সতীর্থদের বাঁচাতেই মিথ্যা...
মিথ্যা বলার জন্য ক্ষমা চাইলেন জেমস ফেইগেন। রায়ান লোক্টিসহ সতীর্থ তিন সাঁতারুর সঙ্গে মিলে অলিম্পিক চলাকালে রিও ডি জেনিরোয় বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে মিথ্যা গল্প ফেঁদেছিলেন। ঘটনার এক দিন পর রিওর গোয়েন্দা পুলিশ তথ্য সংগ্রহের জন্য তাঁদের কাছে গেলেও আসল সত্যটা গোপন করেছিলেন। কেন করেছিলেন? অলিম্পিক থেকে দেশে ফিরে ফেইগেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সতীর্থ তিন সাঁতারুকে রক্ষা করতেই এটা করেছিলেন।
পরশু এক বিবৃতিতে ২৬ বছর বয়সী সাঁতারু ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন। নাইট ক্লাব থেকে তাঁরা গেমস পল্লিতে ফেরার জন্য একটা ট্যাক্সি নিয়েছিলেন। মাঝখানে তাঁদের জল বিয়োগের সুযোগ করে দেওয়ার জন্য ট্যাক্সিচালক ট্যাক্সি থামান এক গ্যাস স্টেশনে। কিন্তু সেখানকার বাথরুম বন্ধ থাকায় তাঁরা একটা ভবনের পেছনে জল বিয়োগ করেন। সে সময় ভবনে সাঁটানো ধাতব ফ্রেমে থাকা এক বিজ্ঞাপনী পোস্টার ছিঁড়ে ফেলেন। কিন্তু এসব ঘটনার কিছুই রিওর তদন্তকারী পুলিশকে জানাননি ফেইগেন। সত্যটা প্রকাশ হয়ে পড়ার পর উপলব্ধি করেন, তথ্য গোপন করা ভুল হয়েছে। আসলে তাঁর চেষ্টা ছিল সতীর্থদের রক্ষা করা। এসবের জন্য ক্ষমাও চান তিনি।
রিও কর্তৃপক্ষের আতিথেয়তার প্রশংসাও করেন ফেইগেন। রয়টার্স, এএফপি।