সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী

দৌড়টা জিতেছেন তিনি। অথচ গ্যালারি তখনো মেতে আছে উসাইন বোল্টকে নিয়ে। জ্যামাইকান কিংবদন্তির নামে গলা ফাটাচ্ছেন সবাই। এমনকি জয়ী হিসেবে যখন তাঁর নাম ঘোষণা করা হলো, তখনো স্টেডিয়ামের চারপাশ থেকে দুয়োধ্বনি! জিতেছেন, এটাই যেন জাস্টিন গ্যাটলিনের অপরাধ। এ রাতে তো বোল্টের জেতার কথা। তাঁর বিদায়ী উৎসব গ্যাটলিন কেন ভন্ডুল করতে গেলেন! অ্যাথলেটিকসের ইতিহাসে তো বটেই, খেলাধুলার ইতিহাসেই তাঁর চেয়ে নিন্দিত চ্যাম্পিয়ন আর কেউ ছিলেন কি না সন্দেহ আছে।
কেন নিন্দিত, এটা এখন আর কারও অজানা নয়। ডোপিংয়ের দায়ে দুই দফায় নিষিদ্ধ হয়েছিলেন গ্যাটলিন। ২০১০ সালে শাস্তি কাটিয়ে ট্র্যাকে ফেরার পর থেকেই তাঁর গায়ে প্রতারক তকমা লেগে আছে। তবে নিষিদ্ধ হওয়ার আগে ২০০৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে সেরা হয়েছিলেন। ১০০ মিটারে সোনা জিতেছিলেন ২০০৪ এথেন্স অলিম্পিকে, যেটি ছিল বোল্টের প্রথম অলিম্পিকও। তবে গ্যাটলিন যত দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন, তত দিনে স্প্রিন্টের রাজত্বটা নিজের করে নিয়েছেন বোল্ট। ফেরার পর ট্র্যাকেও বোল্ট-গ্যাটলিন দ্বৈরথটা হয়ে গেল ভালো আর মন্দের প্রতীকী লড়াই। যেখানে বোল্ট ‘ভালো’ মানে শুদ্ধতার প্রতীক, আর গ্যাটলিন ‘মন্দ’, ডোপপাপী।
এই প্রতীকী লড়াইটা সবচেয়ে প্রবল হয়ে উঠেছিল দুই বছর আগে বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে। যেখানে গ্যাটলিনকে হারিয়ে বোল্ট জেতার পর অনেকে বলে দিয়েছিলেন, বোল্ট শুধু শিরোপাই ধরে রাখল না, অ্যাথলেটিকসকেও মন্দ লোকের হাত থেকে বাঁচিয়ে দিল! গত বছর রিও অলিম্পিকেও একই ছবি। সেখানেও যথারীতি ‘ভালো’ বোল্টের জয় হয়েছে, হেরেছেন ‘মন্দ’ গ্যাটলিন। সব মিলিয়ে বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন গ্যাটলিন। যেখানে গ্যাটলিনের হারটাই ছিল বেশির ভাগ মানুষের চাওয়া। কিন্তু সেই গ্যাটলিনই বোল্টকে ক্যারিয়ারের শেষ ব্যক্তিগত দৌড়টা জিততে দিলেন না! এর আগে ২০১৩ রোমে গোল্ডেন গালা মিটে একবার হারিয়েছিলেন বোল্টকে। জ্যামাইকান কিংবদন্তিকে দুবার হারানো একমাত্র স্প্রিন্টারও গ্যাটলিনই। কিন্তু সব ছাপিয়ে এই যে বোল্টের পাশে তাঁর ‘খলনায়ক’ ভাবমূর্তি, এর জন্য কি কখনো রাগ হয় তাঁর? ‘না, আমি এর সঙ্গে মানিয়ে নিয়েছি’—পরশু জেতার পর বললেন গ্যাটলিন।
রাগ নেই বলেই নিজে জেতার পরও বোল্টকে সর্বোচ্চ সম্মান দিতে ভুললেন না। নতজানু হয়ে বসে পড়লেন জ্যামাইকান কিংবদন্তির সামনে। কুর্নিশের মতো ভঙ্গি করলেন। পরে বলেছেন, ‘আমি জানি, এটা অনেকটা দুঃখের ব্যাপার, অন্যদের জন্য উচ্ছ্বাসের চেয়ে আমার জন্য দুয়োর আওয়াজ বেশি জোরে উঠেছে। তবে আমি ব্যাপারটা অভিজাত রাখতে চেয়েছি। দৌড় শেষের পর আমি ওর জন্য নতজানু হয়েছি ওকে সম্মান দেখাতে।’
সেই সম্মান পেয়ে বেশ আপ্লুত বোল্টও। গ্যাটলিনকেও সেই সম্মান ফিরিয়ে দিলেন এ গ্রহের দ্রুততম মানব, ‘ও শাস্তি কাটিয়েই এখানে এসেছে। আমি যাদের মুখোমুখি হয়েছি, তার মধ্যে সে অন্যতম সেরা। এটা ওর প্রাপ্য। ফেরার পর থেকে সে পরিশ্রম করে যাচ্ছে। আমি অন্য অ্যাথলেটদের যেভাবে দেখি, তাকেও সেভাবেই দেখি। আমার একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে।’ এএফপি, রয়টার্স।