সাঁতারু বাবার কন্যা টেনিসে

‘রাশিয়া ইজ মাই সেকেন্ড হোম’—বেশ গর্বের সঙ্গেই কথাটা বলল মেয়েটি। রুশ কন্যা সাবিনা স্মিরনোভার বাড়ি অবশ্য উজবেকিস্তানের তাসখন্দে। কিন্তু বাবা থাকেন মস্কোয়। মায়ের সঙ্গেই উজবেকিস্তানে বাস সাবিনার। তবে বছরে বেশ কয়েকবার রাশিয়ায় বাবার কাছে গিয়ে থাকে সে। বাবা সের্গেই স্মিরনোভ রাশিয়ার পেশাদার সাঁতারু। কিন্তু মেয়েকে সাঁতারু না বানিয়ে হাতে তুলে দিয়েছেন টেনিস র্যা কেট।
সাঁতারু বাবার টেনিস কন্যা কাল এসেছে ঢাকায়। রমনা টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হওয়া আইটিএফ জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস টুর্নামেন্টে খেলবে সাবিনা। বাংলাদেশসহ ১৯টি দেশের ৭৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
সাবিনার বয়স ১৫। তাসখন্দের একটি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী উজবেকিস্তানের সেরা খেলোয়াড়দের একজন। এই বয়সেই খেলতে গিয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, কিরগিজস্তান, কাজাখস্তান ও তুরস্কে। বাংলাদেশে এসেও দারুণ মুগ্ধ, ‘বাংলাদেশ আমার খুব ভালো লাগে। ঢাকা ছাড়াও রাজশাহীতে এই টুর্নামেন্টে খেলেছি গত বছর। সেবার যদিও দ্বৈতে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলাম। তবে এবার চ্যাম্পিয়ন হতে চাই।’
সাবিনার প্রিয় খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। প্রিয় খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই, ‘সেরেনা সত্যিকারের এক চ্যাম্পিয়ন। তাঁর খেলার স্টাইল, ফ্যাশন সব আমার ভীষণ ভালো লাগে। আমার ঘরের দেয়ালজুড়ে শুধুই সেরেনার পোস্টার।’ কিশোরী সাবিনা স্বপ্ন দেখে একদিন সেরেনার মতোই গ্র্যান্ডস্লাম জিতবে, ‘র্যা ঙ্কিং পয়েন্ট বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। রোববার ছাড়া প্রতিদিন সাত ঘণ্টা অনুশীলন করি। আশা করি, আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে জুনিয়রে খেলতে পারব। হয়তো একদিন সেরেনার মতো গ্র্যান্ডস্লামও জিতব আমি।’
উজবেকিস্তানে টেনিস বেশ জনপ্রিয়। সাবিনা জানাল, তাসখন্দ ছাড়াও নামানগানে নিয়মিতই হয়ে থাকে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট। ঢাকায় আসার আগে সে দুই মাস কঠোর অনুশীলন করেছে একজন পেশাদার কোচের অধীনে। ঢাকায় এসেছে কোচের সঙ্গেই। পরিবার আর ফেডারেশনের সহযোগিতায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছে নিয়মিত। সাবিনার মতো কবে যে বাংলাদেশের মেয়েরাও এমন সুযোগ পাবে!