সিদ্দিকুরের অলিম্পিক-রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাসরি অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়েছেন। সেই আনন্দটাই হাসি হয়ে ছড়িয়ে পড়ল সিদ্দিকুরের মুখে। কাল কুর্মিটোলা গলফ কোর্সের অনুশীলনে l প্রথম আলো
সরাসরি অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়েছেন। সেই আনন্দটাই হাসি হয়ে ছড়িয়ে পড়ল সিদ্দিকুরের মুখে। কাল কুর্মিটোলা গলফ কোর্সের অনুশীলনে l প্রথম আলো

ছিমছাম ছোট্ট ড্রয়িংরুম। বড় একটি শো-কেসে থরে থরে সাজানো ট্রফি। সবচেয়ে ওপরের তাকে জ্বলজ্বল করছে ক্যারিয়ারের প্রথম এশিয়ান ট্যুর ব্রুনেই ওপেনের স্মারক। আছে হিরো ইন্ডিয়ান ওপেনের ট্রফিও। আর আছে দেশি-বিদেশি পত্রিকায় তাঁকে নিয়ে ছাপা হওয়া বিভিন্ন প্রতিবেদনের বাঁধাই করা কাটিং। পাশের আরেকটি কাচের শো-কেসেও শোভা পাচ্ছে অনেক ট্রফি। দেয়ালে ঝোলানো বিভিন্ন সুভেনির। পুরো কক্ষটাই যেন ‘সিদ্দিকময়’!

প্রায় ১০ বছরের ক্যারিয়ারে এত অর্জন, তবু যেন মন ভরছিল না বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। একটা বড় সুযোগ চাই। সেটা হতে পারে মেজর কোনো টুর্নামেন্টে খেলে, হতে পারে অলিম্পিকে গিয়েও। দ্বিতীয় স্বপ্নটা দেখতে শুরু করেন ১১২ বছর পর অলিম্পিকে গলফ ফেরার দিন থেকেই। সেই স্বপ্নপূরণের আনুষ্ঠানিক ঘোষণা শুনলেন পরশু সন্ধ্যায়। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন সিদ্দিকুর। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩০৪ নম্বরে থাকা এই গলফার সুযোগটা পেয়েছেন অলিম্পিকের জন্য আলাদা র‌্যাঙ্কিং করায়।

খবরটা শোনার পর আনন্দে কেঁদেছেন সিদ্দিকুরের মা। কাল দুপুরে কুর্মিটোলা গলফ কোর্স থেকে অনুশীলন শেষে যখন ঢাকা সেনানিবাসের অদূরের ফ্ল্যাটে পৌঁছালেন ছেলে, তখনো অপেক্ষায় বাবা আফজাল হোসেন আর মা ফিরোজা বেগম। অলিম্পিক তাঁদের কাছে শুধুই একটা শব্দ হলেও এর বিশালতাটা বুঝতে অসুবিধা হয় না। সিদ্দিকুরকে মিষ্টিমুখ করানোর পর ফিরোজা বেগমের কণ্ঠ বাষ্পরুদ্ধ, ‘টিভিতেই প্রথম দেখি খবরটা। এরপর থেকে এত খুশি যে বলে বোঝাতে পারব না।’

মনে আনন্দের ময়ূর নাচছে সিদ্দিকুরেরও। কিন্তু মায়ের মতো তাঁরও অজানা, এই আনন্দ কীভাবে প্রকাশ করতে হয়, অনুশীলন শেষ করে কুর্মিটোলার সবুজ গলফ কোর্সে হয়ে উঠলেন রোমাঞ্চিত, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা শুনে শরীর শিউরে উঠেছিল আমার। জীবনে এত টুর্নামেন্ট জিতেছি, কিন্তু এই আনন্দের অনুভূতি অনেক বেশি।’

পরশু রাত থেকে অভিনন্দন পেতে পেতে অস্থির সিদ্দিকুর। পেয়েছেন ফুলেল শুভেচ্ছা। ফেসবুকের ভেরিফাইড ফ্যান পেজে তাঁর অনুসারীর সংখ্যা ৫৬ হাজারেরও বেশি। কিন্তু অলিম্পিক নিয়ে দেওয়া স্ট্যাটাসে লাইক পড়েছে ৮০ হাজারের ওপরে। সিদ্দিকুরের এই স্ট্যাটাস শেয়ার করেছেন চার শতাধিক ফেসবুক ব্যবহারকারী। এত মানুষকে আনন্দে ভাসাতে পেরে তাঁর চেহারায়ও ফুটে উঠল তৃপ্তির ছাপ, ‘খবরটা শুনে এত মানুষ সাড়া দিয়েছে...এত অভিনন্দন পাব, এটা একদমই ভাবিনি। এতে আরও বেশি অনুপ্রাণিত বোধ করছি।’

