপানে জিমন্যাস্টিকস নিয়ে চীনের মতো মাতামাতি নেই। এই সোনা সেটি বদলে দেবে বলেই তাঁর আশা, ‘এখন আমার নাম, কেনজো শিরাইয়ের নাম দেশের সবাই জানবে। সোনা জেতায় দলের সবাইকে লোকে চিনবে। পরের অলিম্পিক টোকিওতে, আশা করি সেটিও আমরাই জিতব।’
চার বছর পর বয়স হবে ৩১। টোকিওতে উচিমুরার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। নিজের সঙ্গে শিরাইয়ের নামটাও বললেন হয়তো এ কারণেই। ১৯ বছরের কেনজো শিরাই জাপানের এই দলে নবীনতম। মশালটা তাই তাঁর হাতেই তুলে দিচ্ছেন উচিমুরা। জিমন্যাস্টিকসের আগুন জাপানিদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে।
সেটি দেশের দৃষ্টিকোণ থেকে বৃহত্তর অর্থে। কেনজো শিরাই যেখানে ভবিষ্যতের নাম। বর্তমান এখনো উচিমুরাই। ব্যক্তিগত অল-অ্যারাউন্ডের সোনা জিতে মশালটা আরও উঁচুতে তুলে ধরার কাজটা যে এখনো বাকি!