সাত বছর পর পেশাদার রেসলিংয়ে ফিরছেন সি এম পাঙ্ক?
২০১৪ সালের পর আবারও রেসলিং রিংয়ে ফিরতে চলেছেন ফিলিপ জ্যাক ব্রুকস, ভক্তদের কাছে যিনি ‘সি এম পাঙ্ক’ নামেই বেশি পরিচিত। পেশাদার রেসলিংবিষয়ক নির্ভরযোগ্য কিছু সাংবাদিক ও ওয়েবসাইটের প্রতিবেদন সত্যি হলে বলা যায়, বিশ্বখ্যাত রেসলিং প্রতিষ্ঠান ডব্লুডব্লুইর মূল প্রতিপক্ষ অল এলিট রেসলিংয়ের (এইডব্লু) সঙ্গে এর মধ্যেই চুক্তি সই করে ফেলেছেন তিনি।
বহুদিন ধরেই পেশাদার রেসলিয়ে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করছিলেন পাঙ্ক। কিন্তু কোনোভাবেই ব্যাটে-বলে মিলছিল না। নিজের সাবেক প্রতিষ্ঠান ডব্লুডব্লুইর সঙ্গে তাঁর সম্পর্কও তেমন সুবিধার নয়, ফলে রেসলিংয়ে ফিরলেও ডব্লুডব্লুইতে যে ফিরছেন না, মোটামুটি নিশ্চিত ছিল। ওদিকে ডব্লুডব্লুইর প্রতিপক্ষ প্রতিষ্ঠানগুলোও জানত, কোনোভাবে পাঙ্ককে রাজি করিয়ে নিজেদের প্রতিষ্ঠানে আনা গেলে লাভ হবে। সে সুযোগটাই নিচ্ছে ডব্লুডব্লুইর মূল প্রতিপক্ষ অল এলিট রেসলিং (এইডব্লু)।
রিংসাইড নিউজ, প্রো রেসলিং অবজারভার নিউজলেটার, ব্লিচার রিপোর্টের মতো ওয়েবসাইট এবং ডেভ মেলৎজার, অ্যালেক্স ম্যাকার্থি, শন রস স্যাপের মতো নির্ভরযোগ্য সাংবাদিকদের প্রত্যেকেই মোটামুটি অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন খবরটি।
‘সামার অব পাঙ্ক’-এর কথা মনে আছে?
ওই যে ২০১১ সালে তৎকালীন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন জন সিনার সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে গিয়েছিলেন সি এম পাঙ্ক। ‘মানি ইন দ্য ব্যাংক’ পে-পার-ভিউ–তে অনুষ্ঠিত হয় সেই ম্যাচ। তবে সে ম্যাচের আগেই জানা যায়, শিকাগোতে যেদিন ‘মানি ইন দ্য ব্যাংক’ অনুষ্ঠিত হবে, সেদিনই ডব্লুডব্লুইর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে পাঙ্কের। ফলে ডব্লুডব্লুইর চেয়ারম্যান ভিনসেন্ট কেনেডি ম্যাকম্যাহনের মধ্যে ভয় ঢুকে যায়, পাঙ্ক যদি নতুন চুক্তি সই না করেন, আর জন সিনা যদি তাঁকে হারাতে না পারেন, তাহলে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পুরস্কারটি নিয়ে চলে যাবেন পাঙ্ক। আর ডব্লুডব্লুই চ্যাম্পিয়নশিপ যদি ডব্লুডব্লুইতেই না থাকে, তাহলে আর চ্যাম্পিয়নশিপের দাম রইল কোথায়? ইতিহাস তখন এটাও মনে রাখবে যে নিজের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় পুরষ্কার ভিন্স ম্যাকমাহনের অধীনেই পাঙ্কের কাছে হাতছাড়া হয়েছিল।
পাঙ্ক নিজেও এটা বুঝেছিলেন। ডব্লুডব্লুইর কাছে কখনো জন সিনা, ট্রিপল এইচ বা আন্ডারটেকারদের মতো সমাদর না পাওয়া পাঙ্ক এই দুর্বলতাকেই হাতিয়ার হিসেবে নেন বর্ধিত কলেবরের চুক্তি পাওয়ার জন্য। ডব্লুডব্লুইর সঙ্গে নতুন চুক্তিতে সই করার আগে জুড়ে দেন একগাদা শর্ত।
স্বাভাবিকভাবেই, ডব্লুডব্লুই রাজি হয়নি। গোটা ব্যাপারটা আর দশটা রেসলিং ‘স্টোরিলাইন’–এর (রেসলিং কাহিনি) মতো দেখানো হলেও অন্যান্য কাহিনির মতো এটা নিছক মনগড়া ছিল না। আসলেই পর্দার আড়ালে ডব্লুডব্লুইর সঙ্গে চুক্তি নিয়ে তখন টানাপোড়েনে ছিলেন পাঙ্ক।
‘মানি ইন দ্য ব্যাংক’-এর আগে তাই নতুন চুক্তি না সই না করেই খেলতে গিয়েছিলেন পাঙ্ক। সিনা ও পাঙ্কের সেই ম্যাচটাকে ডব্লুডব্লুইর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ম্যাচ মানা হয়। বিখ্যাত পেশাদার রেসলিং ইতিহাসবিদ ও সাংবাদিক ডেভিড মেলৎজার সে ম্যাচকে ‘পাঁচ তারকা’ ম্যাচ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। মেলৎজারের কাছে কোনো ম্যাচে পাঁচ বা তার চেয়ে বেশি তারকা রেটিং পাওয়াকে পেশাদার রেসলিংয়ে বিশাল অর্জন বলেই মানা হয়। সে ম্যাচ জিতে ডব্লুডব্লুই চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রতিষ্ঠান ছেড়েছিলেন পাঙ্ক।
সিনা-পাঙ্কের এই দ্বৈরথ ‘সামার অব পাঙ্ক’কে গোটা ডব্লুডব্লুইর অন্যতম জনপ্রিয় ‘স্টোরিলাইন’ হিসেবে মানা হয়। পাঙ্ক নিজেও এই কাহিনির পর পেশাদার রেসলিংয়ের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে গিয়েছিলেন। এরপর তিনি আবারও ডব্লুডব্লুইতে ফিরেছিলেন, টানা ৪৩৪ দিন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন ছিলেন। তত দিনে পর্দার আড়ালে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল তাঁর। জনপ্রিয়তাকে পুঁজি করে আন্ডারটেকার বা সিনার পর্যায়ে যাওয়া হয়নি পাঙ্কের। শেষমেশ এক রকম রেগে গিয়েই ২০১৪ সালে প্রতিষ্ঠান ছড়েন তিনি।
বিভিন্ন পডকাস্টে ডব্লুডব্লুইকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে প্রতিষ্ঠানে ফেরার সুযোগ কার্যত নিজেই বন্ধ করে দেন পাঙ্ক।
গত সাত বছর অন্য কোনো রেসলিং প্রতিষ্ঠানের হয়েও খেলতে দেখা যায়নি তাঁকে। মাঝে মিক্সড মার্শাল আর্টস প্রতিষ্ঠান ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এর হয়ে দুটি ম্যাচ খেললেও সুবিধা করতে পারেননি। শেষমেশ পেশাদার রেসলিংকেই নিজের আশ্রয় মানছেন পাঙ্ক।
রিংসাইড নিউজ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এইডব্লুর সঙ্গে চুক্তি সই করেছেন পাঙ্ক। রেসলিং অবজারভার নিউজলেটার ডব্লুডব্লুইর একজন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডব্লুডব্লুইতে নয়, এইডব্লুতেই যাচ্ছেন পাঙ্ক।
প্রতিবেদন অনুযায়ী এইডব্লুর হয়ে প্রতি সপ্তাহেই দেখা যাবে পাঙ্ককে। শুধু তা-ই নয়, নিজের চরিত্র, ম্যাচ, ফলাফল ও কাহিনির ওপর যেন নিজের প্রভাব থাকে, ‘নিউ জাপান প্রো রেসলিং’য়ের মতো অন্যান্য কোম্পানির হয়েও যেন তিনি খেলতে পারেন—এসব সুযোগ-সুবিধাও পাচ্ছেন পাঙ্ক, যেটা ডব্লুডব্লুইতে পেতেন না বলে তাঁর অনেক আক্ষেপ ছিল। ৫ সেপ্টেম্বর পাঙ্কের নিজের শহর শিকাগোতে ‘অল আউট’ নামের পে-পার-ভিউ আয়োজন করছে এইডব্লু। সেখানেই হয়তো পাঙ্কের অভিষেক হয়ে যেতে পারে।
শুধু পাঙ্কই নন, আরেক কিংবদন্তি রেসলার ব্রায়ান ড্যানিয়েলসনও (ড্যানিয়েল ব্রায়ান) এইডব্লুতে নাম লেখাচ্ছেন, এটাও শোনা যাচ্ছে। রেসলিংবিষয়ক সাংবাদিক ক্যাসিডি হেইনেস নিজের ওয়েবসাইট বডিস্ল্যাম ডটনেটে জানিয়েছেন সংবাদটি। রেসলিং অবজারভার নিউজলেটারের ডেভিড মেলৎজার জানিয়েছেন, ডব্লুডব্লুইতে যে পাঙ্ক আবারও ফেরত যেতে চাননি, তা নয়। কিন্তু পাঙ্ককে ফেরত চায়নি প্রতিষ্ঠানটি।
শেষমেশ এইডব্লুর ভাগ্যের শিকেই ছিঁড়ছে!