সারা দিনে একটি পদক
এসএ গেমসে পরশু সোনা জিতে বাংলাদেশের মান রেখেছিলেন শ্যুটার শাকিল আহমেদ। পদকও এসেছিল সব মিলিয়ে ৯টি। এর মধ্যে রুপা ১টি ও ব্রোঞ্জ ছিল ৭টি। কিন্তু কাল হতাশার একটা দিনই কেটেছে বাংলাদেশের অ্যাথলেটদের। সারা দিনে এসেছে একটি মাত্র পদক। মেয়েদের ৪০০ মিটার রিলে দলটি জিতেছে ব্রোঞ্জ। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শিরিন আক্তার, সোহাগী আক্তার, আয়েশা আক্তার ও সুমি আক্তার মিলে ব্রোঞ্জ জিতিয়েছেন বাংলাদেশকে। শ্যুটিংয়ের ৫০ মিটার প্রোনে ছেলে ও মেয়েদের দল হতাশা উপহার দিয়েছে। কাবাডিও শুরু করেছে হার দিয়ে। শুধু জয় পেয়েছে পুরুষ ফুটবল ও হ্যান্ডবল দল।
অ্যাথলেটিকস: মেয়েদের ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ দল সময় নিয়েছে ৩: ৫৩.২৭ সেকেন্ড। এই ইভেন্টে সোনা জিতেছে ভারত, ৩: ৩৫.৪৪ সেকেন্ডে। রুপাজয়ী শ্রীলঙ্কা দলের অ্যাথলেটরা দৌড়েছেন ৩: ৩৮.৮৯ সেকেন্ডে। ছেলেদের ২০০ মিটারে হিটেই বাদ বাংলাদেশের খান সাইফুল ইসলাম ও শরীফুল ইসলাম। মহিলাদের ২০০ মিটারে বাংলাদেশের জাকিয়া সুলতানা ২৫.৬৪ সেকেন্ড দৌড়ে পঞ্চম হয়েছেন।
শ্যুটিং: ৫০ মিটার রাইফেল প্রোনে ছেলেদের কেউই শ্যুট-অফে উঠতে পারেননি। বাছাইয়েই বাদ পড়েছেন রমজান আলী, ইউসুফ আলী ও গোলাম শফিউল শিপলু। এই ইভেন্টে দলগতভাবে পঞ্চম হয়েছে বাংলাদেশ। একই ইভেন্টে মেয়েদেরও ভরাডুবি হয়েছে। এককের বাছাইয়ে সপ্তম নাফিসা তাবাসসুম, ১১তম শারমিন শিল্পা, ১২তম আমিরা হামিদ। দলগতভাবে মেয়েরা হয়েছে চতুর্থ। আজ ১০ মিটার এয়ার রাইফেলের পদকের লড়াইয়ে নামবেন আবদুল্লাহ হেল বাকি।
কাবাডি: মাঠে খেলা নেই। শুধুই অনুশীলনের ওপর ভরসা করে ঢাকা ছাড়ার আগে খেলোয়াড়েরা বলেছিলেন রুপা জিতবেন। সেই আশায় শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ কাবাডি দল। পুরুষ দল ২৪-১৬ পয়েন্টে হেরেছে শ্রীলঙ্কার কাছে। মেয়েদের দলটিও শ্রীলঙ্কার কাছে হেরেছে ২৮-১৪ পয়েন্টে।
হ্যান্ডবল: বাংলাদেশের পুরুষ দল ৪২-২৬ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। মহিলা দল পাকিস্তানের বিপক্ষে জিতেছে ৩৮-২৪ পয়েন্টে।