সাঁতারের অতিথি-কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে হরহামেশাই হচ্ছে। দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে প্রিয় দেশের জার্সি গায়ে খেলছেন ফুটবলাররা। চোখের সামনেই এর বড় উদাহরণ ডেনমার্কপ্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। এসএ গেমসের সাঁতারও এবার এমন ঘটনা দেখেছে। ‘অতিথি’ সাঁতারু দিয়েই বাজিমাত করেছে পাকিস্তান ও নেপাল।
এবার মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনাজয়ী পাকিস্তানের লিয়ানা ক্যাথেরিন সোয়ান একই সঙ্গে যুক্তরাজ্যেরও বাসিন্দা। নেপালের সোফিয়া ডেনমার্কপ্রবাসী। ভারতে এসে নেপালের হয়ে পুল মাতালেন। এঁদের দেখে বাংলাদেশের সাঁতারের মহিলা দলের কোচ নার্গিস আরা অ্যানি একটা আশার আলো দেখছেন, ‘পাকিস্তান, নেপাল যদি এভাবে বিদেশ থেকে সাঁতারু এনে রেজাল্ট নিয়ে যায়, আমাদের সমস্যা কোথায়? আমাদের ফেডারেশনেরও এখন থেকে এই বিষয়গুলো ভাবতে হবে।’
লিয়ানার বাবা ব্রিটিশ। মা পাকিস্তানি। ফেডারেশন কর্মকর্তারাই খুঁজে এনেছেন লিয়ানাকে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লিয়ানা সাঁতারের প্রতিটি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় এসে যোগ দেন দেশের হয়ে। এভাবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে খুশিই এই তরুণী, ‘আমি অন্য দলের হয়েও সাঁতরেছি। তবে পাকিস্তানের হয়ে সাঁতারে অংশ নেওয়ার আনন্দই আলাদা। ফেডারেশন আমাকে খুব সাহায্য করে।’ ফিনার সৌজন্যে ওয়াইল্ড কার্ড নিয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সাঁতরেছেন, সাঁতরেছেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসেও।
বিদেশে নেপালি পতাকা ওড়াতে পেরে সোফিয়ার মুখেও তৃপ্তির হাসি। তবে লিয়ানার উল্টো ঘটনা সোফিয়ার। নেপালি বাবা ও ডেনিশ মায়ের একমাত্র সন্তান সোফিয়া। জন্মেছেন নেপালে। ডেনিশ পাসপোর্ট থাকলেও সোফিয়ার মধ্যে নেপালি আবেগটাই বেশি, ‘আমার দুটি পাসপোর্ট আছে। আমি নেপালের পাসপোর্টকেই এগিয়ে রাখব।’ গ্রীষ্মকালে সোফিয়া নেপালে অনুশীলন করেন, শীতকালে থাইল্যান্ডে। কারণটাও ব্যাখ্যা করলেন সোফিয়া, ‘শীতের সময় নেপালে গরম পানি পাওয়া দুষ্কর। এ জন্য আমি ফুকেটে অনুশীলন করি।’ এরই মধ্যে নেপালের হয়ে বার্সেলোনায় ২০১৩ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। এবার এসেছেন এসএ গেমসে। ভবিষ্যতে অলিম্পিকেও অংশ নিতে চান সোফিয়া।
দ্বৈত নাগরিকত্বের সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে নেপাল-পাকিস্তান। এসব এখন চোখ খুলে দিতে পারে বাংলাদেশের কর্মকর্তাদের। ‘অতিথি’ অ্যাথলেটদের নিয়েও গেমসে পদক তালিকাটা যদি ভারী হয়, মন্দ কী ?