সাঁতার কমপ্লেক্সে আবাসিক ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাঁতারের যাতে ভালো হয়, তেমন কাজই করা উচিত ক্রীড়ামন্ত্রীর। কিন্তু তা না করে এনএসসির কর্মচারীদের সুখ-শান্তি নিয়ে চিন্তিত তিনি। সাঁতারুদের জন্য যদি একটা হোস্টেলও বানিয়ে দিতেন, তাহলেও আমরা তাঁর প্রশংসা করতাম’—কাল কথাগুলো বলছিলেন সাঁতার ফেডারেশনের কর্মকর্তা গোলাম মোস্তফা।
মিরপুরের সাঁতার কমপ্লেক্স বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের সাঁতার ভেন্যু। সবেধন নীলমণি এই আন্তর্জাতিক ভেন্যুর সৌন্দর্যহানি করতে সেখানে পাঁচতলা আবাসিক ভবন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করতে এরই মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এ জন্য কেটে ফেলা হয়েছে সুইমিংপুলের ওয়ার্মআপ পুলের পাশের ফলদ ও বনজ গাছ।
পাঁচতলা ভবন উঠলে সবচেয়ে বড় সমস্যায় পড়বেন সাঁতারুরা। সেখানে ওয়ার্মআপ, ফ্রিহ্যান্ড অনুশীলন ও জগিং করার মতো পর্যাপ্ত জায়গা থাকবে না। সাঁতার কোচ এবং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এনএসসির এমন সিদ্ধান্তে হতাশ, ‘একটা আন্তর্জাতিক ভেন্যুর আঙিনায় কখনোই স্টাফ কোয়ার্টার থাকে না। ভারত, নেপালে দেখেছি, সেখানে চমৎকার সব অনুশীলনের জায়গা। ধারেকাছে কোথাও আবাসিক এলাকা নেই।’
আগামী অক্টোবরে ঢাকায় হওয়ার কথা বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা। এর আগে এভাবে স্থাপনা নির্মাণ করা হলে প্রতিযোগিতা ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে ভেবে ক্ষোভ প্রকাশ করলেন আমিরুল, ‘একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হলে সবচেয়ে সমস্যায় পড়ব আমরা। যদি অন্য দেশের মেয়েরা এসে সুইমিংপুলে অনুশীলন করতে যায় এবং ওই ভবন থেকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তখন কি ওরা অনুশীলন করবে? এটা অসম্ভব। ভেন্যুর মধ্যে আবাসিক ভবন হলে সেখানে অনুশীলনের পরিবেশ থাকে না। এখানে অবাধে বিচরণ করবে সাঁতারুরা। কিন্তু নির্মাণ করা হচ্ছে আবাসিক ভবন। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কী হতে পারে?’ তাঁর মতে, ‘এখানে ভবন তৈরি হলে ভেন্যুর মান-মর্যাদা তো নষ্ট হবেই, এটা হয়ে যাবে ঘিঞ্জি কলোনি। মেয়েরা এখানে সাঁতরাতে আগ্রহী হবে না।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ভবন নির্মাণ বন্ধ করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে অনুরোধ করে চিঠি দিয়েছেন। ফলে ১৭ জুন মন্ত্রী সুইমিংপুল পরিদর্শন করে গেছেন, কিন্তু আগের সিদ্ধান্তেই তিনি অনড় রয়েছেন বলে জানা গেছে। রফিজ উদ্দিন জানিয়েছেন, ‘এখানে স্টাফ কোয়ার্টার নির্মাণ করার পক্ষে মাননীয় মন্ত্রী। তবে সাঁতারুদের জন্যও ভবিষ্যতে একটি আবাসিক ভবন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’ ফেডারেশনের সভাপতি নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবও বেশ বিপাকে পড়েছেন সরকারি সিদ্ধান্তে।
এ ঘটনায় ক্ষুব্ধ সাঁতারুরা। ক্লাব পর্যায়ের সংগঠক থেকে শুরু করে, দেশের সব সাঁতারু এটা বন্ধ করার লক্ষ্যে সুইমিংপুলের সামনে মানববন্ধনের উদ্যোগ নিয়েছেন। তাঁরা চাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে।