শ্যুটিংয়ে এবার শাকিলের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি। ৫০ মিটার ফ্রি পিস্তলে সোনা জয়ের পর শাকিল আহমেদকে ঘিরে আরও সোনা জয়ের আশাই করছিল ফেডারেশন। বছর দুয়েক আগে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন বলে আশাটা অযৌক্তিকও ছিল না। কিন্তু কাল হতাশ করেছেন শাকিল। কাহিলিপাড়ার শ্যুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তলের শ্যুট-অফেই উঠতে পারেননি। বাদ পড়েছেন মাত্র ৫৪৭ পয়েন্ট স্কোর করে।
তবে এই ইভেন্টে ৫৬০ স্কোর করে বাংলাদেশের আরেক শ্যুটার আনোয়ার হোসেন শ্যুট-অফে গিয়েছিলেন, কিন্তু পদক জয়ের দৌড়ে ৭৬.৩ পয়েন্ট করে ৮ জনের মধ্যে হয়েছেন অষ্টম। এই ইভেন্টে দলগত চতুর্থ হয়েছে বাংলাদেশ। মেয়েদের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলে দলগতভাবে চার দলের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ। এককে শ্যুট-অফেই উঠতে পারেননি কেউ। ১২ জনের মধ্যে ষষ্ঠ উম্মে জাকিয়া, সপ্তম সুরাইয়া আক্তার, ১২তম নাফিসা তাবাসসুম। ২৫ মিটার পিস্তলে বাছাইপর্ব পার হতে পারেননি সিনথিয়া নাজনীন, আরদিনা ফেরদৌস ও অন্তরা ইসলাম।
সেমিফাইনালে কাবাডি: কাল কাবাডিতে বাংলাদেশের মেয়েদের দল ২৪-১৭ পয়েন্টে জিতেছে নেপালের বিপক্ষে। তবে ভারতের কাছে হেরেছে ১১-৪৩ পয়েন্টে। ছেলেদের দলটি নেপালকে ২৮-১০ পয়েন্টে হারালেও ভারতের কাছে হেরেছে ৩০-১৭ ব্যবধানে। কাবাডির দুটি দলই সেমিফাইনাল উঠে নিশ্চিত করেছে ব্রোঞ্জও।
মহিলা হ্যান্ডবলের শেষ চারে: মহিলা হ্যান্ডবল দলও উঠেছে সেমিফাইনালে। গুয়াহাটির সোনাপুরে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩৪-২৭ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে নিয়মিত কোনো গোলরক্ষককেই পাবে না দল। শীলা রায়ের মা মারা যাওয়ায় ভারত ছেড়ে ঢাকায় ফিরে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক। অতিরিক্ত গোলরক্ষক সুশীলাও কাল চোট পেয়ে মাঠ ছেড়েছেন।

এসএ গেমস পদক তালিকা
সোনা রুপা ব্রোঞ্জ
ভারত ১৫৬ ৮৫ ২৭
শ্রীলঙ্কা ২৫ ৫৫ ৮৩
পাকিস্তান ৯ ২৭ ৪৫
বাংলাদেশ ৪ ১২ ৪৩
আফগানিস্তান ৩ ৪ ১১
নেপাল ১ ১৩ ২২
মালদ্বীপ ০ ২ ১
ভুটান ০ ১ ৭