সাঁতারে রেকর্ডময় দিন

অলিম্পিক ইতিহাসে সোনা জেতার সব রেকর্ড ভেঙেচুরে দিয়েছিলেন ২০১২ লন্ডনেই। সব মিলিয়ে ১৮টি সোনাসহ ২২টি পদক হয়ে গিয়েছিল। আর কিছু পাওয়ার নেই ভেবে অবসরের ঘোষণাই দিয়ে দিয়েছিলেন মাইকেল ফেল্প্স। কিন্তু জলের সঙ্গে যাঁর মিতালি তিনি কি আর এত সহজেই সব ছেড়ে চলে যেতে পারেন!
ফেল্প্স ফিরলেন। শুধু ফিরলেনই না, রিও অলিম্পিকে কাল ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে আরও একটি সোনা জিতে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। এ নিয়ে টানা পাঁচটি অলিম্পিকে সাঁতরাচ্ছেন, সব মিলিয়ে গতকাল পর্যন্ত তাঁর ২৩টি পদক হয়ে গেছে, অবিশ্বাস্য কীর্তি নয় তো কী!
ফেল্প্সের দিনে রিওর সুইমিংপুল সাক্ষী হয়েছে কয়েকটি বিশ্ব রেকর্ডের। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন সুইডেনের সারা শোস্ট্রম। পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটিও সোনা জিতেছেন নতুন বিশ্ব রেকর্ড গড়ে, তাঁর সময় লেগেছে ৫৭.১৩ সেকেন্ড। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকির জয়টাও বিশ্ব রেকর্ড গড়ে।
সব ছাপিয়ে অলিম্পিকে ফেল্প্সের প্রত্যাবর্তন এবং সোনা জয়টাই অবশ্য কাল রিওর অ্যাকুয়াটিক সেন্টারের সবচেয়ে আলোচিত বিষয় ছিল। যুক্তরাষ্ট্র দলের হয়ে কাল দ্বিতীয় লেগটায় সাঁতরেছেন ফেল্প্স। ৩ মিনিট ৯.৯২ সেকেন্ড টাইমিং গড়ে জিতেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হয়েছে ফ্রান্স, তৃতীয় অস্ট্রেলিয়া। সর্বকালের সেরা অলিম্পিয়ান তাই দারুণ রোমাঞ্চিত, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমি ব্লকে দাঁড়িয়ে ছিলাম, ক্যালেব (রিলেতে ফেল্প্সের সতীর্থ) আমার দিকে আসছিল। সত্যি বলছি, আমার তখন মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুঝি বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। সমর্থকদের এত রোমাঞ্চ, এত চিৎকার—আমি আগে শুনেছি কি না জানা নেই।’
সোনা জেতার জন্য যে খুব মরিয়া ছিলেন ফেল্প্স, ‘আমরা প্রবলভাবে জিততে চাইছিলাম। এটাই আমার শেষ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে। জিততে পেরে খুবই ভালো লাগছে।’
ফেল্প্সের চেয়ে উচ্ছ্বাস একটুও কম ছিল না রিওতে গ্রেট ব্রিটেনের হয়ে প্রথম সোনা জেতা সাঁতারু অ্যাডাম পিটির। সাঁতারে ব্রিটিশ পুরুষদের হয়ে সর্বশেষ অলিম্পিক সোনাটি জিতেছিলেন আড্রিয়ান মুরহাউজ, ১৯৮৮ সিউল অলিম্পিকে। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। ২৮ বছর পর সেই একই ইভেন্টে পিটি সোনা জিতলেন, তা-ও আবার বিশ্ব রেকর্ড গড়ে।
২১ বছর বয়সী এই ব্রিটিশ সাঁতারু যেন আনন্দে আকাশে উড়ছেন, ‘আমার কাছে পুরো ব্যাপারটাই অবাস্তব মনে হচ্ছে। এটা অবিশ্বাস্য। আমি হয়তো আজ রাতে ঘুমাতেই পারব না।’ এরই মধ্যে পিটি অভিনন্দনও পেয়ে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাছ থেকে। এই ইভেন্টে লন্ডন অলিম্পিকের সোনাজয়ী ক্যামেরন ফন ডার বুর্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কডি মিলার।
মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্ব রেকর্ড ছাড়া আরও একটা কীর্তি গড়েছেন সারা শোস্ট্রম। অলিম্পিক সাঁতারে সোনাজয়ী প্রথম সুইডিশ নারী তিনি। লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে পঞ্চম হয়েছিলেন। তবে গত বছর কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ৫৫.৬৪ সেকেন্ড সময় নিয়ে। এবার রিওতে নিজের গড়া রেকর্ডই ভেঙে দিলেন। জেতার পর শোস্ট্রমকে শোনাল বেশ আত্মবিশ্বাসী, ‘আমি জানতাম, যদি ছন্দে থাকি অন্যদের পক্ষে আমাকে হারানো কঠিন হয়ে যাবে।’
যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি এই অলিম্পিকে এসেছেন ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইলে ‘ট্রেবল’ জেতার স্বপ্ন নিয়ে। কাল মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে সেই স্বপ্ন সত্যি করার পথে একটু এগিয়েও গেলেন। সেই জয়টা বিশ্ব রেকর্ড গড়ে এসেছে বলে তাঁর আনন্দটা আরও বেশি, ‘খুবই ভালো লাগছে। এরই নাম নিখাদ সুখ।’ এএফপি, রয়টার্স, বিবিসি।