শ্যুটিংয়ে দুই বিদেশি কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য আগামী বছরের রিও অলিম্পিক। আর সেটিকে সামনে রেখে দুজন বিদেশি কোচ নিয়ে এসেছে শ্যুটিং ফেডারেশন। দুজনই কোরিয়ান। পুরুষদের কোচ লি জং এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। মহিলা কোচ কোল সো মি নতুন। এভাবে দুজন বিদেশি কোচকে আগে কখনো ক্যাম্পে পায়নি বাংলাদেশের শ্যুটাররা।
১০ মিটার এয়ার রাইফেলের ১৭ জন শ্যুটারকে নিয়ে গুলশান শ্যুটিং কমপ্লেক্সে আজ শুরু হওয়ার কথা অনুশীলন ক্যাম্প। নবীন শ্যুটারদের নিয়ে কাজ করবেন কোল সো মি। সব মিলিয়ে ৫৬ জন শ্যুটারকে ডাকা হয়েছে এয়ার রাইফেলের ক্যাম্পে।
আপাতত এশিয়ান গ্রাঁ প্রি ও বিশ্বকাপ শ্যুটিংয়ের জন্যই প্রস্তুতি। ২২-২৪ জানুয়ারি কুয়েতে হবে চতুর্থ আন্তর্জাতিক গ্রাঁ প্রি। এই প্রতিযোগিতায় আবদুল্লাহ হেল বাকিকে পাঠানো হচ্ছে এটা নিশ্চিত। আরও এক-দুজন শ্যুটারকে পাঠানো হতে পারে। জোর সম্ভাবনা আছে শোভন চৌধুরীর।
এরপরই কোরিয়ায় শ্যুটিং বিশ্বকাপ। সব মিলিয়ে সামনে ব্যস্ত সময় যাবে শ্যুটারদের। কমনওয়েলথ গেমসে রুপাজয়ের পর গ্রাঁ প্রিতেও পদকের আশা করছেন আবদুল্লাহ হেল বাকি, ‘লির অধীনে অনুশীলন করে আমি কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলাম। আশা করছি কুয়েতে গ্রাঁ প্রিতেও একটা পদক জিততে পারব।’
শারমিন আক্তার রত্না বিদেশি কোচ পেয়ে খুশি, ‘আশা করছি এই ক্যাম্প থেকে আমরা ভবিষ্যতে এগিয়ে চলার জন্য ভালো একটা প্রেরণা পাব।’
অনুশীলন ক্যাম্পে শ্যুটারের উৎসাহ দিতে প্রতি মাসে বৃত্তির ব্যবস্থা করেছে ফেডারেশন। শ্যুটারদের সামনে একটি নির্দিষ্ট একটা স্কোর বেঁধে দেওয়া হবে। সেটা ছুঁতে পারলে দেওয়া হবে আর্থিক পুরস্কার।