শোভনের আক্ষেপের রং রুপালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্ত ঘোষণা আসতেই রাইফেলটা হাত থেকে নামিয়ে টেবিলের পাশে রাখলেন। শোভন চৌধুরীর চোখে তখন স্বপ্নভঙ্গের অশ্রু। হাতের মুঠোয় ঢুকে পড়া ১০ মিটার এয়ার রাইফেলের সোনার পদকটি কাল রেখে এলেন কাহিলিপাড়ার শ্যুটিং রেঞ্জে। ভারতের অলিম্পিয়ানদের সঙ্গে লড়াই করে ২০টির মধ্যে ১৮ শট পর্যন্ত এগিয়ে থাকা শোভন শেষ দুটিতে করলেন ৯.৬ এবং ৯.৮! যখন মনোযোগ দাবি করছিল সবচেয়ে বেশি, তখনই ভেঙে পড়লেন স্নায়ুচাপে। অলিম্পিয়ান শ্যুটার চেইন সিং শেষ দুই শটে ১০.৭ ও ১০.৫ করে টপকে গেলেন শোভনকে। সোনা জেতা হলো না, ২০৩.৬ স্কোর করে শোভন পেলেন রুপা। সোনাজয়ী চেইনের পয়েন্ট ২০৪.৬।
১০ মিটার এয়ার রাইফেল বরাবরই বাংলাদেশের কাছে স্বর্ণপ্রসবা। ঢাকায় গত আসরেও ছেলে ও মেয়েদের দলগত সোনা এসেছিল এই ইভেন্টে। মেয়েদের ইভেন্টে ব্যক্তিগত সোনা জিতেছিলেন শারমিন আক্তার রত্না। রত্নাহীন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলটি এবার হতাশায় ডোবানোর পর ছেলেদের দিকেই তাকিয়ে ছিল সবাই। আরও স্পষ্ট করে বললে কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লা হেল বাকিকে নিয়েই ছিল যত আশা। কিন্তু বাকি ৬২১.৫ স্কোরে তৃতীয় হয়ে শ্যুট-অফে গিয়ে হলেন পঞ্চম। সাম্প্রতিক সময়ে পড়তি ফর্মের বাকি ভালো করতে পারলেন না। শ্যুট-অফে মাত্র ১৪২.৩ পয়েন্ট করেছেন কাল!
লিডারবোর্ডে প্রায় শেষ পর্যন্ত এগিয়ে ছিলেন তরুণ শ্যুটার শোভন চৌধুরী। শুটিং দেখতে আসা জুরি, দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের চোখে-মুখে রাজ্যের বিস্ময়! সিরাজগঞ্জের এই শ্যুটার যে চমকে দিতে পারেন সেই আভাসটা দিয়েছিলেন সর্বশেষ জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে। ফর্মের তুঙ্গে থাকা বাকিকে হারিয়ে সেখানে চ্যাম্পিয়ন হন। এবার এসএ গেমসে অলিম্পিয়ান গগন নারাং ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ইমরান হাসানকে হারালেন। শেষ পর্যন্ত হেরে গেলেন চেইনের কাছে!
ইভেন্টটি শেষ হওয়ার পর থেকেই শোভনকে কুরে কুরে খাচ্ছে আক্ষেপ, ‘খারাপ লাগছে। এই কষ্টটা কারও সঙ্গে ভাগাভাগি করতে পারব না।’ শুটিং রেঞ্জে দাঁড়ানোর আগে মা মাহফুজা চৌধুরীর সঙ্গে মুঠোফোনে বলেছিলেন। মা বলেছিলেন, ‘তুমি সেরা হবে। তুমি পারবে।’ শোভন পেরেছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবেই হাত থেকে ফসকে গেল সোনার পদক। শোভন নিজেও সেটি মানছেন, ‘আমার সঙ্গে লড়াই করেছেন অলিম্পিকে-বিশ্বকাপে খেলা সব শ্যুটার। ওদের সঙ্গে এই প্রথম খেললাম।’
শোভন এর আগে এই ইভেন্টে গত এসএ গেমসে জিতেছেন দলীয় সোনা ও ব্যক্তিগত ব্রোঞ্জ, দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিংয়ে ব্রোঞ্জ। এবারই প্রথম কোনো বড় মঞ্চে নিজেকে ছাড়িয়ে গেলেন।
বাবা খলিলুর রহমানের এয়ারগান দিয়ে ছোটবেলায় বনে-জঙ্গলে পাখি শিকার করতেন শোভন। ছেলের শখ দেখে ২০০৪ সালে বিকেএসপিতে শুটিংয়ে ভর্তি করিয়ে দেন বাবা। সেই শোভন ২০০৮ সাল থেকে টানা তিনবার হয়েছেন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন।
অনেকেই বলবেন চমক, কিন্তু এসএ গেমসে ভালো করার ব্যাপারে শোভন ছিলেন আত্মবিশ্বাসী, ‘বাকি ভাইকে যদি দেশে হারাতে পারি, এখানে কেন অলিম্পিয়ানদের হারাতে পারব না! শেষ দুই শট খারাপ করেছি স্নায়ুচাপে। মনোযোগ হারিয়ে ফেলেছিলাম।’ শোভনের ক্যারিয়ার-সেরা স্কোর ২০৯.৫, করেছিলেন গত জাতীয় চ্যাম্পিয়নশিপে করেছিলেন। তবে অনুশীলনে নিয়মিতই ২০৮ স্কোর করেন। এমনকি শেষ অনুশীলন সেশনেও করেছিলেন ২০৮.৫।
ক্যারিয়ারে প্রথম রুপা জিতে ফেডারেশনকে ধন্যবাদ দিয়েছেন শোভন। কৃতজ্ঞতা তাঁর সাত দিনের জন্য বাংলাদেশে আসা ডেনিশ কোচ ক্লসের কাছেও, ‘সোনা জিততে পারলাম না। তবে এ পর্যন্ত আসতে আমাকে ডেনমার্কের কোচ অনেক সাহায্য করেছেন। এখনো ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ হয়। কাল রাতেও তাঁর সঙ্গে কথা বলেছি।’
সবাইকে চমকে দিয়ে শাকিল জিতেছেন সোনা, এবার শোভনের হাত ধরে এল রুপা। বাংলাদেশের শ্যুটিংয়ের আকাশে ফুটছে নতুন সব তারা। কাল উচ্ছ্বসিত শোভন বলছিলেন, ‘নতুনদের যুগ তো আগেই শুরু হয়েছে। আমরা এটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’