শেষবার দেখে নিন বোল্টকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ শুধু বোল্টের পক্ষেই সম্ভব!

অন্যরা বড়জোর ‘ভালো করা’র আশ্বাস দেন। আর বোল্ট দেন জেতার ‘নিশ্চয়তা’, এমনকি জেতার পরদিন তাঁকে নিয়ে পত্রিকার শিরোনাম কী হবে, সেটাও ঠিক করে দেন। যেমন আগামীকাল তাঁকে নিয়ে পত্রিকার শিরোনাম হবে—‘অপরাজেয়, অপ্রতিরোধ্য বোল্ট’। লন্ডনে ক্যারিয়ারের শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসে প্রথম সংবাদ সম্মেলনেই সদর্পে এই ঘোষণা দিয়েছেন গ্রহের দ্রুততম মানব। বাংলাদেশ সময় আজ রাতে তিনি ১০০ মিটারে দৌড়াবেন শেষবারের মতো।

১০০ মিটার রিলের ফাইনালটা অবশ্য এরপরও রয়ে যাবে। কিন্তু ১২ আগস্ট সেটা তো দলগত ইভেন্ট। ব্যক্তিগত ইভেন্টে ‘ব্রজবিদ্যুতে’র ঝলকানি দেখার আজই শেষ সুযোগ। অবশ্য এ ক্ষেত্রে একমাত্র পূর্বশর্ত হলো, গত রাতে হয়ে যাওয়া হিট আর আজ ফাইনালের আগে সেমিফাইনাল পেরোতে হবে বোল্টকে। কিন্তু যিনি জেতার পর পত্রিকার শিরোনাম কী হবে, সেটা ঠিক করে দেন, তাঁর জন্য ওগুলো কোনো বাধা নাকি!

২০০৮ থেকে এ গ্রহের দ্রুততম মানব বোল্ট। বেইজিং অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে ‘স্প্রিন্ট ডাবল’ জেতার পরের বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাঙেন নিজের রেকর্ড। ৯.৫৮ ও ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড দুটি এখনো অম্লান। ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন ফলস স্টার্ট করে। এ ছাড়া ২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ বা ২০০ মিটারে কেউ হারাতে পারেনি তাঁকে। লন্ডনের গ্যালারি আজ বোল্টের জয় ছাড়া অন্য কিছুর সাক্ষী হলে সেটা স্প্রিন্টের ইতিহাসেই বড় অঘটন হবে সম্ভবত।

এমন নয় যে তাঁর প্রতিপক্ষরা খুব একটা ভালো নন। ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন যাঁরা, তাঁদের মধ্যে জ্যামাইকান সতীর্থ ইয়োহান ব্লেক এ গ্রহের দ্বিতীয় দ্রুততম মানব, ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের সোনাজয়ী। আরেকজন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন, ডোপ নেওয়ার দায়ে দুই দফা নিষেধাজ্ঞা কাটিয়ে এসেও যিনি আগের মতোই ধারালো। ১০০ মিটারের ফাইনালে বোল্টের সর্বশেষ হারটাও এই গ্যাটলিনের কাছেই (২০১৩ রোম ডায়মন্ড লিগে)। এ বছর ১০০ মিটারে সবচেয়ে কম সময় (৯.৮২ সেকেন্ড) করা যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যানই বা কম কিসে। কিন্তু শুধু একজন বোল্ট আছেন বলেই তাঁদেরও মাঝেমধ্যে কী সাধারণ মনে হয়! বাকিদের সঙ্গে নিজের এতটাই ব্যবধান বানিয়ে ফেলেছেন জ্যামাইকান কিংবদন্তি।

নইলে কি আর কেউ নিজের জয় নিয়ে এতটা নিশ্চিন্ত থাকেন! এএফপি, রয়টার্স।

উসাইন বোল্টের ইভেন্ট

১০০ মিটার   বাংলাদেশ সময়

সেমিফাইনাল ৫ আগস্ট  রাত ১২-০৫ মি.

ফাইনাল      ৫ আগস্ট  রাত ২-৪৫ মি.

৪^১০০ মিটার রিলে

সেমিফাইনাল ১২ আগস্ট বেলা ৩-৫৫ মি.

ফাইনাল      ১২ আগস্ট রাত ২-৫০ মি.

সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২, সিলেক্ট এইচডি ২