সরাসরি অলিম্পিকে সিদ্দিকুর
অপেক্ষার ক্ষণ গুনছিলেন সিদ্দিকুর রহমান। অবশেষে সেই সুসংবাদটা পেলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন এই গলফার। গলফের অলিম্পিক র্যাঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকলেই চলত। গত সপ্তাহে চীনা তাইপেতে টুর্নামেন্ট শেষ করার পর ছিলেন ৫৩তম স্থানে। বলতে গেলে তখনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সিদ্দিকুরের রিও ডি জেনিরোতে যাওয়া। আর কাল প্রকাশিত অলিম্পিক র্যাঙ্কিং মুছে দিল সব সংশয়। আন্তর্জাতিক গলফ ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সিদ্দিকুর ৫৬তম স্থানে রয়েছেন। অর্থাৎ আগামী ৫ আগস্ট শুরু রিও অলিম্পিকে সিদ্দিকুর যাচ্ছেন যোগ্যতামান পেরিয়ে। এবারের অলিম্পিকে বিশ্বের সেরা গলফারদের অনেকেই যাচ্ছেন না জিকা ভাইরাস-আতঙ্কে। সিদ্দিকুরের ব্রাজিল যাওয়ার ব্যাপারটা এ কারণেও একটু সহজ হয়েছে। মরিশাসে গত মে মাসে অনুষ্ঠিত আফ্রো-এশিয়া ব্যাংক টুর্নামেন্টে রানার্সআপ হয়েই সিদ্দিকুর সবচেয়ে বেশি উজ্জ্বল করে তোলেন অলিম্পিকে যাওয়ার আশা।