সাঁতারে চার ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবারের গেমসে অন্যদের চেয়ে বেশি পদক দেব আমরাই’—কাল গুয়াহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ঘুরেফিরে বারবার এই কথাটাই বলছিলেন ফেডারেশনের কর্মকর্তা আবদুল হামিদ। কিন্তু সেই পদকগুলোর মধ্যে কোনো সোনার নিশ্চয়তা নেই। এবার মোট ৩৮টি ইভেন্টে লড়বেন বাংলাদেশের সাঁতারুরা। কাল শেষ হওয়া আট ইভেন্টের চারটিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
ছেলেদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে মাহফিজুর রহমান সাগর, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শরিফুল ইসলাম এবং মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুমানা আক্তার ব্রোঞ্জ জিতেছেন। ১০০ মিটার রিলেতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলে ছিলেন মাহফিজুর, আসিফ রেজা, অনীক ইসলাম ও রফিকুল ইসলাম।
মাহফিজুর রহমান বাংলাদেশের সেরা সাঁতারু। গত ডিসেম্বরে তিন মাসের জন্য উচ্চতর প্রশিক্ষণে গিয়েছিলেন থাইল্যান্ডে। কাল ২০০ মিটার ফ্রি-স্টাইলে নিজের ক্যারিয়ার-সেরা টাইমিং করেছেন সাগর, সাঁতরেছেন ১.৫৬: ১৯ সেকেন্ডে। আর সোনাজয়ী ভারতের সন্দীপ সাজোয়ালের টাইমিং ১.৫৩: ০৩ সেকেন্ড। বাংলাদেশের সাঁতার যে এখনো কত পিছিয়ে আছে কাল আবারও সেটার প্রমাণ দিলেন সাগররা। সাগরের সেরা ইভেন্ট ১০০ ও ৫০ মিটার বাকি রয়েছে। তাতে ভালো করতে চান পাবনার এই সাঁতারু। ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রোঞ্জজয়ী আরেক সাঁতারু শরিফুল সময় নেন ২.২৬: ৯৯ সেকেন্ড। ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রুমানার টাইমিং ২.৪৮: ৬০ সেকেন্ড। এরা সবাই কাল নিজেদের সেরা টাইমিং করেছেন, কিন্তু পদকের তালিকায় সবার নিচে।
সুইমিং কমপ্লেক্সে ভারত, শ্রীলঙ্কার সাঁতারুদের দাপটের কাছে অসহায়ই লাগছিল বাংলাদেশের সাঁতারুদের। ঢাকা থেকে যাওয়া ফেডারেশন কর্তাদের চেহারায়ও ছিল সেই অসহায়ত্বের প্রতিচ্ছবি।