সাঁতারে অবশেষে নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড
সেই ১৯৯৩ সাফ গেমসের আগে মিরপুর সুইমিংপুলে বসানো হয় ইলেকট্রনিক স্কোরবোর্ড। কিন্তু শুরু থেকে কখনোই এই স্কোরবোর্ড দিয়ে নিয়মিত সময় নির্ণয় করতে পারেনি ফেডারেশন। সুষ্ঠু কারিগরি ব্যবস্থাপনার অভাব এবং অযত্ন-অবহেলায় কোটি টাকা মূল্যের ওমেগা কোম্পানির এই যন্ত্র শ্বেতহস্তীর মতো পড়ে আছে মিরপুর সুইমিংপুলে। ঢাকায় হওয়া সর্বশেষ এসএ (দক্ষিণ এশিয়ান) গেমসে অবশ্য কোনোক্রমে চালু করা হয়েছিল স্কোরবোর্ড। কিন্তু এরপর মাঝেমধ্যে অদ্ভুতুড়ে আচরণের পর আবারও অকেজো হয়ে পড়েছে এটি। তবে সাঁতারুদের জন্য সুসংবাদ, শিগগিরই নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড বসতে যাচ্ছে মিরপুরে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ কাল জানিয়েছেন, ‘এবার আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভালো মানের ইলেকট্রনিক বোর্ড মিরপুরে বসানো হবে। জাতীয় ক্রীড়া পরিষদ আগামী মাসে স্কোরবোর্ডসহ সুইমিংপুলের অন্যান্য স্থাপনা সংস্কারের জন্য দরপত্র আহ্বান করবে।’
২৪ মে ‘সেরা সাঁতারুর খোঁজে’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিরপুর সুইমিংপুলে যাওয়ার কথা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুইমিংপুল সংস্কারের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। উদ্যোগ নিলেও এনএসসি কাজগুলো সময়মতো শেষ করতে পারবে না। তাই ‘সেরা সাঁতারুর খোঁজে’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটা ফেডারেশন সরিয়ে নিয়েছে নৌবাহিনীর সুইমিংপুলে।
মিরপুরের সংস্কারের তালিকায় রয়েছে ডাইভিং পুলও। ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানোর পাশাপাশি এটিও নির্মাণ করা হয় সেই ১৯৯৩ সালে। কিন্তু ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে কখনো এই ডাইভিং পুলে প্রতিযোগিতার আয়োজন করতে পারেনি ফেডারেশন। এটিতে কোনো স্প্রিং বোর্ড (১ ও ৩ মিটার) নেই। প্ল্যাটফর্মই বসানো হয়েছিল ত্রুটিপূর্ণভাবে। ১০ মিটার প্ল্যাটফর্ম বোর্ড আকারে বড় হওয়ার নিয়ম থাকলেও ৭.৫ মিটার আয়তনেরটিই বেশি বড় করে নির্মাণ করা হয়! বাধ্য হয়েই ফেডারেশন এই পুলের বদলে কখনো বিকেএসপিতে, কখনো সেনাবাহিনী বা নৌবাহিনীর পুলে জাতীয় ডাইভিং প্রতিযোগিতা আয়োজন করে থাকে।
সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের জাতীয় জুনিয়র সাঁতারে চালু হবে নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড।