শেষবেলায় আলোয় ফেলিক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের ১০০ মিটারের রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র দল, সেটিও কী নাটকীয়তার পর! যুক্তরাষ্ট্রের মেয়েদের উদ্‌যাপনটা হলোও তাই দেখার মতো। অলিম্পিকের পাঁচ সোনাজয়ী অ্যালিসন ফেলিক্সের (সবার ডানে) উড়ালটা হলো সবচেয়ে বেশি। পরশু রিওর অলিম্পিক স্টেডিয়ামে l রয়টার্স
মেয়েদের ১০০ মিটারের রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র দল, সেটিও কী নাটকীয়তার পর! যুক্তরাষ্ট্রের মেয়েদের উদ্‌যাপনটা হলোও তাই দেখার মতো। অলিম্পিকের পাঁচ সোনাজয়ী অ্যালিসন ফেলিক্সের (সবার ডানে) উড়ালটা হলো সবচেয়ে বেশি। পরশু রিওর অলিম্পিক স্টেডিয়ামে l রয়টার্স

২০০ মিটারে অংশ নেওয়ারই সুযোগ পাননি। ৪০০ মিটারে শনে মিলারের নাটকীয় ডাইভ সোনা জিততে দেয়নি তাঁকে। বাকি ছিল শুধু ১০০ মিটার রিলে। এখানে আর হতাশ হয়ে ফিরতে হলো না অ্যালিসন ফেলিক্সকে। ৪১.০১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার রিলের সোনা জিতেছে তাঁর দল যুক্তরাষ্ট্র। আর এর মধ্য দিয়েই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে প্রথম নারী হিসেবে পাঁচটি সোনা জয়ের অনন্য কীর্তি গড়লেন ফেলিক্স।
৪১.৩৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে জ্যামাইকা। এ ইভেন্টে সোনা হাতছাড়া হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি হতাশ অবশ্যই জ্যামাইকান স্প্রিন্টার এলেইন থম্পসন। চ্যাম্পিয়ন হতে না পারায় ১০০ মিটার ও ২০০ মিটারে সোনাজয়ী থম্পসনের যে ‘ট্রেবল’ হাতছাড়া হয়ে গেল একটুর জন্য! ৪১.৭৭ সময় নিয়ে তৃতীয় হয়েছেন ব্রিটেন।
অথচ আগের দিন হিটে যুক্তরাষ্ট্রের এই মেয়েরাই ভজকট পাকিয়ে সবার শেষে দৌড় শেষ করেছিলেন। ব্রাজিলের কাউয়িজা ভেনাসিওর সঙ্গে ধাক্কা লাগায় সতীর্থ ইংলিশ গার্ডনারকে ব্যাটন দিতে গিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন ফেলিক্স। ফের সুযোগ চেয়ে আপিল করে যুক্তরাষ্ট্র। অ্যাথলেটিকসের নিয়ন্ত্রক সংস্থা আইএএএফ আবার দৌড়ানোর সুযোগও দেয় দলটিকে। পরে একাই দৌড়ে হিটে অষ্টম হওয়া চীনের (৪২.৭০ সেকেন্ড) চেয়ে কম সময় নিয়ে তারা ওঠে ফাইনালে।
এত কাঠখড় পুড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বলেই ফেলিক্সের আনন্দটা একটু বেশি, ‘গতকালের (বৃহস্পতিবার) ওই ঘটনাটা আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। এটা আমাদের জন্য গর্বের একটা মুহূর্ত।’
অলিম্পিকে এ নিয়ে পাঁচটি সোনাসহ আটটি পদক হলো ফেলিক্সের। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি পদকজয়ী নারী অ্যাথলেটও তিনি। সব মিলিয়ে ফেলিক্স বেশ আবেগাপ্লুতও, ‘ক্যারিয়ারে পেছন ফিরে তাকালে আমার গর্বই হয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ড আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুবই খুশি।’
উসাইন বোল্টের মতো ‘ট্রেবল’ জেতা হয়নি বলে জ্যামাইকার থম্পসন অবশ্য হতাশ হতেই পারেন। তবে হতাশা যদি থেকেও থাকে সংবাদমাধ্যমের সামনে সেটি একদমই প্রকাশ করেননি জ্যামাইকার স্প্রিন্ট ডাবলজয়ী, ‘এটা আমার প্রথম অলিম্পিক। দুটি সোনা জিতেছি, একটি রুপা। এরপর আর অভিযোগ করার কী থাকতে পারে!’ এএফপি, রয়টার্স।