শোভনের কাছে বাকির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কমনওয়েলথ গেমসে রুপা জিতেছেন। দেশের এক নম্বর শ্যুটারও এখন তিনিই। তবে কাল ঘরোয়া প্রতিযোগিতা জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে প্রথম হতে পারেননি আবদুল্লাহেল বাকি। তাঁকে হারিয়ে ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম হয়েছেন শোভন চৌধুরী, বাকি হয়েছেন দ্বিতীয় ও গুণধন সিং তৃতীয়।
বাছাইয়ে ৬০০-তে শোভনের স্কোর ৫৯৩, বাকির ৫৯৫। তবে চূড়ান্ত পর্বে এখন আর বাছাইয়ের স্কোর যোগ হয় না। এ পর্বে বাকির চেয়ে ভালো করেছেন ঢাকা রাইফেল ক্লাবের শোভন (২০৫.৩)। বাকিও (২০৪.৬) একই ক্লাবের শ্যুটার। ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতায় শোভনের এটি প্রথম সোনা।
মেয়েদের ১০ মিটারে প্রথম হয়েছেন শারমিন আক্তার (রত্না), দ্বিতীয় সাদিয়া সুলতানা ও তৃতীয় সুরাইয়া আক্তার। বাছাইয়ের ঢাকা রাইফেল ক্লাবের শারমিন ৪০০-তে ৩৯১ ও চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাদিয়া ৩৯২ করেন। ফাইনালে ভালো করেছেন শারমিন (২০৬.৬)। সাদিয়াকে (২০৩.৭) প্রায় ৩ পয়েন্ট পেছনে ফেলে তুলে নিয়েছেন সহজ জয়।
এই ইভেন্টে ছেলেদের জুনিয়র বিভাগে প্রথম নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জেসিমুজ্জামান, মেয়েদের বিভাগে বিকেএসপির শারমিন আক্তার।