সতীর্থের ডোপপাপে অলিম্পিক সোনা হারালেন বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থ কার্টারকে নিয়ে সোনা জিতেছিলেন, তাঁর ডোপপাপেই সেটি হারাতে হচ্ছে বোল্টকে। ছবি: টুইটার
সতীর্থ কার্টারকে নিয়ে সোনা জিতেছিলেন, তাঁর ডোপপাপেই সেটি হারাতে হচ্ছে বোল্টকে। ছবি: টুইটার

পুরোটা ক্যারিয়ারে ডোপিংয়ের বিরুদ্ধে লড়ে গেছেন। নিজে সৎ থেকেছেন, অন্যদেরও ডোপপাপের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন সব সময়। অথচ সেই উসাইন বোল্টই একটি অলিম্পিক সোনার পদক হারাচ্ছেন নিজের সতীর্থের ডোপপাপের কারণে! 

ডোপপাপী সতীর্থের নাম নেস্তা কার্টার। বোল্টের সঙ্গে দৌড়েছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে। বলাবাহুল্য, সোনাও জিতেছিলেন। কিন্তু এতদিন পর এসে কার্টারের মূত্রনমুনায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেল। সে জন্য জ্যামাইকার সোনার পদক কেড়ে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আর জ্যামাইকা পদক হারানো মানে তো বোল্টেরও অলিম্পিক সোনা একটা কমে যাওয়া। ৯টি নয়, বোল্টের অলিম্পিক সোনা এখন ৮! ট্রিপল ট্রিপলটাও তো তাহলে ছুটে গেল।
২০১২ লন্ডন অলিম্পিকেও জ্যামাইকার হয়ে রিলেতে অংশ নিয়ে সোনা জিতেছেন কার্টার। সোনা জিতেছেন ২০১১, ২০১৩ ও ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তবে সেসব ইভেন্টে কোনো ড্রাগের উপস্থিতির কথা শোনা যায়নি। বেইজিং অলিম্পিকে রিলেতে প্রথম লেগে দৌড়েছিলেন কার্টার। যে দৌড়ে বোল্টের পাশাপাশি ছিলেন মাইকেল ফ্রেটার ও আসাফা পাওয়েলও। ৩৭.১০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন তাঁরা, পেছনে ফেলেছিলেন ত্রিনিদাদ ও টোবাগো এবং জাপানকে। এখন এই দুটি দল যথাক্রমে পাবে সোনা ও রুপা, ব্রোঞ্জ পাবে সেবার চতুর্থ হওয়া ব্রাজিল।
বেইজিংয়ে ফাইনালের দিনই কার্টারের মূত্রনমুনা নেওয়া হয়েছিল। কিন্তু তখন কোনো নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি। তবে গত বছর আইওসি ৪৫৪টি নমুনা পূনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়, তাতেই কপাল পুড়েছে কার্টারের। কপাল পুড়েছে বোল্টেরও।
গত রিও অলিম্পিকেও তিনটি সোনা জিতেছিলেন বোল্ট। তাতে গড়েছিলেন তিনটি অলিম্পিকেই ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলের সোনা জয়ের রেকর্ড। ট্রিপল ট্রিপল! কিন্তু এখন আর সেটি থাকছে না। এই ব্যাপারে বোল্ট এখনো কিছু বলেননি। তবে বিবিসি রেডিও ফাইভে দুবারের অলিম্পিক রুপাজয়ী ব্রিটিশ অ্যাথলেট রজার ব্ল্যাক বোঝাতে চেষ্টা করলেন এই মুহূর্তে বোল্টের অনুভূতি কেমন হতে পারে সেটি, ‘এটা বোল্টের অর্জনের ওপর থেকে কিছুটা আলো কেড়ে নেবে। আটটি সোনার ব্যাপারটি ওভাবে সুন্দর করে বলা যায় না—ডাবল ট্রেবল ও আরও দুটি সোনা। ওর জন্য ব্যাপারটা খুব বেশি হতাশার হবে। একজন মানুষ শুধু নিজের ব্যাপারেই নিশ্চিত থাকতে পারে, সতীর্থের ব্যাপারে থাকা তো সম্ভব নয়। আমরা জানি উসাইন বোল্টের এতে কোনো দোষ নেই। তবে এতে ওর সুনাম কিছুটা ক্ষুণ্ণ হবে, এতে প্রভাব পড়বে। এই মুহূর্তে ও নিশ্চিতভাবেই খুশি নয়।’ বিবিসি।