সিদ্দিকুরকে মায়ের আশীর্বাদ। পাশে বাবা আফজাল হোসেন  l প্রথম আলো
সিদ্দিকুরকে মায়ের আশীর্বাদ। পাশে বাবা আফজাল হোসেন l প্রথম আলো

অলিম্পিকের স্বপ্ন সত্যি হওয়ার দিকে এগোতে থাকে গত মে মাসে আফ্রো-এশিয়া ব্যাংক মরিশাস ওপেনে রানারআপ হওয়ার পর। ছয় বছর আগে ব্রুনেই ওপেন জেতার পরই বিশ্ব গলফে আলোচনায় আসেন সিদ্দিকুর। এরপর থেকে বাংলাদেশের পেশাদার গলফের পতাকাবাহকই হয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপে খেলেছেন, ইউরেশিয়া কাপে পিছিয়ে পড়েও এশিয়া সেবার ইউরোপের সঙ্গে টাই করেছিল সিদ্দিকুরের দারুণ পারফরম্যান্সের সুবাদে।

বিশ্ব গলফ র‌্যাঙ্কিং থেকে অলিম্পিকের জন্য বেছে নেওয়া হয়েছে ৬০ গলফারকে। এর মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ১৫ জন সুযোগ পাবেন সরাসরি। এই শ্রেণিতে একটি দেশ থেকে সর্বোচ্চ সুযোগ পাবেন চারজন। বাকিদের বেছে নেওয়ার ক্ষেত্রেও বিবেচনায় আসবে র‍্যাঙ্কিং। তবে এখানেও কোনো দেশ থেকেই সুযোগ পাবেন না দুজনের বেশি গলফার। পাঁচ মহাদেশের প্রতিটি থেকে যেন অন্তত একজন প্রতিনিধি থাকেন, নিশ্চিত করা হয়েছে সেটাও। র‌্যাঙ্কিংয়ে ৫৬তম অবস্থানে থাকা সিদ্দিকুর অবশ্য শুরু থেকেই আশাবাদী ছিলেন, ‘আমার গলফ ক্যারিয়ারের অভিজ্ঞতা বলছিল, আমি ছিটকে যাব না। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম।’

রিও ডি জেনিরোতে ১১-১৪ আগস্ট হবে অলিম্পিকের গলফ ইভেন্ট। ব্রাজিল অলিম্পিকে যাওয়ার আগে সিদ্দিকুর প্রস্তুতির জন্য হাতে সময় পাচ্ছেন এক মাসেরও কম। ২৪ জুলাই থাইল্যান্ডে যাবেন প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কিংস কাপ খেলতে। এরপর ১ আগস্ট দেশে ফিরে পরদিনই ধরবেন ব্রাজিলের ফ্লাইট। প্রস্তুতি নিয়ে খুব বেশি ভাবছেন না সিদ্দিকুর, ‘এখনো অলিম্পিকের গলফ কোর্সের লে-আউট দেখিনি। আজ (কাল) রাতে ওটা দেখব। সেই অনুযায়ী অনুশীলন করব। সেখানে যাঁরা খেলবেন, তাঁদের অনেকের সঙ্গেই খেলেছি। তাই স্নায়ুচাপে ভুগছি না। শুধু খেলাটা উপভোগ করতে চাই।’

এশিয়ান বা ইউরোপিয়ান ট্যুরে ডলারের ঝনঝনানি থাকে। কিন্তু অলিম্পিকে নেই কোনো প্রাইজমানি। জলপাই পাতার মুকুট থেকে শুরু করে অলিম্পিক সাফল্যের স্মারক এখন পর্যন্ত একটা মেডেলই। কিন্তু ক্রীড়াবিদ মাত্রই জানেন, এই মেডেলের মর্যাদা অর্থের সঙ্গে তুলনীয় নয়। সিদ্দিকুরের মনেও তাই এখন অন্য রোমাঞ্চ, ‘অলিম্পিকে দেশের পতাকা বহন করা সবকিছুর ঊর্ধ্বে। এখানে যে সম্মান এটাই যেকোনো অ্যাথলেটের সারা জীবনের বড় অর্জন।’