সাঁতারে আবারও আসছেন পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্ক তে গুন
পার্ক তে গুন

হ্যান্ড প্যাডল, কিক বোর্ড, পুলবয়, পুলিং রাবার, পুলিং বেল্ট, হার্টরেট মনিটর, পেস ক্লকের মতো সরঞ্জাম দিয়ে এ দেশের সাঁতারুদের প্রথম বিজ্ঞানভিত্তিক অনুশীলনে অভ্যস্ত করিয়েছিলেন তিনি। কোরিয়ান কোচ পার্ক তে গুন এসবের ফলও ফলিয়েছিলেন নগদ। তাঁর অধীনে সর্বশেষ এসএ গেমসে ৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। তাঁর অধীনে পরে ইন্দো-বাংলা গেমসেও বাংলাদেশ পেয়েছিল ১০টি সোনা।
দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) চার বছর আগে দক্ষিণ কোরিয়ার এই কোচকে এনে দিয়েছিল সাঁতার ফেডারেশনকে। এমন একজন কোচকে দীর্ঘ মেয়াদে পেলে ভালো। কিন্তু ফেডারেশনের নিজস্ব উদ্যোগ বলেই আপাতত তাঁকে আনতে চাইছে মাস ছয়েকের জন্য।
ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন কাল বললেন, ‘পার্কের সঙ্গে ফেডারেশন সদস্য গোলাম মোস্তফা নিয়মিত যোগাযোগ করছেন। গত সপ্তাহে টেলিফোনে পার্ক জানিয়েছেন, বড়দিনের পর যেকোনো সময় বাংলাদেশে আসতে পারবেন।’ যদিও রফিজ উদ্দিনের চাওয়া শীত শেষ হলেই তাঁকে ঢাকায় আনার, ‘ডিসেম্বর-জানুয়ারির ঠান্ডায় সাঁতারুরা অনুশীলনে আগ্রহী হচ্ছে না। এ জন্য ফেব্রুয়ারি মাসে তাঁকে আনতে চাই আমরা।’ আবাসন-যাতায়াত সুবিধা ও খাবারদাবারের বাইরে অল্প বেতনেই পার্ককে পাওয়া যাবে বলে দাবি তাঁর। বর্তমানে সিউলে নিজের ক্লাবের সাঁতারুদের অনুশীলন নিয়েই ব্যস্ত আছেন পার্ক।
আগামী এপ্রিলে ঢাকায় হবে ইন্দো-বাংলা গেমস। এরপর সাফের দেশগুলোকে নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক সাঁতার আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এ ছাড়া আসন্ন এসএ গেমসের জন্যও অনুশীলন ক্যাম্প শুরু করতে আগ্রহী ফেডারেশন। সব মিলিয়ে পার্ককে কাজ করতে হবে অনেক। আমন্ত্রণমূলক আন্তর্জাতিক সাঁতারের আগে নতুন একটি ইলেকট্রনিক স্কোরবোর্ডও স্থাপন করতে চাইছে ফেডারেশন। এ জন্য সরকারি সহায়তা চান কর্মকর্তারা। কাল রফিজ উদ্দিন বললেন, ‘আমাদের যে স্কোরবোর্ডটা আছে সেটার অবস্থা খুবই খারাপ। বিদেশি দল এনে এই বোর্ড দিয়ে প্রতিযোগিতা করালে আমাদের ব্যর্থতাই ফুটে উঠবে।’