শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটকীয়তায় হেরে গেলেন 'স্প্রিন্টের রানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকীয় সেই মুহূর্ত। ফেলিক্সকে (৪ নম্বর লেনে) পেছনে ফেলতে লাফ দিলেন মিলার (৭ নম্বর লেনে)। ছবি: রয়টার্স।
নাটকীয় সেই মুহূর্ত। ফেলিক্সকে (৪ নম্বর লেনে) পেছনে ফেলতে লাফ দিলেন মিলার (৭ নম্বর লেনে)। ছবি: রয়টার্স।

রিওর অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরাও কি যা দেখেছেন, সেটি বিশ্বাস করতে পারছেন? রীতিমতো অবিশ্বাস্য! মেয়েদের ৪০০ মিটার দৌড়ে সোনার নিষ্পত্তি হলো কিনা পড়িমরি এক ‘ডাইভে’! যাতে যুক্তরাষ্ট্রের ‘স্প্রিন্টের রানি’ অ্যালিসন ফেলিক্সকে হারিয়ে সোনা জিতেছেন বাহামার শনে মিলার। 

একেবারে শেষ মুহূর্ত পর্যন্তও সমানে-সমান ছিলেন দুজন। এক মিটার দূরে থাকার সময়ও মনে হচ্ছিল, ফেলিক্সই জিততে যাচ্ছেন। রুদ্ধশ্বাস সমাপ্তির আশায়ই ছিলেন সবাই। কিন্তু যা হলো, সেটি হয়তো দূরতম কল্পনায়ও ছিল না। দর্শকদের, এবং ফেলিক্সকে, হতভম্ব করে একেবারে শেষ মুহূর্তে লাফ দিলেন মিলার। এবং মাথা সামনের দিকে রেখে দেওয়া ওই লাফে ফিনিশিং লাইনও ছুঁয়ে ফেললেন সবার আগে! ব্যবধান? সেকেন্ডের ৭০০ ভাগের এক ভাগ!
নয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে চারটি সোনাজয়ী ফেলিক্সকে তাই সন্তুষ্ট থাকতে হলো রুপা নিয়ে। ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন।
দৌড়ের শুরু থেকেই অবশ্য এগিয়ে ছিলেন শনে মিলার। কিন্তু ২০০ মিটার পেরোনোর পর থেকেই গতি বাড়িয়ে দেন ফেলিক্স। তারপরও অবশ্য মিলারের পেছনেই ছিলেন। নাটক শুরু হলো একেবারে শেষ ৫০-৬০ মিটারে এসে। হঠাৎই গতি হারাতে শুরু করেন মিলার, এ সুযোগে তাঁকে ধরে ফেলেন ফেলিক্স। শেষ ১০ মিটারে তো মনে হচ্ছিল ফেলিক্সই এগিয়ে যাচ্ছেন। ব্যবধানটা যদিও ছিল খুব কম।
শেষ এক-দুই মিটারে হলো চূড়ান্ত নাটকীয়তা। অনেকটা ক্লান্ত হয়ে পড়া মিলার হয়তো বুঝতে পেরেছিলেন, দৌড়ে ফেলিক্সকে ছুঁতে পারবেন না। এ কারণেই শেষ মুহূর্তে দিলেন লাফ। পড়িমরি ওই লাফেই ফেলিক্সকে ফেলে দিলেন পেছনে।