সুপার গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ফাহাদের চমক
এর আগেও একবার সুপার গ্র্যান্ডমাস্টার অনীশ গিরির মুখোমুখি হয়েছিলেন ফাহাদ রহমান। গত বছর রাশিয়া বিশ্বকাপে দুই রাউন্ডে দুবারই হেরেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার। কিন্তু সেবার হল্যান্ডের সুপার গ্র্যান্ডমাস্টার খেলা শেষের সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ক্যারিয়ারে অনেক কঠিন প্রতিপক্ষ পেয়েছি। কিন্তু ফাহাদের মতো এমন প্রতিপক্ষ খুব কমই দেখেছি। বাংলাদেশ দাবা ফেডারেশন যদি এই দাবাড়ুকে সঠিক পরিচর্যা করে তাহলে সে অনেক দূর যেতে পারবে।’
অনীশ গিরিকে আবারও প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ফাহাদ। ২৭৬৪ রেটিংপ্রাপ্ত এই সুপার গ্র্যান্ডমাস্টারকে সামনে পেয়ে এবার আর হতাশ হতে হয়নি। আজ এক সময়কার সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়া অনীশকে হারিয়ে দিয়েছেন আন্তর্জাতিক বুলেট দাবা টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের নিয়ম অনুসারে এক মিনিটে প্রত্যেক দাবাড়ুকে খেলতে হয় একটি করে ম্যাচ। জয়ের জন্য দুই পয়েন্ট, ড্রয়ের জন্য এক পয়েন্ট পেয়ে থাকেন ওই দাবাড়ু।
কাতার দাবা ফেডারেশনের আয়োজনে অনলাইনের এই টুর্নামেন্টে বাছাইয়ের দ্বিতীয় পর্বে অনীশ গিরিকে হারিয়েছেন ফাহাদ। এই পর্বে কালো চাল নিয়ে খেলেন ফাহাদ, ৫৭ চালে গিয়ে জেতেন। দ্বিতীয় পর্বে ৪৯ খেলায় ৭৮ পয়েন্ট নিয়ে ২৬০৬ জন দাবাড়ুর মধ্যে ৮২তম হয়েছেন ফাহাদ। এরপর তৃতীয় পর্বে ফাহাদ ৫৪ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে ৫০৪১ জনের মধ্যে হয়েছেন ১০৭তম।
অনীশ গিরিকে হারিয়ে উচ্ছ্বসিত ফাহাদ প্রথম আলোকে বলেন, ‘আমি এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তা ছাড়া কালো ঘুঁটি নিয়ে খেলায় একটু বাড়তি সুবিধাও পেয়েছি। সুপার গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বেশ ভালো লাগছে। আর এমন বুলেট টুর্নামেন্ট আমার জন্য প্রথম। সব মিলিয়ে ভালো খেলেছি।’
গত কয়েক বছর ধরেই গ্র্যান্ডমাস্টারদের নিয়মিত হারিয়ে দিচ্ছেন ফাহাদ। গত ১৬ আগস্ট শেষ হওয়া অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডেও ফাহাদ হারিয়ে দেন দুই গ্র্যান্ডমাস্টার জার্মানির লুইস অ্যাঞ্জেল ও অস্ট্রেলিয়ার তিমুর কুইবোকারভকে। তবে এ বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের মেয়র কাপে হারিয়েছিলেন ভারতীয় সুপার গ্র্যান্ডমাস্টার পৌরাণিক অভিমন্যুকে।