সিরাজুলের ট্যুর ডি বাংলাদেশ জয়

ছোট বেলায় বাবা সিদ্দিকুর রহমানের কাছে একটা সাইকেল কেনার বায়না করেছিলেন। কিন্তু দিনমজুর বাবা ওই সময় বলেছিলেন, ‘তোমাকে আমি কীভাবে সাইকেল কিনে দেব? আমাকে বেচলেও তো দশ হাজার টাকা হবে না।’ যশোরের অভয়নগরে এখনো ট্রাক থেকে সারের বস্তা নামিয়ে সংসার চালাতে হয় সিদ্দিকুর রহমানকে। সংসারের টানাটানি অবস্থা হয়তো কিছুটা হলেও ঘোচাতে পারবেন জাতীয় সাইক্লিস্ট সিরাজুল ইসলাম। আজ সকালে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছেন বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ২৮ বছর বয়সী যুবক। চ্যাম্পিয়নের প্রাইজমানি হিসেবে পাচ্ছেন তিন লাখ টাকা ও ট্রফি।
বাগেরহাট, গোপালগঞ্জের পর ফরচুন ট্যুর ডি বাংলাদেশের শেষ আয়োজন ছিল ঢাকার হাতিরঝিলে। শীতের সকালে এই রেস দেখতে হাতিরঝিলের রাস্তার দুই ধারে ছিল উৎসুক মানুষের ভিড়। বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতায় ঢাকাতেও সাড়া মিলেছে প্রচুর।
হাতিরঝিলকে কেন্দ্র করেই চলেছে প্রতিযোগিতা। গুলশান, রামপুরা, মগবাজারের পাশ ঘেঁষে সাত চক্কর দেওয়ার পর ৫৬ কিলোমিটারের রেসটি শেষ হয় হাতিরঝিলে এসেই। সেখানেই তিনটি প্রতিযোগিতার সর্বোচ্চ পয়েন্ট পাওয়া সিরাজুল হয়েছেন চ্যাম্পিয়ন। রানারআপ হয়েছেন তাঁর বিজিবির সতীর্থ রিপন কুমার বিশ্বাস। তৃতীয় সেনাবাহিনীর আলমগীর হোসেন।
বাগেরহাট, গোপালগঞ্জ ও ঢাকা-তিনটি জেলার সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হয়েছে চ্যাম্পিয়ন। সেই হিসেবে ৪৫ পয়েন্ট পেয়েছেন সিরাজুল। আজ সকালে হাতিরঝিলে চ্যাম্পিয়ন ট্রফি হাতে উচ্ছ্বসিত সিরাজুল বলছিলেন, ‘যখন শুরু হয় রেস তখন একটু আশায় ছিলাম হয়তো অনেক দূর যেতে পারব। কিন্তু আমি যে চ্যাম্পিয়ন হব তা মোটেও ভাবিনি।’ সতীর্থ রিপন কুমারই তাকে ঢাকায় সাইক্লিংয়ের সুযোগ করে দেন। তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কৃতজ্ঞতা জানালেন পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডকেও, ‘আমাদের দেশে এমন আয়োজন যদি নিয়মিত হয় তাহলে অনেক সাইক্লিস্ট বেরিয়ে আসবে।’
অভয়নগরে নিয়মিত সাইকেলের রেসে অংশ নিতেন সিরাজুল। ঢাকায় প্রথম জাতীয় সাইক্লিংয়ে অংশ নেন ২০০৮ সালে। সেবার প্রথম আসরেই দুটি ইভেন্টে সোনা (১৫০০ কিলোমিটার ও এলিমিনেশন রেসে) জিতে সবাইকে চমকে দেন। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ওই সময় রিপন কুমারই বিজিবির হয়ে খেলার সুযোগ করে দেন সিরাজুলকে। সর্বশেষ এসএ গেমসেও ভারতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের হয়ে। এ পর্যন্ত পাঁচবার সাইক্লিংয়ের জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাতটি সোনা, দশটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছেন। এর মধ্যে রয়েছে একটি জাতীয় রেকর্ডও।
টেলিভিশনে নিয়মিতই ট্যুর ডি ফ্রান্সের সাইক্লিং রেস দেখেন সিরাজুল। বাংলাদেশেও তাই এই আদলের প্রতিযোগিতা নিয়মিত দেখতে চান। দেশে কোনো ভেলোড্রাম নেই বলে আক্ষেপই করলেন সিরাজুল। তবে এই পিচের রাস্তায় সাইক্লিং করেই এগিয়ে নিয়ে যেতে চান দেশকে। একদিন অলিম্পিকে ওড়াতে চান বাংলাদেশের লাল সবুজের পতাকা।